পরিবর্তনের আওয়াজ থাকলেও নীরবতাই জোরালো

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পরিবর্তনের আওয়াজটা কানে ভাসে। তবে এ আওয়াজ প্রকাশ্য নয়, নীরবতাই জোরালো। এ নীরবতা কার পক্ষে—বোঝা যাবে আজ শনিবার ভোট শেষে।স্থানীয় ভোটার ও রাজনৈতিক বিশ্লেষকেরা বলছেন, আওয়ামী লীগ-সমর্থিত মেয়র পদপ্রার্থী বদরউদ্দিন আহমদ কামরান ১৮ বছর ধরে সিলেট পৌরসভা ও সিটি করপোরেশনের মেয়র। মিষ্টভাষী কামরান আবেগ দিয়ে ভোটারদের আকৃষ্ট করতে পেরেছেন বারবার। কিন্তু বিরোধী জোট-সমর্থিত প্রার্থী আরিফুল হক পরিবর্তনের আওয়াজ কতটা কাজে লাগাতে পারেন, সেটাই দেখার বিষয়।স্থানীয় লোকজন বলছেন, এ ভোটের ফল নির্ধারণে জাতীয় রাজনীতি প্রভাব ফেলবে। এ ছাড়া দলীয় ভোটার ও স্থানীয় কিছু ভোটার গোষ্ঠীর সমীকরণ এবং সমস্যার মধ্যে জলাবদ্ধতা, সন্ত্রাস, উন্নয়ন এসব তো আছেই। তবে অন্য সময় নির্বাচন নিয়ে যে রকম হইচই হতো, সেই উৎসবমুখর পরিবেশ দেখা যাচ্ছে না। এর কারণ হিসেবে রাজনীতিবিদেরা কড়াকড়ি আচরণবিধির কথা উল্লেখ করছেন।নির্বাচন পর্যবেক্ষণকারী বিভিন্ন বেসরকারি উন্নয়ন সংস্থার মোর্চা ‘ইলেকশন ওয়ার্কিং গ্রুপ’ সিলেটের দায়িত্বপ্রাপ্ত নজমুল হক প্রথম আলোকে বলেন, এবার আসলেই উৎসাহ-উদ্দীপনা কিছুটা কম। বাইরের লোকই বেশি প্রচার-প্রচারণায় অংশ নিয়েছে। কারণ হিসেবে তিনি বলেন, এ নির্বাচন অরাজনৈতিক হলেও রাজনৈতিক চরিত্র পেয়ে গেছে। এ জন্য সাধারণ ভোটাররা কিছুটা নীরব। ফলাফল যেসব বিষয়ের ওপর নির্ভর করবে: স্থানীয় ভোটারদের সঙ্গে কথা বলে জানা গেছে, আওয়ামী লীগ, বিএনপি ও জামায়াতের রাজনৈতিক ভোটের বাইরে সিলেটে আরও কয়েকটি ভোটব্যাংক রয়েছে। এগুলো হচ্ছে সংখ্যালঘু সম্প্রদায়, বৃহত্তর ময়মনসিংহ গ্রুপ তথা সিলেটের বাইরের ভোট, ব্যবসায়ী সম্প্রদায়, হকার ও বস্তিবাসী।সংখ্যালঘুদের মধ্যে হিন্দু সম্প্রদায় ছাড়াও মণিপুরি ভোট রয়েছে সিটি এলাকায়। বরাবরই কামরান এ দুই সম্প্রদায়ের ভোট পেয়ে থাকেন। কিন্তু আরিফ-সমর্থকদের ধারণা, মণিপুরি ভোটের বড় অংশ তাঁরা পাবেন। বিগত চারদলীয় জোট সরকারের আমলে প্রয়াত অর্থমন্ত্রী সাইফুর রহমানের ঘনিষ্ঠজন হিসেবে আরিফ মণিপুরিদের মন্দির সংস্কার ও ভূমিসংক্রান্ত বিভিন্ন বিরোধ নিষ্পত্তির ক্ষেত্রে ভূমিকা রেখেছেন। এ ছাড়া তাদের শ্মশানঘাট অবৈধ দখল থেকে উদ্ধার করে সংস্কার করেন আরিফ। হিন্দুদের বিভিন্ন মন্দির সংস্কার ও রামকৃষ্ণ মিশন ও আশ্রমের পুকুর রক্ষায় আরিফের ভূমিকা ছিল। তবে আরিফের নির্বাচনী প্রচারণায় জামায়াত ও হেফাজতের লোকজনের উপস্থিতি সংখ্যালঘু সম্প্রদায় কীভাবে নেবে, সেটা পরিষ্কার নয়। সিলেটে বসবাসকারী দেশের অন্য অঞ্চলের বাসিন্দাদের ভোট রয়েছে প্রায় ৬০ থেকে ৭০ হাজার। এর মধ্যে বৃহত্তর ময়মনসিংহের অংশটাই বেশি প্রভাবশালী। বিগত দিনে কামরান এ ভোটগুলো পেতেন। কারণ, কামরানের শ্বশুরবাড়ি ছিল টাঙ্গাইলে। কিন্তু আরিফের শ্বশুরবাড়িও ময়মনসিংহ শহরে। এবার এ ভোট ভাগাভাগি হবে বলে মনে করছেন স্থানীয় লোকজন।এর বাইরে বস্তি-কলোনিবাসী ও হকাররা প্রতিবারই কামরানকে বেছে নেন। এবারও এ দুই সম্প্রদায়ের প্রায় এক লাখ ভোটারের মধ্যে কামরানের প্রভাব বেশি। তবে ব্যবসায়ীরা হকারদের প্রতিপক্ষ হয়ে দাঁড়িয়েছেন। আর হকারদের কামরান পৃষ্ঠপোষকতা দেন বলে ব্যবসায়ীদের মধ্যে আরিফপ্রীতি বেশি।২০০৮ সালের নির্বাচনে কামরান এক লাখ ১৫ হাজার ৪১৬ ভোট পেয়ে তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির বিদ্রোহী প্রার্থী আ ফ ম কামালকে ৮৩ হাজার বেশি ভোটে পরাজিত করেন। তখন বিএনপি-সমর্থক প্রার্থী ছিলেন এম এ হক।২০০৩ সালের নির্বাচনে কামরান পেয়েছিলেন ৫৭ হাজার ৫৯৮ ভোট। তখন নিকটতম প্রতিদ্বন্দ্বী চারদলীয় জোটের প্রার্থী এম এ হক পেয়েছিলেন ৩৫ হাজার ভোট।বৃষ্টির আশঙ্কা: বৃষ্টির শহর হিসেবে পরিচিত সিলেট। গত বৃহস্পতিবার রাতেও ব্যাপক বৃষ্টি হয়েছে। নগরের বিভিন্ন স্থানে এ সময় জলাবদ্ধতার সৃষ্টি হয়। আজ ভোটের দিন বৃষ্টি হলে দুই পক্ষই বিপদে পড়বে। স্থানীয় আওয়ামী লীগের একজন নেতা বলেন, ‘জলাবদ্ধতা নিয়ে সমালোচনা হলেও আশার কথা হলো, আমাদের ভোটার নিম্ন আয়ের। তাই তাঁরা বৃষ্টি উপেক্ষা করে ভোট দিতে আসবেন।’বিএনপির একজন স্থানীয় নেতা বলেন, বৃষ্টি হলে আরিফের যেমন লাভ আছে, আবার লোকসানও আছে। লাভ হচ্ছে, জলাবদ্ধ মানুষ আরিফের প্রতি সহানুভূতিশীল থাকবেন। আবার শিক্ষিত ও বিত্তবানদের মধ্যে আরিফের ভোট বেশি, কিন্তু বৃষ্টিতে তাঁরা আসবেন কি না সন্দেহ আছে।