পরিবর্তনের অঙ্গীকার নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করছি: মাহী

প্রশ্ন: কেন মেয়র হতে চান?
উত্তর: শহর পরিচ্ছন্ন হলে রাজনীতিও পরিচ্ছন্ন হবে, এই লক্ষ্যকে সামনে রেখে একটি পরিবর্তনের অঙ্গীকার নিয়েই প্রজন্ম শহর গড়ে তোলার জন্য মেয়র পদে প্রতিদ্বন্দ্বিতা করছি।
প্রশ্ন: গরিবদের আস্থা অর্জন করার মতো জনসেবার ক্ষেত্রে কোনো দৃশ্যমান সাফল্য আপনার আছে কি?
উত্তর: নিশ্চয়ই। আমি তরুণ বয়সে জনগণের ভোটে দুইবার জাতীয় সংসদের সদস্য নির্বাচিত হয়েছি। আমি রাজনীতিতে পরিবারতন্ত্রের মাধ্যমে আসিনি, এসেছি আমার যোগ্যতাবলে।
প্রশ্ন: অগ্রাধিকারের শীর্ষে থাকবে এমন তিনটি বিষয়ের কথা বলুন?
উত্তর: এক. নিরাপদ ঢাকা, দুই. চলমান ঢাকা ও তিন. আলোকিত ঢাকা। নির্বাচিত হলে দায়িত্ব গ্রহণের পর সব রাজনৈতিক দল, পেশাজীবী ও সাধারণ নাগরিকদের নিয়ে আগামী ৫০ বছরের লক্ষ্য নির্ধারণ করে নগর পরিকল্পনার কাঠামো তৈরি করা হবে।
প্রশ্ন: রাজনৈতিক বিশ্বাস এবং দলীয় শৃঙ্খলার প্রশ্নে মেয়রকে যদি বিপরীতমুখী পদক্ষেপ নিতে হয়, তখন কী করবেন?
উত্তর: আমার নির্বাচকমণ্ডলী, অর্থাৎ যাঁদের ভোটে আমি নির্বাচিত হয়েছি এবং সব রাজনৈতিক দল, পেশাজীবী ও সাধারণ নাগরিকদের নিয়ে গঠিত কমিটির মাধ্যমে সিদ্ধান্ত নেওয়া হবে।
প্রশ্ন: আপনার দল আপনার কাছে কী প্রত্যাশা করে?
উত্তর: আমার দলও নিশ্চয়ই প্রজন্মের পরিবর্তনের আকাঙ্ক্ষার সঙ্গে সংহতি প্রকাশ করবে বলে আমার বিশ্বাস।
প্রশ্ন: রাজনীতিতে বাবার পৃষ্ঠপোষকতাকে কীভাবে দেখেন। পৈতৃকসূত্র ছাড়া অন্য কোনোভাবে রাজনীতিতে তেমন কোনো বিশেষ অবস্থান সৃষ্টি করতে পেরেছেন কি?
উত্তর: আমার বাবা বিকল্পধারা বাংলাদেশের প্রেসিডেন্ট এবং সাবেক রাষ্ট্রপতি, রাজনীতির একজন পরিচ্ছন্ন পুরুষ। তিনি বিএনপির প্রতিষ্ঠাকালীন মহাসচিব ছিলেন। আমি দুইবার জাতীয় সংসদের সদস্য ছিলাম। আমাদের পরিবার রাজনৈতিক পরিবার হলেও আমি বাবার হাত ধরে রাজনীতিতে আসিনি। এসেছি আমার যোগ্যতাবলে।
প্রশ্ন: নির্বাচনে সেনাবাহিনীকে ক্যান্টনমেন্টে স্ট্রাইকিং ফোর্স হিসেবে রাখার ব্যাপারে আপনার মতামত কী?
উত্তর: নির্বাচনের সময় স্ট্রাইকিং ফোর্স সেনাবাহিনীকে মাঠে থাকতে হয়। মাঠে থাকলে সন্ত্রাসীরা সেনাবাহিনীকে ভয় পায় ও পালিয়ে যায়। সুতরাং সেনাবাহিনীকে মাঠেই রাখতে হবে। নির্বাচন কমিশনের সিদ্ধান্ত পুনর্বিবেচনা করা উচিত।
সাক্ষাৎকার নিয়েছেন
আনোয়ার হোসেন