পরিত্যক্ত ভবনের বারান্দায় পাঠদান!
ছয় মাস আগে পরিত্যক্ত ঘোষণা করা হলেও নতুন ভবন নির্মাণের উদ্যোগ নেওয়া হয়নি নোয়াখালী সদর উপজেলার নোয়ান্নই ইউনিয়নের সালেহ্পুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের। তাই পরিত্যক্ত ঘোষিত পুরোনো টিনশেড ভবনের বারান্দায় পাঠদান চলছে শিশুদের।
সরেজমিনে দেখা যায়, টিনশেড একটি ভবনের সামনের বারান্দায় চলছে একাধিক শ্রেণীর পাঠদান কার্যক্রম। ভবনের পিলারগুলোর ইট-সুরকির ঢালাই খসে পড়ে ভেতরের রড দেখা যাচ্ছে। কয়েকটি পিলার সংস্কারের পরও ফাটল ধরেছে। ভেতরের ফাঁকা কক্ষগুলোর দেয়ালের অনেক স্থানে পলেস্তারা খসে পড়ছে। ওপরের সিলিং ও টিনের চালাও জরাজীর্ণ।
স্থানীয় ব্যক্তিদের সঙ্গে কথা বলে জানা গেছে, প্রায় ৫০ বছর আগে এই আধাপাকা টিনশেড ভবনটি নির্মাণ করা হয়েছিল। ১৯৯৭ সালে আরেকটি ভবন করা হলেও কক্ষ মাত্র তিনটি। একটিতে শিক্ষকদের অফিস কক্ষ হওয়ায় বাকি দুটি কক্ষ পাঠদানের জন্য। এতে শিক্ষার্থীদের জায়গা না হওয়ায় বাধ্য হয়ে পাঠদান করানো হতো পুরোনো টিনশেড ভবনে।
সূত্র জানায়, পুরোনো ভবনটি একাধিকবার সংস্কার করা হলেও এখন অবস্থা একেবারেই নাজুক। একে একে চারপাশের দেয়ালের পলেস্তারা খসে পড়ায় এবং টিনের চালা ও সিলিং ভেঙে পড়ার কারণে ভবনটি ব্যবহার-অনুপযোগী হয়ে পড়ে। উদ্ভূত পরিস্থিতিতে প্রায় ছয় মাস আগে উপজেলা শিক্ষা কর্মকর্তার কার্যালয় থেকে লোকজন এসে বিদ্যালয় ভবনটি পরিত্যক্ত ঘোষণা করেন।
সালেহ্পুর গ্রামের বাসিন্দা আবদুর রহিম প্রথম আলোকে বলেন, ‘বিদ্যালয় ভবনটি দীর্ঘদিন ধরে জরাজীর্ণ অবস্থায় পড়ে আছে। শুনেছি পরিত্যক্তও ঘোষণা করা হয়েছে সরকারিভাবে। কিন্তু নতুন ভবন নির্মাণের কোনো উদ্যোগ আদৌ নেওয়া হয়নি। এই অবস্থায় সন্তানদের বিদ্যালয়ে পাঠিয়ে আমরা নিজেরাও আতঙ্কের মধ্যে থাকি।’
প্রধান শিক্ষক তাজকেরাতুল আবেদা ও বিদ্যালয় ব্যবস্থাপনা কমিটির সভাপতি সিরাজ উল্লা বলেন, শ্রেণীকক্ষ না থাকায় বাধ্য হয়ে পরিত্যক্ত আধাপাকা ভবনের বারান্দায় পাঠদান করা হচ্ছে। নতুন ভবন নির্মাণের প্রয়োজনীয়তার কথা একাধিকবার ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে। কিন্তু অদ্যাবধি কাজ হয়নি। এই অবস্থায় পাঠদানের সময় শিক্ষার্থীদের পাশাপাশি শিক্ষকেরাও ঝুঁকির মধ্যে থাকেন।
বিদ্যালয় ভবনটি পরিত্যক্ত ঘোষণার কথা নিশ্চিত করেন উপজেলা শিক্ষা কর্মকর্তা কেশব চন্দ্র মজুমদার। তিনি বলেন, নতুন ভবন নির্মাণের প্রয়োজনীয়তার বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করা হয়েছে। তবে, চলতি অর্থবছরে নতুন ভবন নির্মাণের সম্ভাবনা কম।