পরিবহন ধর্মঘট অব্যাহত ভোগান্তি যাত্রীদের
ভোলার অভ্যন্তরীণ ১৩ সড়কে গতকাল মঙ্গলবার তৃতীয় দিনের মতো বাসশ্রমিকদের পরিবহন ধর্মঘট অব্যাহত ছিল। ভোলা সরকারি কলেজের ছাত্রদের সঙ্গে সংঘর্ষে এক বাসশ্রমিকের নিহত হওয়ার ঘটনার বিচারসহ কয়েক দফা দাবিতে তাঁরা এ কর্মসূচি পালন করছেন। সড়ক অবরোধ অব্যাহত থাকায় ভোলা থেকে কোনো যাত্রীবাহী বাস খুলনা, যশোর, চট্টগ্রাম ও ঢাকার উদ্দেশে ছেড়ে যাচ্ছে না। এতে বাসযাত্রীরা ভোগান্তি পোহাচ্ছে।প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, রোববার ছাত্রদের বাস হাফ (অর্ধেক) ভাড়া দেওয়া নিয়ে বাসশ্রমিক ও ভোলা সরকারি কলেজের ছাত্রদের মধ্যে সংঘর্ষে এক বাসশ্রমিক নিহত এবং ৬০ জন আহত হয়। এ ঘটনার পর বাসশ্রমিকেরা ভোলা-চরফ্যাশন আন্তমহাসড়ক অবরোধ করে ১৩ সড়কে যানবাহন চলাচল বন্ধ করে দেয়। ভোলা কলেজ শাখার ছাত্রলীগের সভাপতি তৈয়বুর রহমান দাবি করেন, বাস মালিক সমিতি তাদের বিরুদ্ধে মিথ্যা অভিযোগ তুলে জনগণকে ভোগান্তিতে ফেলছে। বাস মালিক সমিতির সাধারণ সম্পাদক আবুল কালাম বলেন, ‘শ্রমিক হত্যা, গাড়ি ভাঙচুরের ঘটনার সুষ্ঠু বিচার, আসামি গ্রেপ্তার ও সড়ক থেকে অবৈধ যান উচ্ছেদ না করলে আমরা সড়ক অবরোধ তুলব না।’