পরিত্যক্ত ভিটায় চলে পাঠ, বর্ষায় কী হবে?
জামালপুরের সরিষাবাড়ীর কবুলীবাড়ী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিশুদের গত সাত মাসেরও বেশি সময় ধরে খোলা আকাশের নিচে পাঠদান করা হচ্ছে। এতে তাদের পড়াশোনা যেমন বিঘ্নিত হচ্ছে, তেমনি পেয়ে বসেছে বিষণ্নতায়। যমুনা নদীতে বিদ্যালয়ের ভবন ও ভিটামাটি বিলীন হওয়ায় এ অবস্থার সৃষ্টি হয়েছে। শিক্ষকেরা অসহায়ত্ব প্রকাশ করে বলেছেন, বর্ষাকালে পরিস্থিতি কী দাঁড়াবে?
১৬ মার্চ সরেজমিনে দেখা যায়, ইউনিয়নের কবুলীবাড়ী গ্রামের দানেশ আলীর পরিত্যক্ত বসতভিটায় খোলা আকাশের নিচে দুই শতাধিক শিক্ষার্থীকে পাঠদান করা হচ্ছে। এ সময় দ্বিতীয় শ্রেণীর আরজিনা বলে, ‘গর (ঘর) ছাড়া পরতে বালা লাগে না। বাইরে বসন লাগে। এই স্কুলে আর পরমু না।’ তৃতীয় শ্রেণীর তুষার মিয়া ও হালিম বলে, মাটিতে বসে পড়তে গিয়ে প্রতিদিন তাদের জামা-কাপড় ময়লা হয়ে যায়।
অভিভাবক বাছেদ মিয়া বলেন, ‘ঘর ও বসার জায়গা না থাকায় ছেলে স্কুলে যাইতে চায় না। প্রতিদিনই টাকা-পয়সা দিয়া, এইটা-ওইটা বুঝাইয়া ওরে স্কুলে পাঠাইতে হয়।’
উপজেলা প্রাথমিক শিক্ষা কার্যালয় ও বিদ্যালয়ের শিক্ষক সূত্র জানায়, উপজেলার পিংনা ইউনিয়নের এ বিদ্যালয়টির একটি পাকা ভবন গত বছরের ২৩ জুলাই যমুনা নদীর পূর্ব তীরের ভাঙনে বিলীন হয়ে যায়। ভাঙনের আশঙ্কায় ২৫ জুলাই আরেকটি পাকা ভবন তৎকালীন উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা নিলামে বিক্রি করে দেন। ৮ আগস্ট বিদ্যালয়ের ভিটামাটিটুকুও নদীগর্ভে বিলীন হয়ে যায়।
সহকারী শিক্ষক আন্জুমান সুলতানা বলেন, ‘ভবন ও ভিটামাটি—সবই নদীতে চলে যাওয়ায় একটি খালি ভিটায় খোলা আকাশের নিচে বসিয়ে শিশুদের পড়াতে হচ্ছে। এতে ওদের পড়ালেখা যেমন বিঘ্নিত হচ্ছে, তেমনি মনও খারাপ থাকছে। এ অবস্থায় বাচ্চাদের ধরে রাখা কঠিন হয়ে পড়েছে।’
পরিচালনা পর্ষদের সভাপতি শাহজাহান আলী বলেন, ‘শিক্ষা কার্যালয়ে কয়েক দফায় আবেদন করেও শিশুদের জন্য ঘরের ব্যবস্থা করা যায়নি। বর্ষা আসছে। বুঝতে পারছি না কী হবে।’
ভারপ্রাপ্ত উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আবদুল হালিম জানান, বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে।