পরিবর্তিত সাংস্কৃতিক পরিবেশ এইডসের ঝুঁকি বাড়াচ্ছে
বাংলাদেশে ২২ শতাংশ তরুণ-তরুণী বিয়ের আগে শারীরিক সম্পর্কের অভিজ্ঞতা অর্জন করে। তাদের মাত্র এক-তৃতীয়াংশ কনডম ব্যবহার করে। এইচআইভি/এইডস সম্পর্কে তাদের বেশির ভাগের কোনো ধারণা নেই। পরিবর্তিত সাংস্কৃতিক পরিবেশ এইচআইভি/এইডসের ঝুঁকি বাড়াচ্ছে।সমাজের বিভিন্ন শ্রেণী-পেশার ৩১ জন প্রতিনিধির সাক্ষাৎকার এবং বিভিন্ন সময়ে এইচআইভি/এইডস নিয়ে প্রকাশিত গবেষণার তথ্য নিয়ে নতুন করে তৈরি করা সমীক্ষায় এ তথ্য জানানো হয়েছে। সমীক্ষাটি করেছে জাতিসংঘের শিক্ষা, বিজ্ঞান ও সংস্কৃতিবিষয়ক সংস্থা ইউনেস্কো। গতকাল বুধবার রাজধানীর স্পেকট্রা কনভেনশন সেন্টারে গবেষক টনি মাইকেল গোমেজ প্রতিবেদনটি উপস্থাপন করেন।নতুন এ সমীক্ষাটি সমাজ, সংস্কৃতি ও মানুষের সঙ্গে মানুষের আচরণের বিভিন্ন দিক কীভাবে তাকে ঝুঁকিপূর্ণ জীবনে ঠেলে দিচ্ছে, সে বিষয়ে ধারণা দিয়েছে। ‘ওভারলুকড! লেটস নো দাইসেলফ’ শীর্ষক প্রতিবেদনে পরিবর্তিত সাংস্কৃতিক পরিবেশ কীভাবে এইচআইভি/এইডসের ঝুঁকি বাড়াচ্ছে, সে বিষয়ে আলোচনা করা হয়েছে। ইউনেস্কো ঢাকা অফিসের প্রধান ও আবাসিক প্রতিনিধি ডেরেক এলিয়াস জানান, ২২ শতাংশ তরুণ-তরুণীর বিবাহপূর্ব শারীরিক সম্পর্কের এ তথ্যটি একটি জাতীয় সমীক্ষা থেকে নেওয়া।জাতীয় এইডস/যৌনবাহিত রোগ কর্মসূচির উপকর্মসূচি ব্যবস্থাপক সাঈদুর রহমান জানান, নতুন এ সমীক্ষা এইচআইভি/এইডস প্রতিরোধ কর্মসূচিকে এগিয়ে নিতে সাহায্য করবে।গবেষক টনি গোমেজ দাবি করেন, এইচআইভি/এইডসের সঙ্গে সামাজিক ও সাংস্কৃতিক বিবর্তনের যোগাযোগ নিয়ে এ ধরনের গবেষণা বাংলাদেশে এটাই প্রথম। তিনি বলেন, মুঠোফোন ও ইন্টারনেটের অবাধ ব্যবহার তরুণদের বিপথগামী করে তুলছে। তাঁর মতে, প্রতিটি বিশ্ববিদ্যালয়ে ঢোকার মুখে চেকপোস্ট বসানো হলে শতকরা ৯৯ জন ছাত্রের মুঠোফোনে পর্নো ছবি পাওয়ার সম্ভাবনা আছে।এ ছাড়া পণ্যের প্রসারে নারীদের অপব্যবহার, অশ্লীল ছবি, বইয়ের সহজলভ্যতা তরুণ সমাজকে ঝুঁকিপূর্ণ জীবনযাপনের দিকে ঠেলে দিচ্ছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়। প্রতিবেদন উপস্থাপনের পর অন্য জীবন নামের একটি তথ্যচিত্র দেখানো হয়। ওই তথ্যচিত্রে পুরুষ যৌনকর্মীদের (এমএমএম) জীবনাচরণ ও তাঁদের প্রতি বৈষম্যের বিষয়টি তুলে ধরা হয়।সমীক্ষার সীমাবদ্ধতা: এক প্রশ্নের উত্তরে টনি গোমেজ স্বীকার করেন, এ ধরনের একটি গবেষণায় সাক্ষাৎকারের আওতায় আরও বেশি মানুষকে সম্পৃক্ত করা যেত। সে অর্থে প্রতিবেদনটি জাতীয়ভিত্তিক নয়।সমীক্ষা প্রতিবেদনে বিভিন্ন যৌনতা-নির্ভর বিজ্ঞাপনচিত্র, বই ও পোস্টারে নারীদের উপস্থাপনের ছবিসহ উদাহরণ দেওয়া হয়েছে। এ ধরনের উপস্থাপন মানুষকে নতুন করে ঝুঁকিপূর্ণ আচরণে উদ্বুদ্ধ করবে কি না, জানতে চাইলে টনি গোমেজ বলেন, নীতি-নৈতিকতার সব মানদণ্ড অনুসরণ করে প্রতিবেদনটি প্রকাশ করা হয়েছে।