পরিবর্তন এসেছে ভর্তি প্রক্রিয়ায়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) ২০১৩-১৪ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষাপদ্ধতিতে পরিবর্তন আনা হয়েছে। তবে বরাবরের মতো এবারও মুঠোফোনের মাধ্যমে ভর্তির আবেদন-প্রক্রিয়া শুরু হয়েছে। আগামী ৯ নভেম্বর ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে।
বিশ্ববিদ্যালয় সূত্র জানায়, বিগত বছরগুলোর বহুনির্বচনী প্রশ্ন (এমসিকিউ) পদ্ধতিতে পরীক্ষার পাশাপাশি এবার নতুন সংযুক্ত করা হয়েছে লিখিত পরীক্ষা। ফলে এ বছর লিখিত ও এমসিকিউ—এ দুই ধাপে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। ‘ক’ গ্রুপের (প্রকৌশল বিভাগসমূহ এবং নগর ও অঞ্চল পরিকল্পনা বিভাগ) আবেদনকারীদের উচ্চমাধ্যমিকের পাঠ্যসূচি অনুসারে গণিত, পদার্থবিজ্ঞান ও রসায়ন বিষয়ের প্রতিটিতে ২০০ ও ইংরেজি বিষয়ে ১০০সহ মোট ৭০০ নম্বরের পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে। এ ক্ষেত্রে প্রতি বিষয়ে ৫০ ভাগ নম্বরের লিখিত পরীক্ষা ও বাকি ৫০ ভাগ নম্বরের এমসিকিউ পরীক্ষা অনুষ্ঠিত হবে। অন্যদিকে ‘খ’ গ্রুপে (স্থাপত্য বিভাগ) আবেদনকারী শিক্ষার্থীদের ‘ক’ গ্রুপের জন্য নির্ধারিত ৭০০ নম্বরের পরীক্ষা এবং আরও অতিরিক্ত ৪০০ নম্বরের মুক্তহস্ত অঙ্কন পরীক্ষাসহ মোট ১১০০ নম্বরের পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে। বিগত বছরগুলোতে ‘ক’ গ্রুপের জন্য শুধু ৫০০ নম্বরের এমসিকিউ এবং ‘খ’ গ্রুপের জন্য ৮৫০ নম্বরের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হতো। এ ছাড়া এই বছর ভর্তি পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার জন্য উভয় গ্রুপের প্রার্থীদের মোট নম্বরের শতকরা কমপক্ষে ৩০ ভাগ নম্বর পেতে হবে।
ভর্তি-সংক্রান্ত বিস্তারিত তথ্য বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে (www.cuet.ac.bd) পাওয়া যাবে।