পরিবহন ও বাড়তি ভাড়ায় ভোগান্তিতে মানুষ
একদিকে পরিবহনের সংকট, অন্যদিকে অতিরিক্ত ভাড়া আদায়—এ দুয়ের চাপের পড়ে নাস্তানাবুদ হচ্ছেন কর্মস্থলমুখী নিম্ন আয়ের মানুষ। বগুড়ার শিবগঞ্জ উপজেলার মোকামতলা বাসস্ট্যান্ডে দেখা গেল নিম্ন অায়ের মানুষের এ দুর্ভোগ।
গতকাল সোমবার মোকামতলা বাসস্ট্যান্ড এলাকায় দেখা গেছে, স্বাভাবিকের চেয়ে অনেক বেশি ভাড়া দাবি করা হচ্ছে লোকাল পরিবহনগুলোতে। তা মেনে নিয়েই বাসগুলোতে উঠছে লোকজন। আসন না পেয়ে অনেকে বাসের ছাদে বা ট্রাকে চড়েও রওনা দিচ্ছেন। যাঁরা শেষ পর্যন্ত গাদাগাদি বা হুড়োহুড়িতে কুলোতে পারেননি, তাঁরা নতুন করে যানবাহনের সন্ধানে হন্যে হয়ে ছোটাছুটি করছেন।
মোকামতলা এলাকার সাত-আটজন মানুষের সঙ্গে কথা বলে জানা যায়, শিবগঞ্জ, কালাই, সোনাতলা, গাবতলী ও সাঘাটা উপজেলার প্রায় এক লাখ শ্রমিক ঢাকা ও চট্টগ্রামের একাধিক তৈরি পোশাক কারখানায় চাকরি করেন। অনেকেই রিকশা চালান বা ঝিয়ের কাজ করেন। এ সব নিম্ন আয়ের মানুষ প্রিয়জনের সঙ্গে ঈদ করতে ঈদের ছুটিতে বাড়িতে আসেন। ঈদের পরদিন থেকেই তাঁরা কর্মস্থলে যেতে শুরু করেছেন। এসব নিম্ন আয়ের মানুষ কম টাকায় কর্মস্থলে পৌঁছাতে মোকামতলা বাসস্ট্যান্ডে ভিড় করছেন। ঢাকামুখী চার-পাঁচজন যাত্রী বলেন, একজন যাত্রীর নামীদামি একটি কোচে ঢাকায় যেতে ৪০০ টাকা থেকে ৪৫০ টাকা ভাড়া দিতে হয়। অথচ তাঁদের কাছে থেকে লোকাল বাসেই ঢাকা যাওয়ার জন্য ভাড়া নেওয়া হচ্ছে ৫০০ টাকা থেকে ৭০০ টাকা, আর ছাদে গেলে ১৮০ টাকা থেকে ২০০ টাকা।
একটি বাসের সুপারভাইজার হাবিবুর রহমান বলেন, ঢাকা থেকে আসার সময় কোনো যাত্রী পাওয়া যায় না, তাই তাঁরা সামান্য কিছু বেশি ভাড়া নিচ্ছেন।