পরিদর্শনে গিয়ে শাস্তিমূলক ব্যবস্থা ভূমি প্রতিমন্ত্রীর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভূমি প্রতিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী আজ মঙ্গলবার গাজীপুরের কয়েকটি ইউনিয়ন ভূমি কার্যালয় পরিদর্শনকালে অনিয়ম ও দুর্নীতির অভিযোগে পাঁচ কর্মকর্তার বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নিয়েছেন।

প্রতিমন্ত্রী গাজীপুর সিটি করপোরেশনের গাছা ভূমি অফিসের সহকারী ভূমি কর্মকর্তা মো. জালাল উদ্দিন, বাসন ভূমি অফিসের সহকারী ভূমি কর্মকর্তা মো. ইউছুব আলী ও কাশিমপুর ভূমি অফিসের সহকারী ভূমি কর্মকর্তা দীপক কুমার সাহাকে সাময়িক বরখাস্ত করার নির্দেশ দেন। আর কালিয়াকৈর উপজেলার সাবাজপুর ভূমি অফিসের সহকারী ভূমি কর্মকর্তা বাবুল মিয়া ও একই উপজেলার ফুলবাড়িয়া ইউনিয়নের মোথাজুড়ি ভূমি অফিসের সহকারী ভূমি কর্মকর্তা মিজানুর রহমানকে তাৎক্ষণিক বদলির নির্দেশ দেন তিনি।

গাজীপুরের অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) এস এম মোস্তফা কামাল বলেন, ভূমি প্রতিমন্ত্রী সকালে গাজীপুরে আকস্মিক পরিদর্শনে আসেন। এ সময় অনিয়ম ও দুর্নীতির অভিযোগের সত্যতা পেয়ে গাছা, বাসন ও কাশিমপুর ভূমি অফিসের সহকারী ভূমি কর্মকর্তাকে সাময়িক বরখাস্ত এবং সাবাজপুর ও মোথাজুড়ি ভূমি অফিসের সহকারী ভূমি কর্মকর্তাকে তাৎক্ষণিক বদলির নির্দেশ দেন।

পরিদর্শন শেষে প্রতিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী বলেন, যাদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হয়েছে তাদের বিরুদ্ধে সুনির্দিষ্ট অভিযোগ আছে। তাদের বিরুদ্ধে আরও শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে। কিছু কিছু দুর্নীতিবাজ কর্মকর্তার জন্য সরকারের ভাবমূর্তি নষ্ট হচ্ছে। এটা কোনোভাবেই বরদাশত করা হবে না।