দুটি সংগঠনের সংবাদ সম্মেলনে রাজনৈতিক সহিংসতায় ক্ষতির তথ্য
পরিবহন খাতে ক্ষতি ৩০ হাজার কোটি টাকা
রাজনৈতিক সহিংসতায় গত ১৫ মাসে প্রায় এক হাজার বাস-মিনিবাস, ট্রাক ও কাভার্ড ভ্যান জ্বালিয়ে দেওয়া হয়েছে। ভাঙচুর করা হয়েছে প্রায় সাড়ে তিন হাজার গাড়ি, যার আর্থিক ক্ষতির পরিমাণ ১৩০ কোটি টাকা। এই সময়ে পুড়িয়ে মারা হয়েছে ৫৫ জন পরিবহন শ্রমিককে।
গতকাল বৃহস্পতিবার ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে বাংলাদেশ সড়ক পরিবহন সমিতি ও বাংলাদেশ বাস-ট্রাক ওনার্স অ্যাসোসিয়েশন আয়োজিত যৌথ সংবাদ সম্মেলনে এসব তথ্য তুলে ধরা হয়। এতে মূল বক্তব্য তুলে ধরেন বাংলাদেশ সড়ক পরিবহন সমিতির মহাসচিব খন্দকার এনায়েত উল্লাহ।
সংবাদ সম্মেলনে বলা হয়, হরতাল-অবরোধে সব যান চলাচল বন্ধ থাকলে পরিবহন খাতে প্রতিদিন প্রায় ৩০০ কোটি টাকার মতো ক্ষতি হয়। সেই হিসাবে বিগত দিনে পরিবহন বন্ধের কারণে এ খাতে আর্থিক ক্ষতির পরিমাণ প্রায় ৩০ হাজার কোটি টাকা। বেসরকারি খাতের তিন লাখ গাড়ির সঙ্গে প্রায় ২৫ লাখ পরিবার জড়িত। আর ২৫ লাখ পরিবারের সঙ্গে প্রায় এক কোটিরও বেশি মানুষ এ খাতের ওপর নির্ভরশীল।
মহাসচিব বলেন, এই নৈরাজ্য-কর পরিস্থিতির কারণে অনেক মালিকই ব্যবসা গুটিয়ে নেওয়ার চিন্তা করছেন। দিনের পর দিন গাড়ি বন্ধ থাকায় মালিকেরা ব্যাংকের ঋণ পরিশোধ করতে পারছেন না। তিনি বলেন, রাজনৈতিক অস্থিরতায় দেশের পরিবহনব্যবস্থা প্রায় ধ্বংসের দ্বারপ্রান্তে এসে পৌঁছেছে। বিষয়টি বিবেচনায় রেখে যেসব মালিক ২০১২ সালের অক্টোবর মাস থেকে আজ পর্যন্ত ঋণখেলাপি হয়ে গেছেন, তাঁদের সুদ মওকুফ ও ব্যাংকের ঋণ পুনঃ তফসিলীকরণ সুবিধাদানের জন্য সংগঠন দুটি বাংলাদেশ ব্যাংকের গভর্নরের কাছে আবেদন জানায়।
ভাঙচুরের ঘটনায় জড়িত ব্যক্তিদের আইনের আওতায় এনে সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করার দাবি জানিয়ে সংবাদ সম্মেলনে বলা হয়, ক্ষতিগ্রস্ত গাড়ি ও হতাহত শ্রমিকদের জন্য সরকারের পক্ষ থেকে আংশিক ক্ষতিপূরণ পাওয়া গেছে। বাকি ক্ষতিগ্রস্ত গাড়ি ও হতাহত শ্রমিকদের ক্ষতিপূরণ দেওয়ার জন্য তাঁরা সরকারের কাছে অনুরোধ জানান।
সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ বাস-ট্রাক ওনার্স অ্যাসোসিয়েশনের সহসভাপতি ফারুক তালুকদার ও রমেশ চন্দ্র ঘোষ।