পরিদর্শন করল বিজিবি, বিএসএফ ও প্রশাসন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া উপজেলার সেনারবাদী আর ভারতের আগরতলা পৌর শহরের রামনগর গ্রামের মধ্যবর্তী সীমান্তের শূন্যরেখায় (সীমানা পিলার থেকে ১৫০ গজ) ২৫০ শহীদের গণকবর এলাকাটি পরিদর্শন করলেন বিজিবি, বিএসএফ ও আখাউড়া উপজেলা প্রশাসনের কর্মকর্তারা।
গতকাল বৃহস্পতিবার দুপুরে বিজিবি ১২ ব্যাটালিয়নের ভারপ্রাপ্ত অধিনায়ক মেজর মো. তছলিম উদ্দিন, আখাউড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আহসান হাবিব, উপজেলা সহকারী কমিশনার ভূমি মো. মেহেদী মাহমুদ আকন্দ ও বিএসএফ লংকামুড়া কোম্পানি কমান্ডার কিশান চন্দ্র গণকবর এলাকাটি পরিদর্শন করেন।
‘শূন্যরেখায় পড়ে আছে শহীদদের গণকবর’ শিরোনামে ২০১২ সালের ১৯ ডিসেম্বর প্রথম আলোয় একটি প্রতিবেদন প্রকাশ হয়। প্রতিবেদন প্রকাশের কয়েক দিনের মধ্যে বিজিবি ১২ ব্যাটালিয়নের সে সময়ের অধিনায়ক লে. কর্নেল মাকসুদুল আলম এলাকাটি পরিদর্শন করেন।
গতকাল বিজিবি ও প্রশাসনের কর্মকর্তারা এলাকাটি পরিদর্শনের সময় সরজমিনে দেখা গেছে, ২০২১/২ এস সীমানা পিলার এলাকার শূন্যরেখা থেকে প্রায় ১০ গজ দক্ষিণ-পূর্ব দিকে ভারতের অংশে শহীদদের এই গণকবর। একটি পুকুরপাড়ে গাছগাছালি আর লতাপাতায় ঘেরা প্রায় ২০ শতাংশ জায়গায় কববস্থান।
আখাউড়া মুক্তিযোদ্ধা সংসদের সহকারী কমান্ডার (সাংগঠনিক) বাহার মিয়া মালদার প্রথম আলোকে বলেন, বিজয়ের ৪২ বছর পরও শহীদদের কবরের মর্যাদা দিতে না পারাটা অনেক কষ্টের। এখন প্রয়োজন শুধু উদ্যোগ।
মো. তছলিম উদ্দিন বলেন, শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে কবর এলাকটি সংরক্ষণ প্রয়োজন। বিষয়টি তিনি তাঁর দপ্তরকে জানাবেন।