পরিবহন ধর্মঘট না মানার শাস্তি!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

হুট করে ডাকা পরিবহন ধর্মঘট উপেক্ষা করে গাড়ি চালানোর জন্য পাবনায় ১০ থেকে ১২ জন ট্রাকচালককে অমানবিক ‘শাস্তি’ দিয়েছেন আন্দোলনরত পরিবহনশ্রমিকেরা। গতকাল বুধবার সকালে পাবনার বেড়া উপজেলায় পাবনা-ঢাকা মহাসড়কের কাশীনাথ মোড়ে এ ঘটনা ঘটে।
স্থানীয় পরিবহনশ্রমিকেরা গতকাল সকালে রাস্তায় নেমে পাবনা-ঢাকা মহাসড়কের কাশীনাথ মোড়ে রাস্তা অবরোধ করে বিক্ষোভ করতে থাকেন। তখন ওই সড়ক দিয়ে সবজি এবং অন্যান্য কাঁচামাল নিয়ে যাওয়া ট্রাকগুলো থামিয়ে চালকদের টেনেহিঁচড়ে নামিয়ে আনেন তাঁরা। পরে তাঁদের ট্রাকের সামনের দিকে ইঞ্জিনের নিচে সড়কে শুইয়ে রাখেন শ্রমিকেরা।
প্রত্যক্ষদর্শীরা বলেন, সকাল সাতটা থেকে নয়টা পর্যন্ত দুই ঘণ্টায় ১০ থেকে ১২ জন ট্রাকচালককে এভাবে নাজেহাল করা হয়। এ সময় ইঞ্জিনের তাপে কয়েকজন চালক অসুস্থ হয়ে পড়েন। ধর্মঘটের মধ্যে ট্রাক চালানোর কারণে চালকদের গালমন্দ করে এবং শাসিয়ে ছেড়ে দেওয়া হয়। ট্রাকগুলো নাটোর, রাজশাহী, বগুড়াসহ কয়েকটি জেলা থেকে কাঁচামালসহ জরুরি পণ্য নিয়ে পাবনা আসছিল।
নাম প্রকাশে অনিচ্ছুক একজন ট্রাকচালক জানান, সকাল নয়টার দিকে কাশীনাথ মোড়ে তাঁকে ট্রাক থেকে টেনেহিঁচড়ে নামিয়ে গরম ইঞ্জিনের নিচে শুইয়ে দেওয়া হয়। ওই চালক ক্ষোভ প্রকাশ করে বলেন, ‘তারা শ্রমিকের জন্য আন্দোলন করতেছে। আন্দোলনকে সমর্থন করি। কিন্তু শ্রমিক হয়া এইভাবে আরেক শ্রমিকের ওপর এমন আচরণ করা ঠিক না।’
প্রত্যক্ষদর্শী অটোচালক বাবু মিয়া বলেন, ‘তাঁরা (শ্রমিকেরা) বাধা দেওয়ায় আইজ ভ্যান নিয়্যা বাইর হই নাই। একজন শ্রমিক আরেকজন শ্রমিককে এইভাবে শাস্তি দিব্যার পারে, তা চিন্তা করা যায় না।’
কাশীনাথপুর মোটর শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক শাহ আলম বলেন, শ্রমিকদের স্বার্থ রক্ষার দাবিতে বেশির ভাগ শ্রমিকই ঐক্যবদ্ধ হয়ে কর্মবিরতি পালন করছিলেন। সেখানে দু-একজনের তা না মানার বিষয়টি দৃষ্টিকটু। এ কারণে কিছু শ্রমিক উত্তেজিত হয়ে দু-একজন চালককে গালমন্দ করে থাকতে পারে।