পরিবহন থেকে ২০০ কোটি টাকা লুটেছে ওসমান পরিবার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গত সাড়ে চার বছরে নারায়ণগঞ্জের পরিবহন খাত থেকে ওসমান পরিবার ও তাদের ক্যাডাররা ২০০ কোটি টাকার বেশি লুট করেছে বলে অভিযোগ করেছে যাত্রী অধিকার সংরক্ষণ ফোরাম নামের একটি স্থানীয় সংগঠন।

ফোরামের অভিযোগ, যে ২০০ কোটি টাকা লুটে নেওয়া হয়েছে, তা প্রকৃতপক্ষে বাসে চলাচলকারী সাধারণ যাত্রীদের পকেট থেকে গেছে। ওসমান পরিবারের চাঁদাবাজির কারণে বাসমালিকেরা বাসভাড়া অতিরিক্ত হারে বাড়াতে বাধ্য হয়েছেন।

আজ মঙ্গলবার ফোরাম আয়োজিত এক সংবাদ সম্মেলনে এই অভিযোগ করা হয়। নারায়ণগঞ্জ প্রেসক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন ফোরামের আহ্বায়ক ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব রফিউর রাব্বি।

লিখিত বক্তব্যে বলা হয়, নারায়ণগঞ্জের পরিবহন খাতে চাঁদাবাজি ও অরাজকতা চলছে। এখানে ঢাকা-নারায়ণগঞ্জ যাত্রাপথে ১১টি গণপরিবহন চলছে, যার মধ্যে সাতটি রেজিস্টার্ড কোম্পানিভুক্ত। বর্তমান সরকার ক্ষমতায় আসার পরপরই সরকারের নাম ভাঙিয়ে নাসিম ওসমান, সেলিম ওসমান, শামীম ওসমান, নাসিম ওসমানের ছেলে আজমেরী ওসমান ও শামীম ওসমানের ছেলে অয়ন ওসমান এবং তাঁদের ক্যাডাররা বিভিন্ন পরিবহন কোম্পানি দখল করে চাঁদাবাজির মহোত্সব শুরু করে। পরিবহন মালিকেরা বিভিন্ন সময় প্রতিকার চেয়ে প্রশাসনের কাছে অভিযোগ করেও ফল পাননি। ২০১১ সালের জুন মাসে যাত্রী অধিকার সংরক্ষণ ফোরাম ঢাকা-নারায়ণগঞ্জ যাত্রাপথে বাসভাড়া কমানোর দাবিতে গণ-আন্দোলন গড়ে তুললে জেলা প্রশাসন আঞ্চলিক পরিবহন কমিটির সভা ডাকতে বাধ্য হয়। ২০১১ সালের ১৮ জুন জেলা প্রশাসকের কার্যালয়ে অনুষ্ঠিত সভায় শামীম ওসমান বাসভাড়া বাড়ানোর পক্ষে অবস্থান নেন। ডিসি-এসপির সামনেই শামীম ওসমান নারায়ণগঞ্জ-৪ (ফতুল্লা) আসনের আওয়ামী লীগদলীয় সাংসদ সারাহ বেগম কবরী ও নগর আওয়ামী লীগের সভাপতি আনোয়ার হোসেনকে লাঞ্ছিত করেন। পরবর্তী সময়ে গণ-আন্দোলনের মুখে ভাড়া তিন টাকা কমানো হলেও বর্ধিত ভাড়া ছিল যাত্রীদের জন্য অসহনীয়। ওসমান পরিবার বছরের পর বছর নারায়ণগঞ্জের মানুষের ওপর নানা কায়দায় নির্যাতন চালিয়ে যাচ্ছে। নারায়ণগঞ্জের সব পরিবহন কোম্পানির মালিকদের ওসমান পরিবারকে চাঁদা দেওয়া বন্ধ করে জনস্বার্থে বাসভাড়া কমানোর অনুরোধ জানানো হয়।

পাশাপাশি নারায়ণগঞ্জ পরিবহন খাতে দুর্নীতি-লুটপাটের তদন্ত করে ওসমান পরিবারের আয়ের উত্স ও সম্পদের হিসাব সম্পর্কে জরুরি ভিত্তিতে যথাযথ তদন্ত করতে দুর্নীতি দমন কমিশনের প্রতি আহ্বান জানানো হয়।

এ ব্যাপারে শামীম ওসমানের বক্তব্যের জন্য তাঁর মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করা হয়। বারবার ফোন করলেও তিনি ফোন ধরেননি।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন নগর আওয়ামী লীগের সভাপতি আনোয়ার হোসেন, জেলা সিপিবির সভাপতি হাফিজুল ইসলাম, জেলা বাসদের সমন্বয়ক নিখিল দাস, জেলা কৃষক লীগের সাধারণ সম্পাদক রোকনউদ্দিন আহম্মেদ, গণসংহতি আন্দোলনের জেলা সমন্বয়ক তরিকুল সুজন, নারায়ণগঞ্জ নাগরিক কমিটির সভাপতি এ বি সিদ্দিক, সাধারণ সম্পাদক আবদুুর রহমান, গণফোরামের দেলোয়ার হোসেন চুন্নু, নারায়ণগঞ্জ সাংস্কৃতিক জোটের সভাপতি প্রদীব ঘোষ বাবু, সাবেক সভাপতি ভবানী শংকর রায় প্রমুখ।