পরিপ্রেক্ষিত পরিকল্পনা বাস্তবায়নে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশকে মধ্যম আয়ের দেশে পরিণত করার লক্ষ্যে দেশে প্রথমবারের মতো প্রণীত পরিপ্রেক্ষিত পরিকল্পনা (২০১০-২১) বাস্তবায়নে সম্ভাব্য সব ধরনের প্রচেষ্টা চালাতে সংশ্লিষ্ট সবার প্রতি আহ্বান জানিয়েছেন। খবর বাসসের।প্রধানমন্ত্রী গতকাল মঙ্গলবার তাঁর কার্যালয়ে ‘বাংলাদেশের পরিপ্রেক্ষিত পরিকল্পনা (২০১০-২০২১): রূপকল্প-২০২১ বাস্তবায়ন’ শীর্ষক এক অনুষ্ঠানে এ আহ্বান জানান। দেশের অগ্রগতির চিত্র তুলে ধরার ক্ষেত্রে সংবাদমাধ্যমের সমালোচনা করে প্রধানমন্ত্রী বলেন, ‘অনেক বিশ্বনেতা বাংলাদেশে এসে আমাদের অগ্রগতি ও সাফল্য দেখে অভিভূত হয়েছেন। কিন্তু স্থানীয় সংবাদমাধ্যমে তা যথাযথভাবে তুলে ধরা হচ্ছে না।’প্রধানমন্ত্রী বলেন, ‘দেশের স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উদ্যাপনের আগে ২০২০ সালের মধ্যে বাংলাদেশকে মধ্যম আয়ের দেশে পরিণত করার ক্ষেত্রে আমরা সময় নষ্ট করতে চাই না।’ বর্তমান সরকারের রূপকল্প-২০২১ বাস্তবায়নে পরিপ্রেক্ষিত পরিকল্পনা চূড়ান্ত করার জন্য পরিকল্পনামন্ত্রীর নেতৃত্বে ১১ সদস্যের কমিটিকে ধন্যবাদ জানান।পরিকল্পনা কমিশনের সদস্য (সাধারণ অর্থনৈতিক বিভাগ) শামসুল আলম প্রধানমন্ত্রীর কাছে পরিকল্পনা উপস্থাপন করেন। পরিকল্পনামন্ত্রী এ কে খন্দকার, অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত, বাংলাদেশ ব্যাংকের গভর্নর আতিউর রহমান ও সংশ্লিষ্ট সচিবেরা এ সময় উপস্থিত ছিলেন।ব্রাজিলের বিদায়ী রাষ্ট্রদূতের সাক্ষাৎ: প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, বাংলাদেশ শিগগিরই ব্রাজিলে কূটনৈতিক মিশন খুলবে। এ জন্য প্রয়োজনীয় প্রস্তুতি শেষ হওয়ার পথে।ঢাকায় ব্রাজিলের বিদায়ী রাষ্ট্রদূত রিকার্ডো লুইজ ভিয়ানা ড্যা কারভালহো গতকাল প্রধানমন্ত্রীর সঙ্গে তাঁর কার্যালয়ে সাক্ষাৎ করতে গেলে তিনি এ কথা বলেন।এ সময় প্রধানমন্ত্রীর বিশেষ দূত এম জিয়াউদ্দিন, মুখ্য সচিব শেখ ওয়াহিদ উজ জামান ও প্রধানমন্ত্রীর কার্যালয়ের সচিব মোল্লা ওয়াহিদুজ্জামান উপস্থিত ছিলেন।