পরিবর্তন আসতে হবে পরিবার ও স্কুল থেকে

আজ শুক্রবার সাইবার বুলিং প্রতিরোধ দিবস। জুন মাসের তৃতীয় শুক্রবার বিশ্বব্যাপী দিবসটি পালিত হয়। বাংলাদেশে এর আগে সেভাবে পালন করা না হলেও এবার বিভিন্ন বেসরকারি সংস্থা ও প্রতিষ্ঠান দিবসটি পালন করছে। ‘স্টপ সাইবার বুলিং ডে’ ওয়েবসাইটের তথ্যমতে, বিশ্বে ইন্টারনেট ব্যবহারকারীদের ৬০ শতাংশ অনলাইন বুলিং বা হয়রানির শিকার হয়। বাংলাদেশেও দিন দিন বাড়ছে এর মাত্রা। কীভাবে অনলাইনে হয়রানি থেকে শিক্ষার্থীসহ সবাই সচেতন হতে পারে, সে বিষয়ে কথা বলেছেন এই বিশিষ্টজন।

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ইয়াসির আজমান

সাইবার বুলিং একটি বৈশ্বিক সংকট। সুনাগরিক হিসেবে এই সংকটকে সম্মিলিতভাবেই প্রতিরোধ করতে হবে। বিশেষ করে করোনার এই সময়ে বিষয়টিতে তৎপরতা বাড়াতে হবে। কেননা এখন ডিজিটালনির্ভরতা অনেক বেড়ে গেছে। অনলাইনে আমরা অনেক সময় খুব সহজেই মানুষকে কষ্ট দিয়ে ফেলি, যে আচরণ হয়তো আমরা সামনাসামনি করতাম না। বাস্তব জীবনে সুনাগরিক হয়ে উঠতে আমরা পরিবার, বন্ধু বা শিক্ষক-সবার সাহায্য পাই। কিন্তু অনলাইনে সুনাগরিক হয়ে উঠতে খুব বেশি কথাও বলি না, আবার ভাবিও না। এর একটি দীর্ঘমেয়াদি নেতিবাচক প্রভাব আছে আমাদের বর্তমান ও ভবিষ্যৎ প্রজন্মের ওপরে। পরিবর্তন আসতে হবে পরিবার আর স্কুল থেকে। তাই শিক্ষাক্রমে অনলাইন নিরাপত্তা বিষয়টি যুক্ত করতে আমরা ইউনিসেফকে সঙ্গে নিয়ে অনেক দিন ধরেই চেষ্টা চালিয়ে যাচ্ছি। সম্প্রতি শিক্ষা মন্ত্রণালয় বিষয়টি নিয়ে কাজ শুরু করেছে। আমি বাংলাদেশ সরকারকে ধন্যবাদ দিতে চাই এ রকম সময় উপযোগী পদক্ষেপ নেওয়ার জন্য। ইন্টারনেটে সচেতন সুনাগরিক গড়ে তুলতে হবে, আমার মনে হয় তাতে আমরা ভালোভাবেই এগিয়ে চলেছি।

দেশজুড়ে গ্রামীণফোনের গ্রাহকসংখ্যা আট কোটির বেশি, তাঁদের মধ্যে চার কোটির বেশি গ্রাহক গ্রামীণফোনের ইন্টারনেট ব্যবহার করেন। ২০১৪ সাল থেকে গ্রামীণফোন শিশুদের নিরাপদ ইন্টারনেট পরিবেশ সম্পর্কে সচেতনতা তৈরিতে অভিভাবক ও শিক্ষকদের সংবেদনশীল করতে দেশব্যাপী স্কুলগুলোতে আউটরিচ প্রোগ্রাম পরিচালনা করছে। এতে সঙ্গে আছে ইউনিসেফ। এর বাইরে নিরাপদ ইন্টারনেট গাইডবই তৈরি করেছি। এতে ইউনিসেফের সঙ্গে বেসরকারি সংস্থা ব্র্যাক যুক্ত হয়েছে। চাইল্ড হেল্পলাইন ১০৯৮ অনলাইন সুরক্ষাসহ যেকোনো শিশু সুরক্ষা বিষয়ে সহায়তা দিচ্ছে। শিশুদের অনলাইন নিরাপত্তা ক্যাম্পেইন ‘বি স্মার্ট ইউজ হার্ট’র মাধ্যমে আমরা ২ লাখ ৭০ হাজারের বেশি অভিভাবককে ইন্টারনেট বিষয়ে সচেতন করা হয়েছে। অনলাইন শিক্ষা এবং প্রশিক্ষণের মাধ্যমে ১০ লাখের বেশি শিশুকে সচেতন করা হয়েছে।

অনলাইনে সুরক্ষা জ্ঞানভিত্তিক অ্যাপ্লিকেশন ডিজিওয়ার্ল্ড বাংলায় চালু করা হয়েছে। ‘জানতে হবে কোথায় থামতে হবে’ নামে দেশব্যাপী ক্যাম্পেইন করে গ্রামীণফোন। এসব কার্যক্রমের মূল লক্ষ্য অফলাইনে আমরা যেমন নির্দিষ্ট কিছু বিষয় মেনে চলি, তেমনি ইন্টারনেটের অবারিত দুনিয়াতেও আমাদের কিছু বিষয় সম্পর্কে সচেতন হতে হবে।