চুয়াডাঙ্গার বাসচালক জামির হোসেনের মুক্তি ও ৩০২ ধারায় বাসচালকদের বিরুদ্ধে মামলা বাতিলের দাবিতে দক্ষিণ-পশ্চিমাঞ্চলের ২১ জেলায় পরিবহন ধর্মঘট চলছে।ধর্মঘটের প্রথম দিন গতকাল বুধবার বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের নেতারা ঢাকায় যোগাযোগমন্ত্রী ও নৌমন্ত্রীর সঙ্গে বৈঠকের পর দুপুর ১২টার দিকে ধর্মঘট প্রত্যাহার করেছেন বলে যোগাযোগ মন্ত্রণালয় থেকে জানানো হয়। এর পরও ফরিদপুর, খুলনা, বরিশাল, যশোর, মাগুরা, চুয়াডাঙ্গা, মাদারীপুরে ধর্মঘট অব্যাহত রয়েছে।ধর্মঘটের কারণে গতকাল সকাল থেকে চরম দুর্ভোগে পড়ে হাজারও যাত্রী। বিশেষ করে অনেক ব্যবসায়ী ঈদ সামনে রেখে ঢাকাসহ বিভিন্ন জায়গায় মালামাল পরিবহন করতে পারেননি।এদিকে মাগুরায় ধর্মঘট চলাকালে সহিংসতায় জড়িয়ে পড়েন পরিবহন শ্রমিক ও স্থানীয় লোকজন।গত ১৩ আগস্ট মানিকগঞ্জের ঘিওর উপজেলার জোকায় বাসের সঙ্গে সংঘর্ষে খ্যাতিমান চলচ্চিত্র নির্মাতা তারেক মাসুদ এবং বেসরকারি টেলিভিশন চ্যানেল এটিএন নিউজের প্রধান নির্বাহী কর্মকর্তা ও প্রধান সম্পাদক মিশুক মুনীরসহ পাঁচজন নিহত হন। এ ঘটনায় চুয়াডাঙ্গার ডিলাক্স পরিবহনের বাসচালক জামির হোসেনকে গ্রেপ্তার করে পুলিশ। মামলা করে ৩০২ ধারায়। জামির বর্তমানে মানিকগঞ্জ কারাগারে।চালক জামিরের মুক্তি, ৩০২ ধারায় জামিরসহ অন্য চালকদের বিরুদ্ধে করা মামলা বাতিল, দুর্ঘটনার পর আটক বাস উদ্ধার এবং নছিমন-করিমন চলাচল বন্ধের দাবিতে দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় পরিবহন মালিক ও শ্রমিক ঐক্য পরিষদ অনির্দিষ্টকালের জন্য ধর্মঘটের ডাক দেয়।ঢাকার বাইরে প্রথম আলোর নিজস্ব প্রতিবেদক, কার্যালয় ও প্রতিনিধিদের পাঠানো খবর:মাগুরা: পুলিশ ও প্রত্যক্ষদর্শীদের ভাষ্যমতে, সকাল থেকে মাগুরার পারনান্দুয়ালি কেন্দ্রীয় বাস টার্মিনাল, ঢাকা রোড ও ভায়না মোড় এলাকায় বাস মালিক-শ্রমিক ঐক্য পরিষদের নেতা-কর্মীরা রাস্তায় প্রতিবন্ধকতা সৃষ্টি করে সব ধরনের যান চলাচল বন্ধ করে দেন। বেলা ১১টার দিকে শাহিন নামের এক যুবক মাইক্রোবাস চালিয়ে ভায়না মোড় এলাকায় এলে শ্রমিকেরা বাধা দেন। শ্রমিকদের ধাওয়া খেয়ে শাহিন মাগুরা মোটর শ্রমিক ইউনিয়ন কার্যালয়ের কাছে একটি ক্লিনিকে আশ্রয় নেন। এ সময় উত্তেজিত শ্রমিকেরা ওই ক্লিনিকে ইটপাটকেল ছুড়ে ভাঙচুর করেন। শাহিন ওই ক্লিনিকে অবরুদ্ধ হয়ে পড়েন। শাহিনের বাড়ি শহরের পারলা এলাকায়।ওই খবরে শাহিনের সমর্থনে একদল সশস্ত্র যুবক ওই এলাকায় গিয়ে শাহিদুল মোল্লা (৪২) নামের এক কাঠ ব্যবসায়ীকে কুপিয়ে গুরুতর আহত করেন। শাহিদুলকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।ওই ঘটনায় শহরের মোল্লাপাড়া ও খানপাড়ার দুই শতাধিক অধিবাসী মোটর শ্রমিক ইউনিয়ন কার্যালয় ভাঙচুর করে আগুন ধরিয়ে দেয়। এতে একটি মোটরসাইকেলসহ ভেতরের মালামাল পুড়ে যায়। ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সদস্যরা এসে আগুন নিয়ন্ত্রণ নেভান। এ সময় উত্তেজিত লোকজনের সঙ্গে পুলিশের পাল্টাপাল্টি ধাওয়া হয়। ভাঙচুর করা হয় তিনটি ট্রাক। মাগুরা মোটর শ্রমিক ইউনিয়নের সভাপতি এমদাদুর রহমান বলেন, ‘একটি মাইক্রোবাসকে বাধা দেওয়া নিয়ে ওই সহিংস ঘটনা ঘটেছে। কিন্তু আমাদের কার্যালয়ে কেন ভাঙচুর ও অগ্নিসংযোগ করা হলো বুঝতে পারছি না।’ধর্মঘট প্রত্যাহারের ব্যাপারে এমদাদুর বলেন, ‘ঢাকায় কে ধর্মঘট প্রত্যাহারের ঘোষণা দিয়েছেন, তা জানি না। দাবি আদায় না হওয়া পর্যন্ত আমাদের ধর্মঘট চলবে।’ফরিদপুর: ঢাকায় যেতে গতকাল ভোরে ফরিদপুর বাসস্ট্যান্ডে যান শহরের মো. রুবেল হোসেন। সব বাস বন্ধ দেখে দুই চোখ বেয়ে পানি চলে আসে তাঁর। তিনি বললেন, ‘সামনে ঈদ। ঢাকায় যাব বিল পাস করাতে। বিল পাস না হলে ঈদের আগে টাকা পাব কোথায়?’ঝিলটুলী এলাকার রত্না সাহার বাবা অসুস্থ হয়ে ঢাকার সোহরাওয়ার্দী হাসপাতালে ভর্তি। রত্না রাতেই জেনেছেন এই খবর। ভোরে বাসস্ট্যান্ডে বাস ধর্মঘটের খবর শুনে হাউমাউ করে কেঁদে ফেলেন তিনি। পরে এলাকার লোকজন একটি মাইক্রোবাসে তাঁকে তুলে দেয়।আকস্মিক পরিবহন ধর্মঘটে রুবেল ও রত্নার মতো প্রায় সবাই গতকাল দুর্ভোগে পড়ে। ফরিদপুরের আলীপুর মহল্লার তালাত মাহমুদ বলেন, ‘ঈদের আগে এ ধরনের ধর্মঘট ডাকা জনগণের প্রতি চরম অমানবিক ও নিষ্ঠুরতম আচরণ।’দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় মালিক ও শ্রমিক ঐক্য পরিষদের আহ্বায়ক শাহ আলম গতকাল রাত আটটার দিকে প্রথম আলোকে বলেন, ‘দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় মালিক ও শ্রমিক ঐক্য পরিষদ ২১ জেলার পরিবহন নেতাদের সঙ্গে সভা করে ধর্মঘট ডেকেছে। প্রত্যাহার করলেও আমরা সবাই আবার বৈঠক করে করব। তবে তার আগে আমাদের দাবি মানতে হবে।’খুলনা: সকাল সাড়ে ১০টার দিকে খুলনার সোনাডাঙ্গা আন্তজেলা বাস টার্মিনালে গিয়ে দেখা যায়, টার্মিনালে শতাধিক বাস, মিনিবাস দাঁড়িয়ে আছে। বাস ছাড়ার অপেক্ষায় ছিল অসংখ্য মানুষ। এই সুযোগে ভাড়ায় চলা মাইক্রোবাস ও প্রাইভেট কারের চালকেরা আগের চেয়ে তিন-চারগুণ ভাড়া হাঁকেন।খুলনা মোটর শ্রমিক ইউনিয়নের সভাপতি মতিউর রহমান গতকাল রাতে বলেন, তাঁরা ধর্মঘট প্রত্যাহার করেননি। সভা করে সিদ্ধান্ত নেবেন।কুষ্টিয়া: ধর্মঘটের কারণে কুষ্টিয়া থেকে দূরপাল্লার গাড়িসহ সবগুলো পথের যানবাহন চলাচল ভোর পাঁচটা থেকে দুপুর ১২টা পর্যন্ত বন্ধ ছিল।মাদারীপুর: মাদারীপুরে গতকাল দূরপাল্লার বাস না চললেও লোকাল বাস চলাচল করেছে। ঢাকায় যাওয়ার জন্য মাদারীপুর বাসস্ট্যান্ডে এসে ফিরে গেছে অসংখ্য যাত্রী।বরিশাল: গতকাল সন্ধ্যা সাতটার দিকে বরিশাল কেন্দ্রীয় বাস টার্মিনালে গিয়ে দেখা গেছে, টার্মিনালের মধ্যে সব পরিবহনের গাড়ি সারিবদ্ধভাবে দাঁড়ানো। দাবি না মানা পর্যন্ত বরিশাল থেকে কোনো পরিবহনের গাড়ি চলাচল করবে না বলে জানিয়েছেন বরিশাল বাস মালিক সমিতির সাধারণ সম্পাদক মো. আলমগীর হোসেন।