পরিদর্শককে ক্ষমতা দিয়ে জারি করা আদেশ স্থগিত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পেশাদার চালকদের লাইসেন্স নবায়নের ক্ষেত্রে যোগ্যতা যাচাই বোর্ডের (ডিসিটিবি) পরিবর্তে মোটরযান পরিদর্শককে নবায়নের ক্ষমতা দিয়ে জারি করা আদেশের কার্যকারিতা স্থগিত করেছেন হাইকোর্ট। গত ৩১ ডিসেম্বর বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ) আদেশটি জারি করে।

এর বৈধতা চ্যালেঞ্জ করে করা এক রিট আবেদনের শুনানি নিয়ে গতকাল বুধবার বিচারপতি সালমা মাসুদ চৌধুরী ও বিচারপতি মো. হাবিবুল গনির সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ রুলসহ এ আদেশ দেন।

রুলে ৩১ ডিসেম্বরের ওই আদেশটি কেন বেআইনি ঘোষণা করা হবে না, তা জানতে চাওয়া হয়েছে। স্বরাষ্ট্রসচিব, যোগাযোগসচিব, বিআরটিএর চেয়ারম্যান, পরিচালক (প্রকৌশল), হাইওয়ে পুলিশের উপমহাপরিদর্শক, ঢাকা মহানগর পুলিশের সহকারী কমিশনারসহ (ট্রাফিক) আট বিবাদীকে দুই সপ্তাহের মধ্যে রুলের জবাব দিতে বলা হয়েছে।

আদালতে রিটের পক্ষে শুনানি করেন আইনজীবী মনজিল মোরসেদ। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল মোখলেছুর রহমান।

আইনজীবী মনজিল মোরসেদ পরে প্রথম আলোকে বলেন, স্থগিতাদেশের ফলে এখন লাইসেন্স নবায়নের ক্ষেত্রে মোটরযান অধ্যাদেশের বিধান অনুসারে ডিসিটিবির মাধ্যমে লাইসেন্স নবায়ন করতে হবে। এতে যোগ্যতাসম্পন্ন চালকেরাই লাইসেন্স পাবেন।

৩১ ডিসেম্বর বিআরটিএর পরিচালক (প্রকৌশল) মো. সাইফুল ইসলাম স্বাক্ষরিত আদেশে বলা হয়, মোটরযান অধ্যাদেশে ১৯৮৩-এর ১২(২) বিধান অনুসারে পেশাদার ড্রাইভিং লাইসেন্স নবায়নে পরীক্ষা গ্রহণ করতে হয়। বর্তমানে ড্রাইভিং কম্পিটেন্সি টেস্ট বোর্ডের (ডিসিটিবি) মাধ্যমে ওই পরীক্ষা গ্রহণ করা হচ্ছে। মোটরযান আইনে লাইসেন্স নবায়নের ক্ষেত্রে বোর্ড কর্তৃক পরীক্ষা গ্রহণের বাধ্যবাধকতা নেই। পেশাদার লাইসেন্স নবায়নকাজ চলমান প্রক্রিয়া। ডিসিটিবির কার্যক্রম প্রতিদিন অনুষ্ঠিত হয় না। কোনো কোনো জেলায় মাসে একবার আবার কোনো জেলায় দুই বা তিন মাসে একবার বোর্ডের কার্যক্রম অনুষ্ঠিত হয়ে থাকে। ফলে নির্ধারিত সময় উত্তীর্ণ হওয়ার কারণে পেশাদার লাইসেন্স নবায়নে চালকদের জরিমানা পরিশোধসহ সময়ক্ষেপণ এবং জটিলতা সৃষ্টি হয়।

এর বৈধতা চ্যালেঞ্জ করে মানবাধিকার সংগঠন হিউম্যান রাইটস অ্যান্ড পিচ ফর বাংলাদেশের পক্ষে দুই আইনজীবী মঙ্গলবার রিট আবেদনটি করেন। গতকাল এর ওপর শুনানি হয়।

শুনানিতে মনজিল মোরসেদ বলেন, মোটরযান অধ্যাদেশ অনুসারে ওই বোর্ডের মাধ্যমে লাইসেন্স প্রদান ও নাবায়নের বিধান রয়েছে। এ বিধানটি পাশ কাটিয়ে বিআরটিএর পক্ষ থেকে আদেশটি জারি করা হয়। এতে পরিদর্শককে লাইসেন্স নবায়নের ক্ষমতা দেওয়া হয়েছে। এতে শুধু আইন লঙ্ঘিত হয়নি, বরং লাইসেন্স প্রদানের ক্ষেত্রে অনিয়ম ও অদক্ষতা বৃদ্ধির সঙ্গে জনগণের জীবনের নিরাপত্তা বিঘ্নিত হওয়ার ঝুঁকি রয়েছে।