মেহেরপুরের কাঁঠালপোতা সরকারি প্রাথমিক বিদ্যালয়
পরিত্যক্ত ভবনের বারান্দায় পাঠদান, মাঠে নির্মাণসামগ্রী

ভবন পরিত্যক্ত ঘোষণা করা হয়েছে অনেক আগেই। এখন কোমলমতি শিক্ষার্থীদের পাঠদান চলছে বারান্দায়। ওদিকে স্কুলের সামনের মাঠ দখল করে আছে সেতু নির্মাণের সামগ্রী। এই দুই সমস্যায় অতিষ্ঠ মেহেরপুর সদর উপজেলার কাঁঠালপোতা সরকারি প্রাথমিক বিদ্যালয়।
‘আমাদের কোনো ক্লাসরুম (শ্রেণিকক্ষ) নেই। তাই বারান্দার মেঝেতে বসেই সব সময় পড়াশোনা করতে হয়। মাঝেমধ্যে ওপরের ছাদ থেকে পলেস্তারা খসে পড়ে মাথার ওপর’, বলছিল বিদ্যালয়টির তৃতীয় শ্রেণির ছাত্রী স্বর্ণালী খাতুন। তার মতো ৭৬ জন শিক্ষার্থীকে ঝুঁকিপূর্ণ ভবনটির বারান্দায় বসে এখন ক্লাস করতে হয়। এর মধ্যে প্রথম শ্রেণির ২৭ ও তৃতীয় শ্রেণির ৩৯ জন।
সম্প্রতি সরেজমিনে দেখা যায়, পরিত্যক্ত একটি ভবনের চারটি কক্ষের একটি পুরোনো এবং দুই কক্ষের একটি নতুন ভবন নিয়ে কাঁঠালপোতা সরকারি প্রাথমিক বিদ্যালয়। পুরোনো ভবনের একটি কক্ষকে স্কুলের কার্যালয় হিসেবে ব্যবহার করা হচ্ছে। অন্য তিনটিতে রাখা হয়েছে স্কুলের অব্যবহৃত মালামাল। প্রতিটি কক্ষেরই বেহাল অবস্থা। দেয়ালের অনেক স্থানে পলেস্তারা খসে পড়েছে। পলেস্তারা খসে ছাদেরও রড বেরিয়ে এসেছে। ভবনের পিলারগুলোর ইট-সুরকির ঢালাই খসে পড়ে ভেতরের রড বেরিয়ে আছে। কয়েকটি পিলারে ফাটল ধরেছে। এর মধ্যেই কোমলমতি শিক্ষার্থীদের ভবনটির বারান্দায় পাঠদান করা হচ্ছিল।
পাঠদান করছিলেন শিক্ষক নুরুননাহার নাজমা। তিনি প্রথম আলোকে বলেন, মেঝেতে পাঠদানের কারণে শিক্ষার্থীদের মনোযোগ হারিয়ে যায়। তারা পড়াশোনায় মন না দিয়ে বাইরের দিকে তাকিয়ে থাকে।
বিদ্যালয় সূত্র জানায়, পুরোনো ভবনটি প্রায় ৪২ বছর আগে তৈরি করা হয়। কয়েকবার সংস্কার করে এত দিন কোনোমতে কাজ চলেছে। কিন্তু অবস্থা একেবারেই নাজুক হয়ে যাওয়ায় ২০১৩ সালে উপজেলা শিক্ষা কর্মকর্তার কার্যালয় থেকে লোকজন এসে ভবনটি পরিত্যক্ত ঘোষণা করেন।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. হাবিবুল্লাহ বলেন, ২০০৭ সালে বিদ্যালয়ে আরেকটি ভবন করা হলেও তাতে কক্ষ আছে মাত্র দুটি। ফলে সেখানে সব শ্রেণির পাঠদান সম্ভব হয় না। বাধ্য হয়ে দুটি শ্রেণির ক্লাস পরিত্যক্ত ভবনের বারান্দায় নিতে হচ্ছে।
সরেজমিনে আরও দেখা যায়, বিদ্যালয়টির সামনে একটি সেতু নির্মাণের কাজ চলছে। সেতু তৈরির মালামাল বিদ্যালয়ের সামনের মাঠজুড়ে রাখা হয়েছে। ফলে এখন বিদ্যালয়টির ভেতরে ছেলেমেয়েদের খেলাধুলার জন্য কোনো জায়গা নেই।
এ বিষয়ে বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি আবদুল আজিজ বিশ্বাস বলেন, মাঠটি স্কুলের নয়, হাটের মাঠ। ফলে তাঁদের করার তেমন কিছুই নেই। আর বিদ্যালয়ের জন্য নতুন ভবন নির্মাণের প্রয়োজনীয়তার কথা একাধিকবার ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে। কিন্তু আজ পর্যন্ত কোনো ব্যবস্থা নেওয়া হয়নি।
জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা জেসের আলী প্রথম আলোকে বলেন, জেলার বেশ কয়েকটি বিদ্যালয়ের জন্য নতুন ভবন নির্মাণ করা জরুরি হয়ে পড়েছে। এ জন্য একটি প্রকল্প হাতে নেওয়া হচ্ছে। ওই প্রকল্পের আওতায় কাঁঠালপোতা সরকারি প্রাথমিক বিদ্যালয়কে রাখা হবে।