পরিদর্শনে ভূমি রেকর্ড অধিদপ্তরের ডিজি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তরের মহাপরিচালক (ডিজি) গতকাল শুক্রবার মৌলভীবাজারের জুড়ী উপজেলার হাড়ারগজ সংরক্ষিত বনের জমি পরিদর্শন করেছেন। বিধি ভেঙে ওই জমি জেলা প্রশাসকের (ডিসি) নামে রেকর্ড হয়।
মহাপরিচালক আবদুল মান্নান বেলা ১১টার দিকে বনের জমি পরিদর্শনে যান। এ সময় তাঁর সঙ্গে ছিলেন ভূমি রেকর্ড জরিপ অধিদপ্তরের উপপরিচালক (সেটেলমেন্ট অপারেশন-১), সিলেটের বিভাগীয় বন কর্মকর্তা (ডিএফও) মো. দেলোয়ার হোসেন, মৌলভীবাজারের অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) প্রকাশ কান্তি চৌধুরী, সিলেটের জোনাল সেটেলমেন্ট কর্মকর্তা সিরাজুল হক প্রমুখ।
পরিদর্শন শেষে আবদুল মান্নান প্রথম আলোকে বলেন, ‘যে জমিটি জেলা প্রশাসকের নামে রেকর্ড হয়েছে, তার ভেতরে সাগরনাল বাঁশমহাল পড়েছে। এ ছাড়া ওই জায়গায় বিভিন্ন জাতের বনজ গাছের বাগানসহ প্রাকৃতিক বন আছে। কোনোভাবেই প্রকৃতি-পরিবেশ নষ্ট করা যাবে না। জমিটি কীভাবে জেলা প্রশাসকের নামে রেকর্ড হলো, তা খতিয়ে দেখা হচ্ছে। এ ছাড়া জমিটি যাতে বন বিভাগ ফিরে পায়, সে ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’
জুড়ী-১ রেঞ্জের আওতাধীন হাড়ারগজ সংরক্ষিত বনটি দীর্ঘদিন ধরে জরিপের বাইরে ছিল। এ অবস্থায় ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তর ডিজিটাল পদ্ধতিতে বনটি জরিপের উদ্যোগ নেয়।
জরিপ শেষে গত বছরের ৪ আগস্ট হাড়ারগজ আরএফ (সংরক্ষিত বন) মৌজায় (জেএল নম্বর ৭৮) জেলা প্রশাসকের নামে দুই হাজার ১৭৪ দশমিক ৩৫ একর জমি রেকর্ড হয়। একই মৌজায় বন বিভাগের নামে রেকর্ড হয় ১১ হাজার ৬৮ দশমিক ৮৯ একর জমি। অথচ ২০০১ সালে প্রণীত ভূমি রেকর্ড ও নকশাবিষয়ক নির্দেশাবলিতে বলা হয়েছে, ১৯২৭ সালের বন আইনের (ফরেস্ট অ্যাক্ট) ২০ ধারাবলে সংরক্ষিত বন হিসেবে প্রকাশিত প্রজ্ঞাপনের অন্তর্ভুক্ত সব জমি বন বিভাগের নামে খতিয়ানভুক্ত হবে। গত বছরের ২২ সেপ্টেম্বর প্রথম আলোর শেষের পাতায় ‘জুড়ী সংরক্ষিত বনের দুই হাজার একর জমি/ জমি নিলেন ডিসি, চান আওয়ামী লীগের নেতা’ শিরোনামে প্রতিবেদন প্রকাশিত হয়। এর পরিপ্রেক্ষিতে বনের অখণ্ডতা ও পরিবেশের ভারসাম্য রক্ষা এবং জনস্বার্থে জমিটি ফেরত পেতে বন বিভাগের পক্ষ থেকে ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তরের সংশ্লিষ্ট কর্মকর্তা বরাবর লিখিত আবেদন করা হয়।