পরিবহন খাত নতুন যুগে প্রবেশ করল: প্রধানমন্ত্রী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, শৃঙ্খলা ও উন্নত সেবার লক্ষ্যে মোটরযানের রেডিও ফ্রিকোয়েন্সি আইডেনটিফিকেশন (আরএফআইডি) ট্যাগসহ রেট্রো-রিফ্লেকটিভ নম্বরপ্লেট চালুর মাধ্যমে পরিবহন খাত নতুন যুগে প্রবেশ করল। মোটরযানের মালিক, চালক, নিয়ন্ত্রক ও আইনশৃঙ্খলা রক্ষাকারীসহ সবার সুবিধা নিশ্চিত করতে এই ডিজিটাল পদ্ধতি চালু করা হয়েছে। খবর বাসসের।গতকাল বুধবার সকালে প্রধানমন্ত্রী তাঁর কার্যালয়ে এ ব্যবস্থার সঙ্গে ডিজিটাল নিবন্ধন সনদের উদ্বোধনকালে এ কথা বলেন। তিনি বলেন, এই নতুন ব্যবস্থা যানবাহন খাতে সেবার মান এবং বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের (বিআরটিএ) সামর্থ্য ও কর্মদক্ষতা বৃদ্ধির পাশাপাশি স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করবে। এতে গাড়ির মালিক ও যাত্রীরা উপদ্রবমুক্ত হবেন এবং একজনের নামে কয়টা গাড়ি আছে, তাও জানা যাবে।প্রধানমন্ত্রী ট্রাফিক আইন মেনে চলার জন্য জনগণের প্রতি আহ্বান জানিয়ে ট্রাফিক আইন সম্পর্কে গণসচেতনতা সৃষ্টি করতে যোগাযোগ ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে নির্দেশ দেন। এ ক্ষেত্রে তিনি ট্রাফিক আইন সম্পর্কে প্রথমে স্কুলশিক্ষার্থীদের শিক্ষাদানের প্রয়োজনীয়তার ওপর গুরুত্বারোপ করেন।প্রধানমন্ত্রী বলেন, তাঁর সরকার সড়ক, রেল ও নৌ—তিন পথেই নিরাপদ পরিবহনব্যবস্থা গড়ে তোলার ওপর বিশেষ গুরুত্ব দিয়েছে। এ লক্ষ্যে বুয়েটে একটি দুর্ঘটনা গবেষণা কেন্দ্র করা হয়েছে।পরে শেখ হাসিনা বিআরটিএর চেয়ারম্যানকে একটি ডিজিটাল নম্বরপ্লেট হস্তান্তরের মাধ্যমে মোটরযানের রেট্রো-রিফ্লেকটিভ নম্বরপ্লেট, রেডিও ফ্রিকোয়েন্সি আইডেনটিফিকেশন ট্যাগ ও ডিজিটাল নিবন্ধন সনদ কার্যক্রমের উদ্বোধন করেন।অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে যোগাযোগমন্ত্রী ওবায়দুল কাদের, সেনাবাহিনীর প্রধান ও বিএমটিএফের চেয়ারম্যান জেনারেল ইকবাল করিম ভূইয়া, সড়ক বিভাগের ভারপ্রাপ্ত সচিব এম এ এন সিদ্দিকী, বিআরটিএর চেয়ারম্যান আইয়ুবুর রহমান খান ও বিএমটিএফের ব্যবস্থাপনা পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল সাইফুর রহমান বক্তৃতা করেন। সংশ্লিষ্ট সূত্র জানায়, সেনাবাহিনী পরিচালিত বিএমটিএফ ১৫ বছরের জন্য বিল্ড-ওন-অপারেটর (বিওও) ভিত্তিতে এই নতুন ব্যবস্থার নির্মাণ, পরিচালনা ও রক্ষণাবেক্ষণ করবে। বিআরটিএ এ জন্য প্রথম পাঁচ বছরে বিএমটিএফকে প্রায় ৬০০ কোটি টাকা দেবে।এই ব্যবস্থায় প্রতিটি যানবাহনের জন্য নিবন্ধন নম্বরসহ একধরনের নম্বরপ্লেট বাধ্যতামূলক করা হয়েছে, যা দিন ও রাতে দেখা যাবে। এসব মোটরযান সহজে চিহ্নিত করতে এতে রেডিও ফ্রিকোয়েন্সি থাকবে। কোনো মোটরযান দুর্ঘটনার পর ঘটনাস্থল থেকে পালিয়ে গেলেও ডিজিটাল প্লেট সেটি শনাক্তকরণে সাহায্য করবে। এই ব্যবস্থা ভুয়া নম্বরপ্লেট ও একই নম্বর বিভিন্ন যানবাহনে ব্যবহারও শনাক্ত করবে।