পরিবহন ধর্মঘটে অচল তিন জেলা
সড়ক-মহাসড়কে শ্যালো ইঞ্জিনচালিত যান নছিমন, করিমন, ভটভটি ও থ্রি-হুইলারের চলাচল বন্ধ করাসহ বেশ কয়েকটি দাবিতে গতকাল মঙ্গলবার সকাল থেকে ঠাকুরগাঁও, পঞ্চগড় ও নওগাঁয় অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘট চলছে।
মোটর মালিক সমিতি, মোটর পরিবহন শ্রমিক ইউনিয়ন ও ট্রাক-ট্যাংকলরি শ্রমিক ইউনিয়নসহ বেশ কয়েকটি সংগঠনের ডাকা এ ধর্মঘটে দূরপাল্লা ও অভ্যন্তরীণ বাস চলাচল বন্ধ রয়েছে। এ কারণে সাধারণ যাত্রী ও উচ্চমাধ্যমিক পরীক্ষার্থীরা বিপাকে পড়েছেন। আমাদের প্রতিনিধিদের পাঠানো খবর:
ঠাকুরগাঁও: পরিবহন ধর্মঘটের কারণে জেলার অভ্যন্তরীণ যান চলাচল বন্ধ রয়েছে। এ ছাড়া দূরপাল্লার কোনো গাড়ি ছেড়ে যায়নি। ঠাকুরগাঁও জেলা মোটর মালিক সমিতির সাধারণ সম্পাদক হায়দার আলী জানান, সমিতির সভাপতি রামবাবুর সভাপতিত্বে অনুষ্ঠিত যৌথ সভায় সড়ক-মহাসড়কে তিন চাকার যান ও ব্যাটারিচালিত অটোরিকশা চলাচল বন্ধের দাবিতে এ ধর্মঘট শুরু হয়েছে।
জেলা মোটর পরিবহন শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক আবদুল জব্বার বলেন, দীর্ঘদিন থেকে শ্রমিক ইউনিয়ন সড়কে-মহাসড়কে এসব অবৈধ যান চলাচল বন্ধের দাবি জানিয়ে আসছে। প্রশাসন এসব যানবাহন চলাচল বন্ধের আশ্বাস দিলেও তা বাস্তবায়ন করছে না। তাই বাধ্য হয়ে পরিবহন ধর্মঘট ডাকা হয়েছে।
পঞ্চগড়: পঞ্চগড়-চাকলা-টুনিরহাট সড়কসহ মহাসড়কে দূরপাল্লার কোনো বাস চলেনি। বন্ধ রয়েছে অভ্যন্তরীণ আটটি সড়কের সব যানবাহন। সড়ক-মহাসড়কে নছিমন-করিমন-ভটভটি ও ব্যাটারিচালিত অটোরিকশা বন্ধ, বাংলাবান্ধা স্থলবন্দরে কুলি শ্রমিক ইউনিয়নের চাঁদাবাজি বন্ধ ও স্থলবন্দরে রাত ১২টা পর্যন্ত যানবাহন চলাচলের অনুমতির দাবিতে পঞ্চগড় জেলা মোটর মালিক সমিতিসহ নয়টি পরিবহন সংগঠন এই ধর্মঘটের ডাক দেয়।
এ নিয়ে সোমবার বিকেলে জেলা প্রশাসনের সঙ্গে পরিবহন সংগঠনগুলোর নেতাদের বৈঠক হয়। বৈঠকে কোনো সমাধান না হওয়ায় গতকাল সকাল থেকে ধর্মঘট শুরু করে সংগঠনগুলো।
পঞ্চগড় জেলা মোটর মালিক সমিতির সভাপতি ইকবাল কায়সার বলেন, দাবির বিষয়ে বারবার অবগত করা হলেও সংকট নিরসন না হওয়ায় অনির্দিষ্টকালের এই ধর্মঘটের ডাক দেওয়া হয়েছে।
আদমদীঘি (বগুড়া): দ্বিতীয় দিনের মতো বন্ধ রয়েছে নওগাঁ থেকে দূরপাল্লার সব বাস চলাচল। আর এর দ্রুত সমাধান না হলে বৃহত্তর আন্দোলনের ঘোষণা দিয়েছে জেলা মোটর মালিক সমিতি। জেলা মোটর মালিক সমিতির সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম গতকাল দুপুরে সাংবাদিকদের এই কথা জানান।
সম্প্রতি বগুড়া জেলা মোটর মালিক সমিতি নওগাঁর সাপাহার থেকে ঢাকা সড়কে দুটি নতুন বাস চালুর প্রস্তাব দেয়। প্রস্তাবটি নওগাঁ জেলা মোটর মালিক সমিতি প্রত্যাখ্যান করলে গত রোববার রাত ১১টা থেকে বগুড়ায় নওগাঁর দূরপাল্লার বাস চলাচলে বাধা দিয়ে বন্ধ করে দেওয়া হয়। এর প্রতিবাদে সোমবার সকাল থেকে নওগাঁ মোটর মালিক গ্রুপ নওগাঁ থেকে সব সড়কে বাস চলাচল বন্ধ করে দেয়।