পরিপত্র লঙ্ঘন করে পরীক্ষা, প্রশ্নপত্র ফাঁস
রাজশাহীর বাগমারায় শিক্ষা মন্ত্রণালয়ের পরিপত্র লঙ্ঘন করে মাধ্যমিক ও নিম্নমাধ্যমিক বিদ্যালয়ের পরীক্ষা শুরু হয়েছে। আর্থিক লাভের আশায় শিক্ষক সমিতির কাছ থেকে কেনা প্রশ্নপত্রে বিদ্যালয় কর্তৃপক্ষ পরীক্ষা নিচ্ছে বলে অভিযোগ পাওয়া গেছে। এতে প্রায়ই প্রশ্নপত্র ফাঁসের ঘটনা ঘটায় শিক্ষার্থীরা ক্ষতিগ্রস্ত হচ্ছে। এ ঘটনায় অভিভাবকেরা উদ্বেগ প্রকাশ করেছেন।উপজেলা মাধ্যমিক শিক্ষা কার্যালয় সূত্রে জানা গেছে, ১৭ এপ্রিল থেকে উপজেলার ২৯টি নিম্নমাধ্যমিক ও ৬৮টি মাধ্যমিক বিদ্যালয়ে প্রথম সাময়িক পরীক্ষা শুরু হয়। ২০০৫ সালের শিক্ষা মন্ত্রণালয়ের পরিপত্র (যার সঞ্চারক নং শিম/শাঃ১৪/বিবিধ-৮/২০০৫/৪৬৮) অনুযায়ী প্রতিটি শিক্ষাপ্রতিষ্ঠানের অভিজ্ঞ শিক্ষকেরা যে বিষয়ে পাঠদান করেন, সেসব বিষয়ের প্রশ্নপত্র তৈরি করে পরীক্ষা নেবেন। অভিযোগ রয়েছে, সমিতির কাছ থেকে কেনায় প্রায়ই প্রশ্নপত্র ফাঁসের ঘটনা ঘটছে। র্যাব-৫-এর বাগমারা ক্যাম্পের কমান্ডার ক্যাপ্টেন মাহফিজুর রহমান জানান, ২১ এপ্রিল অষ্টম ও দশম শ্রেণীর সাধারণ গণিতের প্রশ্নপত্র ফাঁস হয়ে যায়। এ অভিযোগে র্যাব এক শিক্ষকসহ ছয়জনকে আটক করে। তাঁরা হলেন দেউলারানী রিভারভিউ উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক আবদুল মজিদ, ছাত্র শরিফুল ইসলাম, রাকিব, মোস্তাফিজুর রহমান, ওমর ফারুক ও মামুনুর রশিদ। তাঁদের ওই দিনই বাগমারা থানায় সোপর্দ করা হয়। বাগমারা থানার উপপরিদর্শক সাইদুর রহমান জানান, প্রশ্ন ফাঁসের অভিযোগে ওই ছয়জনের বিরুদ্ধে উপজেলা শিক্ষক সমিতির সভাপতি আসাদুল ইসলাম শনিবার মামলা করেছেন। ওই দিনই তাঁদের আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে। জেলা শিক্ষক সমিতি প্রশ্নপত্র ফাঁস হওয়ার ঘটনায় অষ্টম ও দশম শ্রেণীর গণিত পরীক্ষা বাতিল ঘোষণা করেছে। আবদুস সামাদ নামের এক অভিভাবক জানান, প্রশ্নপত্র ফাঁসের ঘটনায় কম মেধাবীদের হাতে প্রশ্নপত্র চলে যাচ্ছে। এতে তাদের লেখাপড়ার মানের অবনতি হচ্ছে। খোঁজ নিয়ে জানা যায়, জেলা শিক্ষক সমিতি একসঙ্গে বিপুল পরিমাণ প্রশ্নপত্র ছাপায় বলে খরচ কম হয়। তবে প্রতিটি প্রশ্ন তিন থেকে চারগুণ বেশি দামে বিক্রি করে সমিতি। তারা এই প্রশ্নপত্র সমিতিভুক্ত প্রতিটি প্রতিষ্ঠানে বাধ্যতামূলক করেছে। তবে জেলা শিক্ষক সমিতির সভাপতি আবদুল বারী জানান, কাউকে বাধ্য করা হয় না। সমিতির স্বার্থে তাঁরা প্রশ্নপত্র সংগ্রহ করেন। উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা এস এম মাহমুদ হাসান জানান, সরকারি পরিপত্র অনুযায়ী নিজেদের তৈরি প্রশ্নপত্রে বিদ্যালয়ের পরীক্ষা নেওয়ার কথা। এ সংক্রান্ত মন্ত্রণালয়ের পরিপত্রের অনুলিপি সব শিক্ষাপ্রতিষ্ঠানে দেওয়া হয়েছে।