পরিবহন ধর্মঘট প্রত্যাহার দিনভর বিড়ম্বনা

এক অটোরিকশাচালকের ওপর হামলার প্রতিবাদে পরিবহনশ্রমিকদের মহাসড়ক অবরোধে পুলিশের বাধা দেওয়ার মাশুল দিতে হয়েছে যাত্রীদের। শ্রমিকদের ধর্মঘটের কারণে গতকাল শনিবার দিনভর যাতায়াত বিড়ম্বনায় ছিলেন সড়কপথের যাত্রীরা।
গত শুক্রবার সকালে ঢাকা-সিলেট মহাসড়ক অবরোধ করেছিলেন পরিবহনশ্রমিকেরা। সকাল থেকে দুপুর পর্যন্ত অবরোধ চলার একপর্যায়ে পুলিশ ফাঁকা গুলি ছুড়লে অবরোধ প্রত্যাহার করা হয়। ওই ঘটনাকে ‘পুলিশি নির্যাতন’ অভিযোগ তুলে শুক্রবার রাতে ডাকা হয় অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘট। গতকাল সকাল ছয়টা থেকে বেলা একটা পর্যন্ত পরিবহনশ্রমিকেরা বাসস্ট্যান্ডসহ নগরের প্রবেশমুখের বিভিন্ন মোড়ে অবস্থান নিয়ে যান চলাচল বন্ধ করে দেন। ট্রেন ছাড়া দূরপাল্লার কোনো যানবাহন সিলেট থেকে ছেড়ে যেতে কিংবা আসতে না পারায় হাজার হাজার মানুষ চরম দুর্ভোগে পড়েন। এই অবস্থায় সিলেট সিটি করপোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী ধর্মঘটি পরিবহনশ্রমিকদের নিয়ে সমঝোতা বৈঠকে বসেন। বৈঠক শেষে বিকেল সাড়ে চারটার দিকে ধর্মঘট স্থগিত ঘোষণা করা হয়। অবসান হয় সকাল ছয়টা থেকে বিকেল চারটা পর্যন্ত একটানা ১০ ঘণ্টার অচলাবস্থার।
ধর্মঘট আহ্বানকারী সংগঠন বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ঐক্য পরিষদ সিলেট শাখার সাধারণ সম্পাদক মোহাম্মদ জাকারিয়া জানান, দক্ষিণ সুরমার লালাবাজারের কাছে অটোরিকশাচালক শফিক মিয়াকে মারধর করে দুর্বৃত্তরা। হামলাকারীদের গ্রেপ্তারের দাবিতে পরিবহনশ্রমিকেরা মহাসড়ক অবরোধ করেছিলেন। পুলিশ অবরোধকারীদের দাবি পূরণে কোনো আশ্বাস না দিয়ে একপর্যায়ে ফাঁকা গুলি ছোড়ে। এতে ক্ষুব্ধ হয়ে তাঁরা অনির্দিষ্টকালের ধর্মঘট আহ্বান করেন। তবে শুক্রবারের ঘটনা সম্পর্কে দক্ষিণ সুরমা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রঞ্জন সামন্ত প্রথম আলোকে বলেন, ‘টি-টোয়েন্টি বিশ্বকাপের খেলা শেষ হওয়ায় শুক্রবার দুপুরের দিকে খেলাসংশ্লিষ্ট কিছু যানবাহন নগর থেকে বের হয়ে ঢাকার উদ্দেশে যাওয়ার প্রস্তুতি নিচ্ছিল।
এ ছাড়া অবরোধ থাকায় মহাসড়কের উভয় দিকে কয়েক হাজার যানবাহন আটকা পড়ে। অবরোধকারীদের এ বিষয়টি বুঝিয়েও যখন সাড়া পাওয়া যাচ্ছিল না, তখন বাধ্য হয়ে পুলিশ ফাঁকা গুলি ছুড়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
সিটি করপোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী গতকাল বিকেলে জানান, ধর্মঘটে নগরে রিকশা ছাড়া সব ধরনের যান চলাচল বন্ধ হয়ে যায়। এইচএসসি পরীক্ষা চলমান থাকায় পরিবহনশ্রমিকদের বিষয়টি আগামী ৪৮ ঘণ্টার মধ্যে আলোচনা সাপেক্ষে নিষ্পত্তি করা হবে জানালে তাঁরা ধর্মঘট স্থগিত করেন।
যোগাযোগ করলে সড়ক পরিবহন মালিক শ্রমিক ঐক্য পরিষদের সভাপতি সেলিম আহমদ ধর্মঘট স্থগিত করার বিষয়টি নিশ্চিত করেন।