প্রধানমন্ত্রী, মন্ত্রী, প্রতিমন্ত্রী - সবার জন্যই শাস্তি আছে: সিইসি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
দশম জাতীয় সংসদ নির্বাচনের খসড়া আচরণবিধি নীতিগতভাবে অনুমোদন করা হয়েছে বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী রকিব উদ্দীন আহমেদ। আচরণবিধিতে বিশেষ কিছু পরিবর্তন আনা হয়েছে বলেও জানান তিনি। সিইসি বলেন, আচরণবিধি লঙ্ঘন করলে গণপ্রতিনিধিত্ব আদেশে (আরপিও) শাস্তির ব্যবস্থা রাখা হয়েছে। এই শাস্তি প্রধানমন্ত্রী থেকে শুরু করে মন্ত্রী, প্রতিমন্ত্রী সবার ক্ষেত্রে প্রযোজ্য হবে । আজ বুধবার নির্বাচন কমিশনে বৈঠক শেষে সাংবাদিকদের সিইসি এসব কথা বলেন।সিইসি বলেন, বিদ্যমান আচরণবিধি তত্ত্বাবধায়ক সরকারের আদলে ছিল। তাই বর্তমান আচরণবিধিতে পরিবর্তন আনা হয়েছে। আগামী রোববার থেকে সাত দিনের জন্য খসড়া আচরণবিধি অনলাইনে দেওয়া হবে। যেকোনো রাজনৈতিক দল, দেশি-বিদেশি সংস্থা থেকে শুরু করে যে কেউ চাইলে এ বিষয়ে মতামত দিতে পারবেন। এরপর আচরণবিধি চূড়ান্ত করা হবে। সিইসি আরও জানান, খসড়া আচরণবিধিতে সরকারের মন্ত্রী, প্রতিমন্ত্রীদের ক্ষেত্রে কিছু বিধিনিষেধ আনা হয়েছে। যেমন, প্রধানমন্ত্রী, বিরোধী দলের নেতা সরকারি সুবিধা নিয়ে নির্বাচনে অংশ নিতে পারবেন না। তাঁরা সরকারি ডাকবাংলা বা রেস্ট হাউসে থাকতে পারবেন কিন্তু কোনো রাজনৈতিক সভা করতে পারবেন না। দুই দল রাজি থাকলে ২৪ জানুয়ারির পরে নির্বাচন সম্ভব কি না, সাংবাদিকদের এমন প্রশ্নের উত্তরে সিইসি বলেন, ‘দুই পক্ষ রাজি থাকলে আলহামদুলিল্লাহ।’ পর্যাপ্ত সময় হাতে রেখেই নির্বাচনের তফসিল ঘোষণা করা হবে বলে তিনি জানান। নির্বাচন কমিশন সচিবালয় সূত্রে গতকাল মঙ্গলবার জানা যায়, নভেম্বরের তৃতীয় সপ্তাহের দিকে নির্বাচনের তফসিল ঘোষণা করা হতে পারে। সে ক্ষেত্রে ডিসেম্বরের শেষ সপ্তাহে অথবা জানুয়ারির প্রথম সপ্তাহে ভোট গ্রহণ করা হবে।