টানা বর্ষণে গতকাল বুধবার রাজধানীর অধিকাংশ এলাকায় জলাবদ্ধতা তৈরি হয়। গত মঙ্গলবার প্রথম আলো অনলাইনে পাঠকদের কাছে নিজ এলাকার অবস্থা জানতে চাওয়া হয়। পাঠকদের প্রতিক্রিয়ায় উঠে এসেছে বিড়ম্বনা, ক্ষোভ, পরামর্শ, প্রত্যাশার চিত্র:
এটা খুবই ভয়াবহ ও যন্ত্রণার! সকাল সাড়ে আটটা থেকে মগবাজারের নয়াটোলা এলাকা জলমগ্ন। রাজধানী শহরের যদি এই অবস্থা হয়, তবে মানুষ এখানে কীভাবে বাস করবে? দশক ধরে চলা সমস্যার যদি সমাধান না হয়, তবে উচ্চ অর্থনৈতিক প্রবৃদ্ধিতে কী লাভ?
—এনামুল হাফিজ লতিফ, নয়াটোলা।
মিরপুর-১; আনসার ক্যাম্পের বিপরীতে, আহমেদনগর এলাকা থেকে প্রতিদিন হাজার হাজার মানুষের অফিসে যাতায়াতের দুরবস্থা। এ থেকে পরিত্রাণের কোনো উপায় আছে কি?
—মো. আরিফুল ইসলাম মিরপুর-১।
আজ ৪ ফুট পানির নিচে ডুবে গেল আমাদের পূর্ব জুরাইন। আর স্থায়ী জলাবদ্ধতা তো এক বছর ধরে। জনজীবন স্থবির হয়ে পড়েছে। প্রতিটি বাড়ির নিচতলায়, প্রতিটি রুমে পানি
—ওসমান সজীব, পূর্ব জুরাইন।
থাকি দক্ষিণ বনশ্রী এলাকায়। আমার অফিস গুলশান-২-এ। প্রতিদিন মোটরসাইকেলে করেই যাওয়া-আসা করি। রামপুরা ব্রিজ থেকে বনশ্রীতে ঢোকার রাস্তা আজকে এক বছর যাবৎ পুরোপুরি চলার অনুপযোগী হয়ে আছে। তারপর ডেমরা রোডের সঙ্গে লিংক হওয়াতে, অতিরিক্ত যানবাহনের কারণে প্রতিদিনই দুর্ঘটনা ঘটছে। আর এখন জলাবদ্ধতার কারণে কীভাবে যে আমরা চলাফেরা করছি, সেটা শুধু আমরাই জানি। আজকে অফিসে আসার সময়ও দেখালাম দুটি মোটরসাকেল গর্তে পড়ে গিয়ে নাজেহাল অবস্থা। কেউ দেখার নাই। কর্তব্যরত ট্রাফিক পুলিশরা এর জ্বলন্ত সাক্ষী। এর কি কোনো সমাধান হবে? হবে না, এটাই মেনে নিয়েছি। জলাবদ্ধতায় প্রতিদিনই ঘর থেকে বের হওয়ার আগে আল্লাহর নাম নিয়ে বের হচ্ছি। আর ভাবি, এই বুঝি গর্তে পড়লাম...
—মোহাম্মদ রুহুল আমিন কমল, দক্ষিণ বনশ্রী।
নতুন করে তো বলার কিছু নাই। কিন্তু না বলেও উপায় নাই। ঘরে পানি, গলির রাস্তায় পানি, সেটা পার হতে হয় রিকশায়। রিকশা চলবে পানির মধ্য দিয়ে, রিকশা থেকে নেমে বাসে ওঠার রাস্তায় পানি, অবস্থা এখন এমন হইসে যে, নিজেকে জলজ প্রাণী মনে হয়। বাজার, স্কুল-কলেজ, অফিস পারলে সব বন্ধ করে দিত মানুষ। কিন্তু সবাই বাধ্য। শুধু এই বর্ষা আর জলাবদ্ধতাই অবাধ্য
—সালাহ উদ্দিন সাইফ, খিলক্ষেত।
আমি মতিঝিলের আরামবাগে থাকি। আমার অফিস হলো মতিঝিল সিটি সেন্টারের সামনে। এত পানি হয় যে মনে হয় আমি কক্সবাজারে চলে এসেছি
—কামরুজ জামান, মতিঝিল।
এ নতুন কিছু না আমাদের জন্য। আমাদের মগবাজারের কিছু এলাকায় এমনিতেই অল্প বৃষ্টিতে এমন পানি ওঠে, এইবার শুধু পুরো এলাকায় উঠেছে—এটাই পার্থক্য। কর্তৃপক্ষ কিছুদিন পর পর রাস্তা খুঁড়ে পাইপ বসায়, ড্রেনেজ সিস্টেমের কোনো উন্নতিই নেই
—রেহনুমা তারাননুম, মগবাজার।