চুয়াডাঙ্গা: চুয়াডাঙ্গা-মেহেরপুর সড়কে হাতিকাটা মোড় স্থানে স্থানীয় পরিবহন-শ্রমিকেরা সকাল থেকে অবস্থান করায় অটোরিকশা-জাতীয় যানবাহনও চুয়াডাঙ্গা শহরে ঢুকতে পারেনি। ওই পথে চলাচলকারী যাত্রীদের প্রায় তিন কিলোমিটার পথ হেঁটে চুয়াডাঙ্গা শহরে পৌঁছাতে হয়েছে। চুয়াডাঙ্গা জেলা বাস-ট্রাক সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের সভাপতি এম জেনারেল ইসলাম বলেন, ‘সড়ক দুর্ঘটনা জামিনযোগ্য অপরাধ হওয়ার পরও চালক জামির হোসেনকে জামিনে মুক্তি দেওয়া হচ্ছে না। এটা পরিবহন-শ্রমিকদের প্রতি অবিচার বলে আমরা মনে করি। তাই জামির হোসেনের জামিনে মুক্তি, সড়ক দুর্ঘটনার মামলা ৩০২ ধারা থেকে ৩০৪ (খ) ধারায় রূপান্তরিত না হওয়া পর্যন্ত শ্রমিকেরা ঘরে ফিরবে না।’যশোর: ‘তোমাগের অত্যাচার আর সহ্য করতি পারতিছিনে। আমাগের এটটু বাড়ি যাতি দ্যাও।’কাঁদতে কাঁদতে কথাগুলো বলছিলেন যশোর সদর উপজেলার হামিদপুর গ্রামের বৃদ্ধা ফাতেমা বেগম। গতকাল ধর্মঘট চলাকালে রাজারহাট এলাকায় পৌঁছালে পরিবহন-শ্রমিকেরা তাঁদের বহনকারী নছিমন আটকে দিলে তিনি ওই কথা বলেন। ফাতেমা বলেন, যশোরের রাজারহাট পর্যন্ত আসতে তাঁদের তিনটি গাড়ি বদল করতে হয়েছে। ভাড়াও দিতে হয়েছে অনেক বেশি। বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশন খুলনা বিভাগীয় আঞ্চলিক কমিটির ভারপ্রাপ্ত সভাপতি সাদেক আহমেদ প্রথম আলোকে বলেন, ‘আমরাও ধর্মঘট করতে চাই না। মানুষের ভোগান্তি হয়, সেটি আমরাও জানি। শ্রমিকদের নিয়ে আমাদের চলাচল। তাঁদের সমস্যা হলে তো আমাদের ওপর চাপ থাকে। তাঁদের স্বার্থ রক্ষার জন্য ধর্মঘট ডাকতে হয়েছে।’বিকেল পর্যন্ত গাবতলী থেকে বাস ছাড়েনিঢাকায় নিজস্ব প্রতিবেদক জানান, গতকাল সকালে শ্যামলীতে সাতক্ষীরাগামী কেলাইন পরিবহনের কাউন্টারে গিয়ে দেখা যায়, কয়েকজন যাত্রী ব্যাগ-বোচকা নিয়ে বসে আছে। সকালে তাদের বাস ছাড়ার কথা ছিল। কাউন্টার থেকে তাদের ভেঙে ভেঙে যাওয়ার পরামর্শ দেওয়া হচ্ছে। কাউন্টারের কর্মীরা জানান, অনেক যাত্রীই টাকা ফেরত নিচ্ছে, আবার কেউ যাত্রার তারিখ পরিবর্তন করেছে।একজন যাত্রী বলেন, পাটুরিয়া ফেরিঘাট পর্যন্ত বাস চলছে; ফেরি, লঞ্চও চলছে। কিন্তু ওপারে বাস চলছে না। ওখান থেকে ভটভটি বা টেম্পোতে যেতে হবে লম্বা পথ। এ রকম যাত্রীদের ভিড় দেখা যায় হানিফ, ঈগল, সাকুরা, সোহাগের মতো পরিবহন সংস্থার কাউন্টারগুলোতে। গতকাল দুপুরে এক নেতা ধর্মঘট প্রত্যাহারের ঘোষণা দিলেও বিকেল পর্যন্ত দক্ষিণ-পশ্চিমাঞ্চলের ওই সব পথে কোনো বাস ছেড়ে যায়নি। বিকেলে হানিফ পরিবহনের ব্যবস্থাপক মাহাবুবুর রহমান বলেন, বিকেল পর্যন্ত তাঁরা খুলনা-বরিশাল অঞ্চলের কোনো বাস ছাড়েননি।বিভিন্ন কাউন্টারে খোঁজ নিয়ে জানা যায়, সন্ধ্যার পর থেকে ওই সব পথে বাস ছাড়া শুরু হয়েছে।