পরিবহন খরচের অজুহাতে ডিজেলের মূল্যবৃদ্ধি!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভোলায় ‘সংকট’ সৃষ্টি করে বেশি দামে ডিজেল বিক্রি করা হচ্ছে। এতে বোরো খেতে সেচ দিতে গিয়ে খরচ বেড়ে গেছে। পরিবহন খরচের অজুহাত দেখিয়ে পাইকারি বিক্রেতারা বেশি দাম ডিজেল বিক্রি করছেন। আগে খুচরা ৪৫ টাকা লিটার বিক্রি করা হলেও এখন ৪৮-৪৯ টাকায় বিক্রি হচ্ছে।দৌলতখান উপজেলার মদনপুর ইউনিয়নের পাটওয়ারী বাজারের মুদির দোকানদার মো. জাহাঙ্গীর আলম এবং বাজারের জেনারেটর ব্যবসায়ী লুৎফুর রহমান বলেন, আগে ভোলা শহর থেকেই তাঁরা পাইকারি ৪৩ টাকা লিটার দরে ডিজেল কিনতেন। এখন ৪৫ টাকায় কিনতে হচ্ছে। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, বরিশাল ডিপো থেকে রহমান অ্যান্ড সন্স, মুর্তুজা এন্টারপ্রাইজ, দ্বীপাঞ্চল এন্টারপ্রাইজ, সাদ এন্টারপ্রাইজ, হাওলাদার ট্রেডার্স, সোহাগ এন্টারপ্রাইজ, সোহান ট্রেডার্সসহ কয়েকটি প্রতিষ্ঠান ডিজেল, পেট্রল ও অকটেন ভোলায় এনে পাইকারি বিক্রি করেন। এসব প্রতিষ্ঠানের কর্মকর্তারা জানান, সব মিলিয়ে ভোলায় প্রতিদিন কমপক্ষে প্রায় ৪০০ থেকে ৫০০ ব্যারেল ডিজেলের চাহিদা রয়েছে। বোরো আবাদের মৌসুমে তা ৭০০ ব্যারেলে গিয়ে ঠেকে। কিন্তু এখন প্রতিদিন মাত্র ২০০ থেকে সোয়া ২০০ ব্যারেল ডিজেল আসছে। দ্বীপাঞ্চল এন্টারপ্রাইজের মালিক মো. জসিম উদ্দিন বলেন, ‘সংকট আমরা সৃষ্টি করিনি। ফেরিতে লরি পারাপার করতে দেরি হওয়ায় প্রতিদিন চাহিদার অর্ধেক ডিজেলও ভোলায় আসতে পারছে না। ফেরি-সংকট ও কর্মচারীদের স্বেচ্ছাচারিতার কারণে একজন লরিচালক ফেরিঘাটে এক সপ্তাহ পর্যন্ত বসে থাকেন। এতে লরিপ্রতি বাড়তি দেড় হাজার টাকা গুনতে হচ্ছে।’বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ পরিবহন সংস্থা (বিআইডব্লিউটিসি) ভোলা-বরিশাল নৌপথের সহকারী ব্যবস্থাপক মো. আবদুল মতিন জানান, তাঁরা এ পথে চালানোর জন্য সড়ক ও জনপথ (সওজ) বিভাগের কাছ থেকে চারটি ফেরি ভাড়া নিয়েছেন। কিন্তু সওজ দিয়েছে দুটি, চলছে মাত্র একটি ফেরি। অন্যটি অকেজো। নদীতে ডুবোচর থাকায় ভাটার সময় ফেরি চালানো সমস্যা হচ্ছে।ভোলা সওজের নির্বাহী প্রকৌশলী সুশীল চন্দ্র সাহা বলেন, দুই বছরের চুক্তিতে বিআইডব্লিউটিসি তাদের কাছ থেকে ফেরি ভাড়া নিয়েছিল। তিন বছর হতে চললো তারা শুধু ভাড়ার মেয়াদ বাড়াচ্ছেই, নিজস্ব ফেরি আর আনছে না।জেলা প্রশাসক মো. মেসবাহুল ইসলাম জানান, এই মুহূর্তে ডিজেলের দাম বাড়লে তা বোরো চাষিদের জন্য ভীতিকর। কেন ডিজেলের দাম বাড়ছে, তা তিনি খতিয়ে দেখবেন।