পরিদর্শকের বিরুদ্ধে মামলা নিতে ওসিকে নির্দেশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঘুষ নেওয়ার অভিযোগে মেহেরপুর সদর থানার পরিদর্শক (তদন্ত) তরিকুল ইসলামের বিরুদ্ধে মামলা নিতে একই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) নির্দেশ দিয়েছেন আদালত। একই সঙ্গে মামলাটি তদন্তের জন্য প্রাথমিক তথ্য বিবরণী (এফআইআর) দুর্নীতি দমন কমিশনে (দুদক) পাঠানোর নির্দেশ দেওয়া হয়েছে৷
পরিদর্শক তরিকুলের বিরুদ্ধে সাহেব আলী নামের এক আসামির কাছ থেকে ১০ হাজার টাকা ঘুষ নেওয়ার অভিযোগ উঠেছে৷ মেহেরপুর পৌর এলাকার বাসিন্দা সাহেব আলী গত শনিবার আদালতে দেওয়া জবানবন্দিতে এ অভিযোগ করেন৷
মেহেরপুরের ২ নম্বর আমিল আদালতের জ্যেষ্ঠ বিচারিক হাকিম মো. মতিউর রহমান গতকাল রোববার তরিকুলের বিরুদ্ধে মামলা নেওয়ার আদেশ দেন৷ আদেশে মামলা রেকর্ড করে মামলা সম্পর্কিত প্রতিবেদন আগামী বুধবার আদালতে জমা দিতে বলা হয়৷ এ ছাড়া অভিযোগকারী সাহেব আলীকে সংবাদদাতা গণ্য করে তাঁর বিবৃতি এজাহার হিসেবে রেকর্ড করে এফআইআর তদন্তের জন্য দুদকের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে পাঠাতে বলা হয়েছে৷
মেহেরপুর সদর থানার ওসি আতিয়ার রহমান জানান, তিনি আদালতের আদেশের কাগজপত্র পেয়েছেন৷ শিগগিরই প্রয়োজনীয় ব্যবস্থা নেবেন৷
এর আগে শুক্রবার একই আদালতে পুলিশের বিরুদ্ধে চাঁদা চাওয়ার অভিযোগ এনে জবানবন্দি দেন মেহেরপুর সদর থানার কোলা নাটনাপাড়া গ্রামের কৃষক আমিরুল ইসলাম (৩২)৷ আদালত তা আমলে নিয়ে অভিযোগ তদন্ত করে ২৪ জুলাই প্রতিবেদন দাখিলের জন্য মেহেরপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তাকে (ইউএনও) নির্দেশ দেন৷ ইউএনও নাজনীন সুলতানা জানান, তিনি আদালতের আদেশ পেয়েছেন৷ শিগগিরই কাজ শুরু করবেন৷
উল্লেখ্য, পুলিশের বিরুদ্ধে গ্রেপ্তার-বাণিজ্যের সুনির্দিষ্ট অভিযোগ এনে প্রধানমন্ত্রীর দপ্তরে পাঠানো গোয়েন্দা সংস্থার প্রতিবেদনে মেহেরপুর পুলিশের বিরুদ্ধে গ্রেপ্তার-বাণিজ্যের সবচেয়ে বেশি অভিযোগ তুলে ধরা হয়৷ প্রধানমন্ত্রীর নির্দেশে ও পুলিশ সদর দপ্তরের নির্দেশনায় মেহেরপুর পুলিশের বিরুদ্ধে অভিযোগ তদন্তে বিভাগীয় তদন্ত কমিটি গঠন করা হয়। খুলনা রেঞ্জের পুলিশের অতিরিক্ত উপমহাপরিদর্শক (অপরাধ) খন্দকার রফিকুল ইসলাম বিষয়টি তদন্ত করে অভিযোগ প্রমাণিত হয়নি উল্লেখ করে প্রতিবেদন পাঠান পুলিশ সদর দপ্তরে৷
অথচ মেহেরপুর আদালতে একাধিক আসািম মেহেরপুর পুলিশের বিরুদ্ধে গ্রেপ্তার-বাণিজ্য ও চাঁদাবাজির অভিযোগ তুলে জবানবন্দি দিয়েছেন। সাহেব আলী ও আমিরুলের আগে আরও সাতজন পুলিশের বিরুদ্ধে গ্রেপ্তার-বাণিজ্যের অিভযোগে একই আদালত জবানবন্দি দেন৷ আদালত তা আমলে নিয়ে পুলিশের ১৫ সদস্যকে অভিযুক্ত করে তা তদন্তের জন্য পুলিশের অপরাধ তদন্ত বিভাগকে (সিআইডি) নির্দেশ দেন৷ আদালত সূত্র জানায়, এ বিষয়ে তদন্ত করে প্রতিবেদন দাখিলের জন্য সিআইডি আদালতের কাছে দুই দফা সময় প্রার্থনা করেছে। আদালত তা মঞ্জুর করেছেন।