পৌরসভা নির্বাচনে নারী প্রার্থীদের জন্য বরাদ্দ করা প্রতীক পরিবর্তনের দাবিতে দিনাজপুরে জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা নির্বাচন কর্মকর্তার মাধ্যমে প্রধান নির্বাচন কমিশনারের কাছে স্মারকলিপি দিয়েছে বাংলাদেশ মহিলা পরিষদ জেলা শাখা। গতকাল সোমবার ওই স্মারকলিপি দেওয়া হয়।
গতকাল বেলা ১১টায় বাংলাদেশ মহিলা পরিষদ জেলা শাখার সভাপতি কানিজ রহমান ও সাধারণ সম্পাদক মারুফা বেগমের নেতৃত্বে একটি প্রতিনিধি দল জেলা প্রশাসক কার্যালয়ে যান। তাঁরা জেলা রিটার্নিং কর্মকর্তার দায়িত্ব পালনকারী অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আবু রায়হান মিঞা এবং পরে জেলা নির্বাচন কর্মকর্তা নূরুজ্জামান তালুকদারের কাছে স্মারকলিপি দেন।
স্মারকলিপিতে উল্লেখ করা হয়, লিঙ্গ বৈষম্য দূর, নারী-পুরুষ সমান অধিকার সর্বোপরি নারীর ক্ষমতায়ন আন্দোলনে বাংলাদেশ সরকার একাত্মতা ঘোষণা করেছে। নারীরা যখন পুরুষদের সঙ্গে সমানতালে উন্নয়নে ভূমিকা রাখছেন, ঠিক তখনই আসন্ন পৌরসভা নির্বাচনে নারী কাউন্সিলর প্রার্থীদের প্রতীক হিসেবে চুড়ি, পুতুল, চকলেট, ফ্রক, ভ্যানিটি ব্যাগ, গ্যাসের চুলা ইত্যাদি বরাদ্দ করা হয়েছে। মহিলা পরিষদ মনে করে এর ফলে নির্বাচন কমিশন এ দেশের নারীসমাজকে চরমভাবে হেয় করেছে।