পরিবহন থেকে ২০০ কোটি টাকার বেশি লুট করেছে ওসমান পরিবার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নারায়ণগঞ্জের পরিবহন খাত থেকে গত সাড়ে চার বছরে ওসমান পরিবার ও তাদের ক্যাডাররা ২০০ কোটি টাকার বেশি লুট করে নিয়ে গেছে। লুটের এ টাকা বাসে চলাচলকারী সাধারণ যাত্রীদের। ওসমান পরিবারের চাঁদাবাজির কারণে বাসমালিকেরা বাসভাড়া বাড়াতে বাধ্য হয়েছেন। এতে জীবনযাত্রার ব্যয় বেড়ে গেছে সাধারণ যাত্রীদের।

যাত্রী অধিকার সংরক্ষণ ফোরামের উদ্যোগে গতকাল মঙ্গলবার দুপুরে নারায়ণগঞ্জ প্রেসক্লাবে এক সংবাদ সমেঞ্চলনে লিখিত বক্তৃতায় ফোরামের আহ্বায়ক সাংস্কৃতিক ব্যক্তিত্ব রফিউর রাব্বি এসব কথা বলেন। এ সময় উপস্থিত ছিলেন নগর আওয়ামী লীগের সভাপতি আনোয়ার হোসেন, জেলা সিপিবির সভাপতি হাফিজুল ইসলাম, জেলা বাসদের সমন্বয়ক নিখিল দাস, জেলা কৃষক লীগের সাধারণ সম্পাদক রোকনউদ্দিন আহমেঞ্চদ, গণসংহতি আন্দোলনের জেলা সমন্বয়ক তরিকুল সুজন, নারায়ণগঞ্জ নাগরিক কমিটির সভাপতি এ বি সিদ্দিক প্রমুখ।

লিখিত বক্তৃতায় বলা হয়, নারায়ণগঞ্জে পরিবহন খাতে চাঁদাবাজি ও অরাজকতা চলছে। ঢাকা-নারায়ণগঞ্জ সড়কপথে ১১টি গণপরিবহন চলছে। এর মধ্যে সাতটি রেজিস্টার্ড কোম্পানিভুক্ত। বর্তমান সরকার ক্ষমতায় আসার পরপরই সরকারের নাম ভাঙিয়ে নাসিম ওসমান, সেলিম ওসমান, শামীম ওসমান, তাঁদের ছেলে আজমেরী ওসমান ও অয়ন ওসমান এবং তাঁদের ক্যাডাররা বিভিন্ন পরিবহন কোম্পানি দখল করে চাঁদাবাজি শুরু করেন। পরিবহনের মালিকেরা বিভিন্ন সময় এর প্রতিকার চেয়ে প্রশাসনের কাছে অভিযোগ করেও ফল পাননি।

২০১০ সালের ডিসেম্বরে বন্ধন পরিবহনের মালিকেরা র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‌্যাব-১১) কাছে লিখিত অভিযোগে উল্লেখ করেন, ইব্রাহিম চেঙ্গিসের মাধ্যমে শামীম ও নাসিম ওসমান প্রতিবছর বন্ধন পরিবহন থেকে পাঁচ কোটি টাকা চাঁদা নিচ্ছেন। ২০১১ সালের জুন মাসে যাত্রী অধিকার সংরক্ষণ ফোরাম ঢাকা-নারায়ণগঞ্জ পথে বাসভাড়া কমানোর দাবিতে গণ-আন্দোলন গড়ে তুললে জেলা প্রশাসন আঞ্চলিক পরিবহন কমিটির সভা ডাকতে বাধ্য হয়। ওই বছরের ১৮ জুন জেলা প্রশাসকের কার্যালয়ে অনুষ্ঠিত সভায় শামীম ওসমান বাসভাড়া বাড়ানোর পক্ষে অবস্থান নেন। ডিসি-এসপির সামনেই শামীম ওসমান নারায়ণগঞ্জ-৪ (ফতুল্লা) আসনের আওয়ামী লীগ দলীয় এমপি সারাহ্ বেগম কবরী ও নগর আওয়ামী লীগের সভাপতি আনোয়ার হোসেনকে লাঞ্ছিত করেন। পরে গণ-আন্দোলনের মুখে তিন টাকা ভাড়া কমানো হলেও বর্ধিত ভাড়া ছিল যাত্রীদের জন্য অসহনীয়।

বক্তৃতায় আরও বলা হয়, ওসমান পরিবার বছরের পর বছর নারায়ণগঞ্জের মানুষের ওপর নানা কায়দায় নির্যাতন চালিয়ে যাচ্ছে। সম্প্রতি নারায়ণগঞ্জ কেন্দ্রীয় বাস টার্মিনাল থেকে ঢাকা-নারায়ণগঞ্জ লিংকরোড হয়ে সিদ্ধিরগঞ্জের শিমরাইল পর্যন্ত চলাচলকারী নসিব পরিবহন কর্তৃপক্ষ গত শুক্রবার সংবাদ সমেঞ্চলনে অভিযোগ করে, শামীম ওসমানের ছত্রচ্ছায়ায় তাঁর শ্যালক এহসানুল হাসান গত সাড়ে চার বছরে ছয় কোটি টাকা চাঁদা নিয়েছেন। সংবাদ সমেঞ্চলনের পরদিনই ওই মালিকেরা এহসানুলকে চাঁদা প্রদান বন্ধ করে ভাড়া দুই টাকা কমিয়ে দেন।

লিখিত বক্তৃতায় নসিব পরিবহনের এ দৃষ্টান্ত অনুসরণ করে নারায়ণগঞ্জের অন্য সব পরিবহন কোম্পানির মালিকদের ওসমান পরিবারকে চাঁদা দেওয়া বন্ধ করে জনস্বার্থে বাসভাড়া কমিয়ে দেওয়ার অনুরোধ জানানো হয়।

এ ব্যাপারে শামীম ওসমানের বক্তব্য জানার জন্য তাঁর মুঠোফোনে ফোন করা হলে তিনি ধরেননি।