পরিবহন ধর্মঘটে কেশবপুরে মাছের বাজারে ধস

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মাছ ব্যবসায়ী বিল্লাল হোসেন। গেল শনিবারও তিনি যশোরের কেশবপুর উপজেলা শহরের পাইকারি মাছ বাজারে ১৬ হাজার টাকা মণ দরে ট্যাংরা বিক্রি করেছেন। কিন্তু গতকাল রোববার বাজারে এসে তিনি অবাক।
কেশবপুর উপজেলার বারইহাটি গ্রামের এ বাসিন্দা বললেন, ‘আজ বড় ট্যাংরা মাছ বিক্রি করলাম ১২ হাজার টাকা মণ দরে। একই মাছ শনিবারও ১৬ হাজার টাকায় বেচেছি। এক দিনের ব্যবধানে প্রতি মণে ৪ হাজার টাকা কমে গেল!’
পরিবহনশ্রমিকদের ডাকা ধর্মঘটের কারণে কেশবপুরে মাছের বাজারে এই নেতিবাচক প্রভাব পড়েছে। সব ধরনের মাছের দাম কমে গেছে। এতে বিপাকে ব্যবসায়ীরা।
বাজারের পাইকারি ব্যবসায়ীরা জানান, রুই, মৃগেল, সিলভার ও জাপানি পুঁটি মাছের দর মণপ্রতি দেড় থেকে দুই হাজার টাকা কমেছে।
ব্যবসায়ী আলমগীর হোসেন বলেন, ‘প্রতিদিন মাছ কিনে আমরা ঢাকা, চট্টগ্রাম, সিলেটে পাঠাই। আজ যে মাছ কিনেছি তা কীভাবে পাঠাব? ধর্মঘট যদি অনির্দিষ্টকালের জন্য চলে তাহলে আমাদের সব মাছ নষ্ট হয়ে যাবে।’
যাত্রী দুর্ভোগ চরমে
গতকাল সপ্তাহের প্রথম কর্মদিবস। তাই সকালে রাস্তায় অফিসগামী মানুষের ভিড় ছিল বেশি। তবে সড়কে বাস যেমন বন্ধ ছিল, তেমনি দু-একটি মাহেন্দ্র এবং ইজিবাইক বের হলেও পরিবহনশ্রমিকেরা তা চলাচলে বাধা দেন। এতে সাধারণ মানুষজনের দুর্ভোগ চরমে ওঠে।
কেশবপুর ত্রিমোহিনী মোড় ও থানা মোড়ে সকালে যাত্রীদের ভিড় লক্ষ করা যায়। তাঁদের একজন মাগুরার কাজল হোসেন। কেশবপুরের শ্রীরামপুর গ্রামে মায়ের সঙ্গে আত্মীয়র বাড়িতে বেড়াতে আসেন। বাড়ি ফেরার জন্য সকালে শহরের ত্রিমোহিনী মোড়ে এসে দেখেন গাড়ি নেই। এত পথ এখন কীভাবে যাবেন, তা নিয়ে দুশ্চিন্তায় পড়েন কাজল। তিনি প্রথম আলোকে বলেন, ‘ঘর থেকে বের হয়ে জানতে পারলাম পরিবহন ধর্মঘটের কথা। এত পথ কীভাবে যাব ভেবে পাচ্ছি না।’
বেপরোয়া গতিতে বাস চালিয়ে চলচ্চিত্র ব্যক্তিত্ব তারেক মাসুদ ও সাংবাদিক মিশুক মুনীরসহ পাঁচজনকে হত্যার দায়ে চুয়াডাঙ্গা ডিলাক্স পরিবহনের চালক জামির হোসেনকে গত ২২ ফেব্রুয়ারি যাবজ্জীবন কারাদণ্ড দেন মানিকগঞ্জের একটি আদালত। এরপর পরিবহন ধর্মঘট ডাকেন শ্রমিকেরা।
কেশবপুর শ্রমিক সমিতির সভাপতি আবদুল হাকিম বলেন, ‘আইনে সাড়ে তিন বছর সাজার নিয়ম আছে। সেটি দিলে আমাদের কোনো আপত্তি ছিল না।’