ঢাকার গুলিস্তান, সায়েদাবাদসহ নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার শীর্ষ সন্ত্রাসী ও পরিবহন খাতের আতঙ্ক হেলাল উদ্দিন ওরফে হেলালকে (৩৫) অবশেষে গ্রেপ্তার করতে সক্ষম হয়েছে পুলিশ। গত শনিবার রাতে সোনারগাঁ উপজেলার খিদিরপুর গ্রাম থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। হেলারের গ্রেপ্তারের খবরে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের বিভিন্ন স্থানে পরিবহন মালিক ও শ্রমিকেরা আনন্দ মিছিল করেছেন।সোনারগাঁ থানার উপপরিদর্শক (এসআই) আবদুল হক শিকদার জানান, উপজেলার সাদিপুর ইউনিয়নের খিদিরপুর গ্রামে নিজ বাড়ি থেকেই হেলালকে গ্রেপ্তার করা হয়। তাঁর বিরুদ্ধে সোনারগাঁ, রূপগঞ্জ, ফতুল্লা, সিদ্ধিরগঞ্জ, বন্দর ও ঢাকার বিভিন্ন থানায় খুন, ডাকাতি, ছিনতাই ও চাঁদাবাজির অভিযোগে কমপক্ষে ১২টি মামলা রয়েছে। তিনি একটি চাঁদাবাজি মামলায় পাঁচ বছরের সাজাপ্রাপ্ত আসামি। এসআই আবদুল হক আরও জানান, গুলিস্তান ও সায়েদাবাদের চাঁদাবাজ খোকন ও আনোয়ার সন্ত্রাসীদের হাতে নিহত হওয়ার পর সন্ত্রাসী হেলাল এ এলাকায় পরিবহন খাতে চাঁদাবাজি করে আসছিলেন। হেলাল খুব ধূর্ত। পুলিশ ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের চোখ ফাঁকি দিয়ে তিনি তাঁর সন্ত্রাসী কার্যক্রম চালিয়ে যাচ্ছিলেন। দীর্ঘ চেষ্টার পর পুলিশ তাঁকে গ্রেপ্তার করতে সক্ষম হয়। স্বীকারোক্তি অনুযায়ী, তাঁর জিম্মায় থাকা অস্ত্র উদ্ধারের চেষ্টা চালাচ্ছে পুলিশ। এদিকে সন্ত্রাসী হেলালের গ্রেপ্তারের খবরে গতকাল রোববার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মোগরাপাড়া চৌরাস্তা, কাঁচপুর ও মেঘনাঘাট এলাকায় বিভিন্ন পরিবহনের মালিক ও শ্রমিকেরা আনন্দ মিছিল করেন। মিছিল থেকে হেলালের দ্রুত বিচার ও শাস্তি দাবি করা হয়।আনন্দ মিছিলে অংশ নেওয়া সোনারগাঁ সুপার সার্ভিসের একটি বাসের নাম প্রকাশে অনিচ্ছুক একজন মালিক জানান, হেলাল গ্রেপ্তার হওয়ায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে চলাচলকারী যানগুলোতে চাঁদাবাজি কমবে। এই সন্ত্রাসীর কাছে মালিক-শ্রমিক সবাই জিম্মি ছিলেন। কেউ চাঁদা দিতে রাজি না হলেই তাঁর গাড়িতে ভাঙচুর বা আগুন লাগিয়ে দিত হেলালের ক্যাডাররা।