পরিবহন ধর্মঘট প্রত্যাহার

ছয় দিন পর দক্ষিণ-পশ্চিমাঞ্চলের পরিবহন ধর্মঘট প্রত্যাহার করা হয়েছে। গতকাল সোমবার সচিবালয়ের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে সরকার, মালিক ও শ্রমিক প্রতিনিধিদের মধ্যে বৈঠক শেষে ধর্মঘট প্রত্যাহারের এই ঘোষণা দেওয়া হয়।
বৈঠক শেষে স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী আসাদুজ্জামান খান সাংবাদিকদের জানান, ফলপ্রসূ আলোচনার পর পরিবহনের মালিক-শ্রমিকেরা ধর্মঘট প্রত্যাহার করেছেন। এ সময় ধর্মঘট আহ্বানকারী নেতারাও মন্ত্রীর কথায় সায় দেন।
বৈঠক সূত্র জানায়, ধর্মঘট প্রত্যাহারের পূর্বশর্ত হিসেবে ফরিদপুরের পুলিশ সুপার (এসপি) ও মধুখালী থানার ওসির বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া এবং আটক পরিবহনকর্মীদের ছেড়ে দেওয়ার দাবি করা হয়েছিল। বৈঠকে আলোচনা শেষে সিদ্ধান্ত হয় যে পরিবহনশ্রমিকদের বিরুদ্ধে করা মামলার তদন্ত সিআইডিতে স্থানান্তর করা হবে। পাশাপাশি ফরিদপুর এলাকায় একাধিক ডাকাতির অভিযোগ থাকার পরও কেন মামলা হয়নি, তা তদন্তে একটি কমিটি গঠন করা হয়। এই কমিটি দায়ী ব্যক্তিদের চিহ্নিত করে বিচারের সুপারিশ করবে।
এর ফলে সরকার মালিক-শ্রমিকদের দাবিই মেনে নিল। পরিবহন মালিক-শ্রমিকদের বিরুদ্ধে যেনতেন কারণে ধর্মঘট ডাকার অভিযোগ আছে। আর এভাবে ধর্মঘটের কারণে যাত্রীদের দুর্ভোগ চরমে উঠলে সরকার তাঁদের নিয়ে বৈঠক করে। এরপরই আসে প্রত্যাহারের ঘোষণা, এবারও তা-ই হয়েছে।
ফরিদপুরের মধুখালীতে সোহাগ পরিবহনের একটি বাসে ডাকাতির ঘটনার পর ওই বাসের চালক, চালকের সহকারী ও সুপারভাইজারকে গ্রেপ্তারের প্রতিবাদে ১৯ মে থেকে এই অঞ্চলে পরিবহন ধর্মঘট ডাকে দক্ষিণ-পশ্চিমাঞ্চল সড়ক পরিবহন মালিক-শ্রমিক ঐক্য পরিষদ। আগাম ঘোষণা ছাড়াই এভাবে ধর্মঘট ডাকার কারণে সাধারণ মালিক-শ্রমিকদের মধ্যেও সমালোচনা হয়। ধর্মঘটে দুর্ভোগে পড়ে সাধারণ যাত্রীরা।
বৈঠক সূত্র জানায়, বৈঠকে ফরিদপুরের এসপি জামিল আহসান একটি ভিডিও ফুটেজ দেখান। সেখানে কয়েকজন যাত্রী অভিযোগ করেন যে ডাকাতির সঙ্গে চালক ও পরিবহনশ্রমিকেরা জড়িত থাকতে পারেন। এসপি বলেন, যাত্রীদের অভিযোগের ভিত্তিতেই পুলিশ শ্রমিকদের গ্রেপ্তার করে এবং একজন যাত্রী বাদী হয়ে মামলা করেন।
এ সময় মালিক-শ্রমিক প্রতিনিধিরা এর প্রতিবাদ করে বলেন, চালক নিজেই পুলিশের কাছে মামলা করতে যান। সেখানে যাত্রীরা সরাসরি শ্রমিকদের দায়ী করেননি। আর যাঁকে বাদী করা হয়েছে, ওই ব্যক্তি তাঁদের কাছে লিখিত দিয়েছেন যে তাঁর কাছ থেকে সাদা কাগজে সই নিয়ে বাদী করা হয়েছে। এ ধরনের একটা লিখিত কাগজও তাঁরা বৈঠকে উপস্থাপন করেন।
এরপর বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের কার্যকরী সভাপতি ও নৌপরিবহনমন্ত্রী শাজাহান খান ফরিদপুরের এসপির ওপর ক্ষোভ প্রকাশ করেন। তিনি বলেন, মন্ত্রী হয়েও তিনি ফোন করে এসপিকে সমস্যা সমাধানের পরামর্শ দিয়েছিলেন। কিন্তু এসপি চালক-মালিকদের বিরুদ্ধে সংবাদ সম্মেলন করেছেন। মানুষকে দিয়ে মানববন্ধন করিয়েছেন। এতে সমস্যা আরও বেড়েছে। শাজাহান খান এসপির উদ্দেশে বলেন, ‘আপনার বিরুদ্ধেও তো মালিক-শ্রমিকেরা মানববন্ধন করতে পারে। সারা দেশে মানববন্ধন করলে হাজার হাজার লোক হবে। তখন আপনি কী করবেন?’
এ সময় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, বিরোধী দলের হরতাল-অবরোধে পরিবহন মালিক-শ্রমিক ও পুলিশ সবাই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। সবাইকেই দায়িত্বশীল আচরণ করতে হবে।
বৈঠকে পুলিশের ভারপ্রাপ্ত মহাপরিদর্শক জাবেদ পাটোয়ারী, বাংলাদেশ সড়ক পরিবহন সমিতির মহাসচিব খোন্দকার এনায়েত উল্যাহ, বাস-ট্রাক ওনার্স অ্যাসোসিয়েশনের সভাপতি ফারুক তালুকদার ও শ্রমিক ফেডারেশনের সাধারণ সম্পাদক ওসমান আলী উপস্থিত ছিলেন।