পরিত্যক্ত ভবনের পলেস্তারা খসে পড়ল শ্রেণীকক্ষে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জয়পুরহাটের আক্কেলপুর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পরিত্যক্ত ভবনে গতকাল সোমবার ক্লাস চলাকালীন ছাদের পলেস্তারা খসে পড়েছে। এতে কেউ আহত না হলেও শিক্ষক-শিক্ষার্থীদের মধ্যে আতঙ্ক দেখা দেয়। এ ঘটনায় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ওই ভবনে পাঠদান বন্ধের নির্দেশ দিয়েছেন। দ্বিতীয় শ্রেণীর শিক্ষার্থীরা জানায়, গতকাল ওই শ্রেণীকক্ষে পাঠদান চলছিল। হঠাৎ তাদের বেঞ্চের ওপর ছাদের বিমের পলেস্তারা খসে পড়ে। এ সময় ভবনধসের আতঙ্কে সবাই বাইরে চলে আসে। বিদ্যালয় সূত্র জানায়, ২০০৭ সালে তৎকালীন উপজেলা প্রকৌশলী গোলাম আযম পরিদর্শনে এসে ভবনটি ঝুঁকিপূর্ণ ঘোষণা করেন। ২০০৮-০৯ অর্থবছরে স্থানীয় সরকার ও প্রকৌশল অধিদপ্তর বিদ্যালয়ে চারকক্ষবিশিষ্ট নতুন একটি ভবন নির্মাণ করে। পুরোনো ভবনটির প্রতিটি কক্ষে ফাটল ও ছাদের পলেস্তারা খসে পড়ায় বিদ্যালয় কর্তৃপক্ষ সেটি পরিত্যক্ত ঘোষণা করে। প্রধান শিক্ষক সালজার রহমান জানান, উপজেলা প্রকৌশলী বিদ্যালয়ের পুরোনো ভবনটি ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করেছিলেন। এরপর ভবনটি পরিত্যক্ত ঘোষণা করা হয়। কক্ষসংকটের কারণে বাধ্য হয়েই পরিত্যক্ত ভবনে পাঠদানের ব্যবস্থা করা হয়েছে।ইউএনও সাখাওয়াত হোসেন বলেন, ভবনটি অনেক আগেই পরিত্যক্ত ঘোষণা করা হয়েছিল। ঝুঁকি নিয়ে শিক্ষকেরা ওই ভবনেই পাঠদান চালিয়ে আসছিলেন।