পরিবর্তনের প্রতিশ্রুতি আংশিক পূরণ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিলেট সিটি করপোরেশনের সাবেক মেয়র নগর আওয়ামী লীগের সভাপতি বদরউদ্দিন আহমদ কামরান টানা ১৮ বছর জনপ্রতিনিধি ছিলেন। বর্তমান মেয়র বিএনপির কেন্দ্রীয় সদস্য আরিফুল হক চৌধুরী তাঁর সঙ্গে নির্বাচনী প্রতিদ্বন্দ্বিতায় নামলে শুরুতেই ‘পরিবর্তন’ বলে একটি আওয়াজ উঠেছিল। শেষ পর্যন্ত ‘পরিবর্তন’ জয়ী হলে মেয়র আরিফ তাঁর পাঁচ বছরে নগরবাসীকে ‘নতুন সিলেট’ উপহার দেওয়ার প্রতিশ্রুতিও দিয়েছিলেন।
আরিফ নির্বাচিত হওয়ার এক বছর পূর্ণ হচ্ছে আজ। এই এক বছরে তাঁর কর্মতৎপরতায় নগরবাসী সন্তোষ প্রকাশ করেছেন। ‘পরিবর্তন’ দেখা গেছে শুরুতেই নগরের বর্জ্য ব্যবস্থাপনায়। প্রতিদিনের বর্জ্য-ময়লা-আবর্জনা রাতের মধ্যে অপসারণ করা হচ্ছে। বর্ষা সামনে রেখে নগরের ছড়া-খাল দখলমুক্ত করার কাজেও পরিবর্তন দেখা যায়। এক বছরে এই দুই দিক বিবেচনায় নগরের একাধিক বাসিন্দা জানান, মেয়র সফলতা দেখিয়েছেন। তবে নগরজীবনের গুরুত্বপূর্ণ দুই দিক—সড়ক সংস্কার ও পানিসংকট নিরসনে সফলতার বিপরীত চিত্র পরিলক্ষিত হচ্ছে।
আরিফুল হক চৌধুরী ২০১৩ সালের ১৮ সেপ্টেম্বর তিনি মেয়রের দায়িত্বভার নেন৷ এরপর নগরের কয়েকটি সমস্যা চিহ্নিত করে সেসব সমাধানে স্বল্পমেয়ািদ, মধ্যমেয়ািদ ও দীর্ঘমেয়ািদ উদ্যোগ নেন। বিশেষ করে ফুটপাতের অবৈধ স্থাপনা উচ্ছেদ, যানজট নিরসনে রিকশা লেন চালু, জলাবদ্ধতা নিরসনে ছড়া-খাল খনন এবং নগর ভবনকে দলীয় প্রভাব থেকে মুক্ত রেখে নগরবাসীর প্রত্যাশা পূরণে সফলতার পরিচয় দিয়েছেন৷ বিশেষ করে অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিতের সঙ্গে সুসম্পর্ক রেখে আরিফুল হক নগরের উন্নয়ন কর্মকাণ্ডে রাজনৈতিক দৃষ্টিভঙ্গি এড়িয়ে তাঁকেও সঙ্গী করার বিষয়টি নগরবাসী ইতিবাচকভাবে নিয়েছেন।
দক্ষিণ সুরমা উপজেলায় ট্রাক টার্মিনাল নির্মাণের জন্য ছয় কোটি টাকা ব্যয়ে একটি প্রকল্পের ৭০ শতাংশ কাজ ইতিমধ্যে সম্পন্ন হয়েছে। যানজট কমাতে গুরুত্বপূর্ণ বন্দরবাজার সড়কে ১৮ লাখ টাকা ব্যয়ে রিকশা লেন পদ্ধতি চালু করা হয়। যানজট নিরসনে এ পদ্ধতি বেশ কাজে এসেছে বলে নগরবাসী জানিয়েছেন। এ ছাড়া এক কোটি টাকা ব্যয়ে চলতি বছরের ফেব্রুয়ারি ও মার্চে নগরবাসীর হাঁটার পথ নিশ্চিত করতে ফুটপাতে ব্লক বসানো হয়েছে।
জলাবদ্ধতা নিরসনে বেদখল হয়ে পড়া হলদি ছড়া, গেয়ালি ছড়া, মালনী ছড়া ও ধোপা ছড়া উদ্ধারের কাজ শুরু করে সিটি করপোরেশন। ছয় কোটি ৫১ লাখ টাকা ব্যয়ে এই প্রকল্পের অধীনে ছড়াগুলো খনন ও অবৈধ স্থাপনা উচ্ছেদ এবং পাকা নালা নির্মাণ করা হচ্ছে।
বর্ষা মৌসুম শুরুর আগে গুরুত্বপূর্ণ নালাগুলো পরিষ্কার করা হয়েছে৷ বর্জ্য ফেলার জন্য সম্প্রতি দেড় কোটি টাকায় আরও পাঁচটি ট্রাক কেনা হয়েছে।
নগরে সাত কোটি ২৫ লাখ টাকা ব্যয়ে বেশ কয়েকটি প্রকল্পের কাজ চলছে। এসব প্রকল্পের মধ্যে রয়েছে সিলেট কেন্দ্রীয় শহীদ মিনার আধুনিকীকরণ, ফুটপাতে রেলিং স্থাপন, ফুটওভারব্রিজ নির্মাণ, ভোলানন্দ স্কুল নির্মাণ, বাগবাড়ি বর্ণমালা স্কুল নির্মাণ এবং সুইপার কলোিন নির্মাণ। এসব প্রকল্পের বেশ কয়েকটি ইতিমধ্যে সম্পন্ন হয়েছে।
বর্তমান মেয়র দায়িত্ব গ্রহণের পর গত এক বছরে পুরোনো ও নতুন প্রকল্পে প্রায় ১০০ কোটি টাকার কাজ হয়েছে। বাগবাড়িতে আধুনিক কসাইখানা নির্মাণের জন্য সাত কোটি ৮৯ লাখ টাকায় জমি অধিগ্রহণের কাজ সম্পন্ন হয়েছে।
তবে নগরবাসীর অভিযোগও রয়েছে। এক বছরে মেয়র একাধিক উন্নয়নমূলক কাজ গ্রহণ করলেও সড়ক সংস্কারে ব্যর্থতার পরিচয় দিয়েছেন বলে একাধিক নগরবাসী অভিযোগ করেন।
‘পরিবর্তনের সূচনা করেছি’
নির্বাচিত হওয়ার এক বছর পূর্তিতে মেয়র আরিফুল হক চৌধুরী প্রথম আলোকে বলেন, ‘মানুষ পরিবর্তন চেয়ে আমাকে ভোট দিয়েছিলেন। আমি সেই পরিবর্তনের সূচনা দায়িত্ব নেওয়ার দিন থেকেই শুরু করেছি।’ আগামী পাঁচ বছরে সত্যিকার অর্থে সিলেট দেখতে ‘নতুন’ লাগবে—এমন অভিপ্রায় ব্যক্ত করে মেয়র বলেন, ‘পুরো নগরকে একটি মাস্টারপ্ল্যানের আতওতায় সাজানো হবে। নির্দিষ্ট সময়ের মধ্যে নির্বাচনে দেওয়া প্রতিশ্রুতিগুলো পূরণ করা হবে।’