আমাদের এলাকা মোহাম্মদপুরের নবোদয় হাউজিং ও সংলগ্ন এলাকা। একটু বৃষ্টি হলেই কোমর পর্যন্ত পানি জমে যায়। এ অবস্থার কারণ রামচন্দ্রপুর খাল নামে যে নালা অবশিষ্ট আছে, তা উপচে আশপাশের রাস্তা, দোকানপাট ও বাসাবাড়িতে পানি ঢুকে পড়ে। ...দেখার কেউ নাই। এটা এখন নিত্য যন্ত্রণা এলাকাবাসীর
—ইকবাল হোসেন, নবোদয় হাউজিং, মোহাম্মদপুর।
আমি মূলত বলছি ঢাকা শহরের প্রাচীনতম বিপণিবিতান ধানমন্ডি হকার্স মার্কেট ও এর আশপাশের কথা। এর পাশেই ঢাকা নিউমার্কেট, নিউ সুপার মার্কেট, চন্দ্রিমা, গাউছিয়া, চাঁদনীচক—বলতে গেলে ঢাকার ঐতিহ্যবাহী বিপণিবিতানগুলোই এই এলাকায়। এখানকার সব বিপণিবিতানই এখন পানির নিচে। প্রতিটি বিপণিবিতানের ভেতরে চাইলে আপনি নৌকায় চড়ে ভেনিসের মতো শপিংয়ের আনন্দ পাবেন। তবে এখানকার ব্যবসায়ীদের কপালে হাত
—ওয়াসিম ফারুক, মিরপুর রোড।
আমার এলাকার পরিস্থিতি একেবারেই নিয়ন্ত্রণের বাইরে। আমার এলাকায় গত তিন দিন থেকে বৃষ্টি হচ্ছে, কিন্তু আজকের পরিস্থিতি খুব বাজে। সকাল থেকে মুষলধারে বৃষ্টি হচ্ছে। পায়ে হেঁটে খুব বাজে পরিস্থিতির মধ্য দিয়ে ক্যাম্পাসে আসতে হয়েছে। এটা আমার জন্য খুব খারাপ এক অভিজ্ঞতা
—সুরজিৎ চৌধুরী, ইউনিভার্সিটি অব এশিয়া প্যাসিফিক।
সামান্য বৃষ্টি হলেই শান্তিনগরের রাস্তাঘাট ডুবে যায়। জলাবদ্ধতাকে কেন্দ্র করে সৃষ্টি হয় ব্যাপক যানজট, যেন এমনটি স্বাভাবিক হয়ে দাঁড়িয়েছে। ...আমি মনে করি, যেকোনো মূল্যে জলাবদ্ধতা নিরসনে কার্যকর পদক্ষেপ নিশ্চিত করা জরুরি। সমন্বয়হীনতা, অপরিকল্পিত নগরায়ণ, অদূরদর্শী পদক্ষেপের কারণেই জলাবদ্ধতার সৃষ্টি হচ্ছে
—অমিত বণিক, সূত্রাপুর।
একটু বৃষ্টিতেই এখানে রাস্তায় পানি জমে যায়। এমনকি বাড়ির ভেতরে পানি ঢুকে পানির মোটর নষ্ট হয়ে যাওয়ার ঘটনাও ঘটেছে একাধিকবার। আজকের ভারী বর্ষণে অবস্থা আরও খারাপ। খুব অল্প সময়ের মধ্যে আজ রাস্তায় পানি জমে গেছে। আমাদের বিল্ডিংয়ের কেউ অফিসের জন্য বের হবেন তা-ও পারছেন না
—মোহাম্মদ আকিফ হোসেন, নাজিম উদ্দিন রোড, চানখাঁর পুল।
আমি থাকি ফার্মগেটের পশ্চিম তেজতুরী বাজারে। একটু বৃষ্টিতেই এখানে রাস্তায় পানি জমে যায়। এমনকি বাড়ির ভেতরে পানি ঢুকে পানির মোটর নষ্ট হয়ে যাওয়ার ঘটনাও ঘটেছে একাধিকবার। ...বাড়ির সামনে কোমর পর্যন্ত পানি এই মুহূর্তে। এভাবে কি চলে? মেজাজ প্রচণ্ড খারাপ
—শাহনাজ বেগম, পশ্চিম তেজতুরী বাজার, ফার্মগেট।
সামান্য বৃষ্টি হলেই হাঁটুর ওপরে পানি। আর একটু বেশি হলে কোমর সমান! উন্নয়নের জোয়ারে ভেসে যাচ্ছি। এটা ঠিক যে নগরীর এই সমস্যা এক দিনে তৈরি হয়নি। কিন্তু সমাধানের কোনো লক্ষণও দৃশ্যমান নয়। ঢাকার মধ্য বাড্ডার চিত্র এমনই
—আলমগীর কবির, মধ্য বাড্ডা।
জলাবদ্ধতার জন্য আমরা প্রত্যেকেই কম-বেশি দায়ী। শুধু একতরফা সরকারকে দায়ী করে লাভ নাই
—মোরসালিন চৌধুরী, পশ্চিম কাজীপাড়া।
হাজার হাজার কোটি কোটি টাকা থাকা সত্ত্বেও কেন জলাবদ্ধতা সৃষ্টি হবে? নিশ্চয় সঠিক পরিকল্পনার অভাব আর দুর্নীতি ব্যাপক। এই দুইটা মিলেই আজ আমাদের জলাবদ্ধতার করুণ দশা
—শাহিন ইসলাম, মালিবাগ।