দেশের সড়ক পরিবহন খাতে মালিক ও শ্রমিকদের ৯৩২টি সংগঠনের মধ্যে ৬৮৬টিই অবৈধ। এ কারণে পরিবহন খাতে ব্যাপক চাঁদাবাজি ঘটছে। মালিক ও শ্রমিক সংগঠনের নেতারা গতকাল রোববার শ্রম মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় উপকমিটির বৈঠকে এ কথা জানিয়েছেন।বৈঠক শেষে সংসদীয় কমিটির সভাপতি ইসরাফিল আলম সাংবাদিকদের এ তথ্য জানান। তিনি বলেন, পরিবহন খাতে যে অবৈধ চাঁদাবাজি চলছে, সে জন্য অবৈধ সংগঠনগুলো দায়ী। বৈঠকে মালিক-শ্রমিক সংগঠনগুলো অবৈধ সংগঠন বন্ধ করতে বলেছে। সংসদীয় উপকমিটিও এর সঙ্গে একমত প্রকাশ করেছে।ইসরাফিল আলম আরও বলেন, সব খাতের মালিক সংগঠনগুলো জয়েন্ট স্টক কোম্পানি থেকে নিবন্ধন নেয়। কিন্তু পরিবহন খাতের মালিক সংগঠনগুলো শ্রম অধিদপ্তর ও জয়েন্ট স্টক কোম্পানি—দুই জায়গা থেকেই নিবন্ধন নেয়। মালিক সংগঠনগুলো মনে করে, এতে সমস্যা তৈরি হচ্ছে। তারা শুধু জয়েন্ট স্টক কোম্পানি থেকে নিবন্ধন নিতে চায়। সংসদীয় উপকমিটি এ বিষয়েও তাদের সঙ্গে একমত প্রকাশ করেছে।জাতীয় সংসদ ভবনে উপকমিটির এই বৈঠক হয়। ইসরাফিল আলমের সভাপতিত্বে বৈঠকে কমিটির সদস্য শাজাহান খান, শহীদুজ্জামান সরকার, বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের কার্যকরী সভাপতি ও ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতির মহাসচিব খন্দকার এনায়েত উল্লাহ প্রমুখ উপস্থিত ছিলেন।বৈঠক-সংশ্লিষ্ট সূত্র জানায়, কমিটি অবৈধ চাঁদাবাজি বন্ধে ১৭টি সুপারিশ করেছে। এর মধ্যে রয়েছে, বিধিবহির্ভূত চাঁদা আদায় বন্ধে সরকারি সিদ্ধান্তের পাশাপাশি মালিক, শ্রমিক, বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ) ও পুলিশের আন্তরিকতা প্রয়োজন। এক জেলার একাধিক স্থানে কোনোভাবেই চাঁদা আদায় করা যাবে না। এক জেলায় একাধিক সংগঠন থাকলে সংশ্লিষ্ট সংগঠনগুলো আলোচনা করে একটি স্থান নির্ধারণ করবে। আন্তজেলা বাস টার্মিনাল ও ফেরিঘাটে চাঁদাবাজি বন্ধে ইজারা পদ্ধতি বাতিল করতে হবে। এ ক্ষেত্রে শ্রমিক সংগঠনের মাধ্যমে নির্ধারিত টোল আদায়কারী নিয়োগ করা যেতে পারে।সুপারিশগুলো বাস্তবায়নে নৌপরিবহনমন্ত্রী শাজাহান খানকে আহ্বায়ক করে একটি উপকমিটি গঠনের প্রস্তাব করা হয়েছে। উপকমিটির সদস্য হিসেবে বাংলাদেশ সড়ক পরিবহন সমিতি, বাংলাদেশ ট্রাক ওনার্স অ্যাসোসিয়েশন ও বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের নেতাদের নাম প্রস্তাব করা হয়েছে।