সিলেটে সুশাসনের জন্য নাগরিক (সুজন) আয়োজিত গোলটেবিল বৈঠকে তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা পরিবর্তিতরূপে হলেও ফিরিয়ে আনার দাবি জানানো হয়েছে। সিলেট সিটি করপোরেশনের সম্মেলনকক্ষে গতকাল শনিবার সন্ধ্যায় আয়োজিত এ বৈঠকে উপস্থিত রাজনৈতিক ও পেশাজীবী বিভিন্ন সংগঠনের নেতারা এ মতামত ব্যক্ত করেন।‘কোন পথে নিরপেক্ষ ও অর্থবহ নির্বাচন’ শীর্ষক ওই গোলটেবিল বৈঠকে বক্তারা বলেন, ‘নির্বাচন ছাড়া গণতন্ত্র শক্তিশালী হবে না। আমরা আর ওয়ান-ইলেভেন চাই না। রাজনৈতিক সহিংসতাও চাই না। গণতন্ত্রকে শক্তিশালীরূপে এগিয়ে নিতে হলে দল-নিরপেক্ষ পরিবেশে গ্রহণযোগ্য নির্বাচন আয়োজন করতে হবে। এ জন্য পরিবর্তিতরূপে হলেও তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা ফিরিয়ে আনতে হবে।’ নেতারা আগামী জাতীয় নির্বাচন নিয়ে শঙ্কা প্রকাশ করেন এবং ১/১১ প্রেক্ষাপটের সমালোচনা করেন। বিকল্প প্রস্তাব হিসেবে তাঁরা দল-নিরপেক্ষ পরিবেশে নির্বাচন অনুষ্ঠানের প্রতি গুরুত্বারোপ করেন। সিলেট সিটি করপোরেশনের মেয়র বদরউদ্দিন আহমদ কামরান বলেন, গণতন্ত্রকে শক্তিশালী করতে হলে রাজনৈতিক ঐক্য ও নিরপেক্ষ নির্বাচনের বিকল্প নেই। মূল ধারার রাজনৈতিক দলগুলোকে ঐক্যবদ্ধ হয়ে দল-নিরপেক্ষ অবাধ ও সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানের ব্যাপারে আলোচনায় বসতে হবে।বিকেল পাঁচটা থেকে সন্ধ্যা সাতটা পর্যন্ত দুই ঘণ্টাব্যাপী ওই বৈঠকে বিষয়ভিক্তিক লিখিত বক্তব্য দেন সুজনের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক বদিউল আলম মজুমদার। তিনি বলেন, ‘গণতন্ত্রকে শক্তিশালী করতে হলে নিরপেক্ষ ও অবাধ-সুষ্ঠু নির্বাচন প্রয়োজন। অতীত থেকে আমরা এ শিক্ষা নিয়েছি। তত্ত্বাবধায়ক সরকার থাকলে পূর্ববর্তী দলীয় সরকারের সাজানো ছক ভেঙে ফেলত। এতে করে নিরপেক্ষতার দিক প্রসারিত হতো। কিন্তু দলীয় সরকারের অধীনে নিরপেক্ষ নির্বাচন সম্ভব নয়।’আগামী নির্বাচন নিয়ে অনিশ্চয়তা দূর করতে সুজনের সাধারণ সম্পাদক প্রস্তাব করেন, ‘তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা আরও অন্তত দুই টার্ম বহাল রাখা যেতে পারে। আর তা না হলে পরিবর্তিতরূপে হলেও তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা ফিরিয়ে আনতে হবে।’এরপর বৈঠকে পর্যায়ক্রমে মতামত ব্যক্ত করেন সিলেটের সিটি মেয়র বদরউদ্দিন আহমদ, সিলেট পৌরসভার সাবেক চেয়ারম্যান আ ফ ম কামাল, বিয়ানীবাজার উপজেলা পরিষদের চেয়ারম্যান রুমা চক্রবর্তী, বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশনের (বিএমএ) সাবেক কেন্দ্রীয় সহসভাপতি শামীমুর রহমান, ন্যাপের নেতা সৈয়দ আবদুল হান্নান, বাসদের নেতা উজ্জ্বল রায়, বাংলাদেশ পরিবেশ আাান্দোলন (বাপা) সিলেটের সাধারণ সম্পাদক আবদুল করিম প্রমুখ।