পরিবহন ধর্মঘট : বেনাপোলে ৬০০ ট্রাক পণ্য আটকা
পরিবহন ধর্মঘটের কারণে যশোরের বেনাপোল স্থলবন্দরে ৬০০ ট্রাক পণ্য আটকা পড়েছে। আজ রোববার রপ্তানি পণ্য নিয়ে কোনো ট্রাক বন্দরে ঢুকতে পারেনি। এদিকে কর্মজীবী ও চাকরিজীবীদেরও আজ কর্মস্থলে পৌঁছাতে চরম ভোগান্তির শিকার হতে হয়েছে।
বেনাপোল স্থলবন্দর সূত্রে জানা গেছে, গত বৃহস্পতিবার থেকে আজ রোববার পর্যন্ত ভারত থেকে ৯৪৫টি ট্রাক পণ্য নিয়ে বেনাপোল বন্দরে ঢোকে। শুল্কায়ন শেষে গত দুই দিনে ৩০ শতাংশ পণ্য বন্দর থেকে বেরিয়ে গেছে। অন্তত ৬০০ ট্রাক পণ্য শুল্কায়নের কাজ শেষ হয়ে ঢাকাসহ দেশের বিভিন্ন এলাকায় যাওয়ার অপেক্ষায় রয়েছে। এসব পণ্যের মধ্যে বেশির ভাগই রপ্তানিমুখী ও দেশীয় শিল্পের কাঁচামাল ও যন্ত্রাংশ। তৈরি পোশাকশিল্পের কাপড়, রং, ওষুধশিল্পের রাসায়নিক ও শিশুখাদ্যও রয়েছে।
বেনাপোল কাস্টম হাউসের একজন সহকারী কমিশনার নাম প্রকাশ না করার শর্তে জানান, রোববার এ বন্দর দিয়ে ২৪৫ ট্রাক পণ্য আমদানি ও ১০৬ ট্রাক পণ্য রপ্তানি হয়েছে। বন্দরের অভ্যন্তরে পণ্য খালাস, শুল্কায়নসহ যাবতীয় কার্যক্রম হলেও বন্দর থেকে কোনো পরিবহন পণ্য নিয়ে বের হয়নি বা ঢোকেনি।
এদিকে চাকরিজীবী অসংখ্য মানুষ যশোর শহর থেকে অভয়নগরের নওয়াপাড়া, শার্শার বেনাপোল, নাভারণসহ বিভিন্ন এলাকায় প্রতিদিন যানবাহনে করে যাতায়াত করেন। পরিবহন ধর্মঘটের কারণে তাঁদের কর্মস্থলে পৌঁছাতে চরম দুর্ভোগের শিকার হতে হয়েছে। একজন ব্যাংক কর্মকর্তা বলেন, ‘যশোর শহর থেকে নওয়াপাড়ায় যেতে প্রাণ বেরিয়ে যাওয়ার উপক্রম হয়েছে। নওয়াপাড়ায় পৌঁছাতে রিকশা, ইজিবাইক, নছিমন ও ভটভটিতে করে মোট চারবার যানবাহন বদল করতে হয়েছে। এই গরমের মধ্যে এভাবে যাতায়াত করতে খুবই কষ্ট হচ্ছে। এভাবে চলতে থাকলে আমরা অসুস্থ হয়ে পড়ব।’
চুয়াডাঙ্গা ডিলাক্স ও গ্রিন লাইন পরিবহন কর্তৃপক্ষের বিরুদ্ধে দায়ের করা ক্ষতিপূরণের মামলা প্রত্যাহারের দাবিতে আজ রোববার সকাল ছয়টা থেকে খুলনা বিভাগের ১০ জেলায় ৪৮ ঘণ্টার পরিবহন ধর্মঘট শুরু হয়েছে। সড়ক পরিবহন মালিক শ্রমিক ঐক্য পরিষদের দক্ষিণ-পশ্চিমাঞ্চল কমিটির ডাকে এ ধর্মঘট চলছে।
সংগঠনের সদস্যসচিব আবদুর রহিম বক্স প্রথম আলোকে বলেন, ধর্মঘট প্রত্যাহার বা স্থগিতের জন্য আলোচনায় বসার ব্যাপারে সরকারের উচ্চপদস্থ কোনো ব্যক্তি কোনো ধরনের যোগাযোগ করেননি। যে কারণে ধর্মঘট নির্দিষ্ট সময় পর্যন্তই চলবে।’
আবদুর রহিম বলেন, দেশের প্রচলিত আইনের বাইরে চুয়াডাঙ্গা ডিলাক্স ও গ্রিন লাইন পরিবহন কর্তৃপক্ষের বিরুদ্ধে ক্ষতিপূরণের ১৩ কোটি টাকা করে মোট ২৬ কোটি টাকার দুটি মামলা করা হয়েছে। সড়কে দুর্ঘটনা অহরহ ঘটে। আর প্রতিদিনই যদি কোটি কোটি টাকার মামলা হয়, তাহলে কার পক্ষে সেই টাকা দেওয়া সম্ভব।