পরিবর্তন ডটকমের চেয়ারম্যানের বাড়িতে আগুন, অগ্নিদগ্ধ ৩
রাজধানীর বনানী চেয়ারম্যানবাড়ী এলাকার ২/বি রোডের একটি বাড়িতে অগ্নিকাণ্ডের ঘটনায় তিনজন অগ্নিদগ্ধ হয়েছেন।আজ শুক্রবার বেলা ১১টার দিকে এ ঘটনা ঘটে।
অগ্নিদগ্ধ তিনজন হলেন গৃহকর্ত্রী শাহানা খানম (৩০), গৃহকর্মী রিজওয়ানা আক্তার (১২) ও গৃহকর্মী হাবিবুর রহমান (৫৬)।তাঁদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছে।শাহানা খানমের শরীরের ৬০ শতাংশ পুড়ে গেছে বলে চিকিত্সকেরা জানিয়েছেন।শাহানা খানম অনলাইন নিউজ পোর্টাল পরিবর্তন ডটকমের চেয়ারম্যান আহসান হাবিবের স্ত্রী।
আহসান হাবিব সাংবাদিকদের জানান, বেলা ১১টার দিকে তাঁর স্ত্রী শাহানা খানম রান্নাঘরে রান্না করছিলেন।এ সময় হঠাত্ করেই বিকট শব্দে রান্নাঘরে আগুন ধরে যায়।এতে রান্নাঘরে থাকা শাহানাসহ তিনজন অগ্নিদগ্ধ হন।
শরীরের ৬০ শতাংশ পুড়ে যাওয়ায় শাহানার অবস্থা আশঙ্কাজনক বলে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল সূত্র জানিয়েছে।
বনানী থানার পরিদর্শক (তদন্ত) নাসির উদ্দিন প্রথম আলো ডটকমকে বলেন, ‘ওই বাড়িতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।তবে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে যাওয়ার আগেই আগুন নিভে গেছে।এ ঘটনায় কেউ অগ্নিদগ্ধ হয়েছে কি না, তা এখনো আমাদের কেউ জানায়নি।’
বিকট শব্দ ও আগুন লাগার কারণ সম্পর্কে এখনো কোনো তথ্য পাওয়া যায়নি।