পরিবহন ধর্মঘটে দিনভর দুর্ভোগ, সন্ধ্যায় স্থগিত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রাম থেকে কক্সবাজার, বান্দরবানসহ দক্ষিণ চট্টগ্রামের ১৯টি যাত্রাপথে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘটের কারণে গতকাল মঙ্গলবার হাজার হাজার যাত্রীকে দুর্ভোগ পোহাতে হয়েছে। সাত দফা দাবিতে চট্টগ্রাম-কক্সবাজার (দক্ষিণাঞ্চল) সড়ক পরিবহন মালিক-শ্রমিক সমন্বয় কমিটি সকাল ছয়টা থেকে অনির্দিষ্টকালের জন্য ধর্মঘট শুরু করে। তবে সন্ধ্যায় জেলা প্রশাসকের সঙ্গে বৈঠক করে মালিক-শ্রমিক সমন্বয় কমিটি আগামী ৩ জানুয়ারি পর্যন্ত ধর্মঘট স্থগিত করে।টানা ১৩ ঘণ্টা পর রাত আটটার দিকে চলাচল পুরোদমে শুরু হয়। ধর্মঘটের কারণে সকাল থেকে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ক, দক্ষিণ চট্টগ্রামের সাতটি উপজেলাসহ মোট ১৯টি অভ্যন্তরীণ রুটে বাস, ট্রাক, মিনিবাস ও চাঁদের গাড়ি চলাচল বন্ধ ছিল। ফলে সকাল থেকে যাত্রীরা সীমাহীন দুর্ভোগের শিকার হয়। ধর্মঘটের কথা আগে থেকে অনেকে জানত না। ফলে বাসস্ট্যান্ডে গিয়ে তারা কিংকর্তব্যবিমূঢ় হয়ে পড়েন। অতিরিক্ত ভাড়া দিয়ে দক্ষিণ চট্টগ্রামের বিভিন্ন উপজেলায় সিএনজি অটোরিকশা, টেম্পো কিংবা রিকশাযোগে কেউ কেউ রওনা দিলেও কক্সবাজার ও বান্দরবানের যাত্রীরা পড়েছিল মহাবিড়ম্বনায়।সরেজমিন দেখা যায়, কর্ণফুলী সেতুসংলগ্ন আশপাশের এলাকায় গতকাল বাস ও ট্রাক ছিল না, যার কারণে সড়ক ছিল তুলনামূলক ফাঁকা। রাস্তার পাশ ধরে কেবল সাধারণ যাত্রীদের ভিড় দেখা গেছে। একটি সিএনজি অটোরিকশা কিংবা অন্য যানবাহনের জন্য সবাই মিলে হুমড়ি খেয়ে পড়ছিল। এ সুযোগে বাড়তি ভাড়া আদায় করেছে সিএনজি অটোরিকশা, টেম্পো, রিকশা, ভটভটিসহ ছোট ছোট যানবাহন। কেউ কেউ পায়ে হেঁটে গন্তব্যের দিকে রওনা দিয়েছে। ঢাকার টিঅ্যান্ডটি বালক উচ্চবিদ্যালয়ের শিক্ষক-কর্মকর্তা ও তাঁদের পরিবার মিলে পিকনিক করার জন্য কক্সবাজারের উদ্দেশে গত সোমবার রাতে ঢাকা ছেড়ে গতকাল সকাল সাড়ে সাতটায় চট্টগ্রাম এসে পৌঁছান। কিন্তু গাড়ি চলাচল না করায় দুপুর সাড়ে ১২টায় তাঁদের মইজ্জার টেক এলাকায় একটি পেট্রলপাম্পের মেঝেতে উদ্বিগ্ন হয়ে বসে থাকতে দেখা যায়। টেকনাফ-কক্সবাজার-চট্টগ্রাম-ঢাকার দূরপাল্লার বাস চলাচল বন্ধ থাকায় টেকনাফ ও কক্সবাজারের বিভিন্ন যাত্রীবাহী বাস কাউন্টারের সামনেও পযর্টকসহ যাত্রী সাধারণকে বাসের জন্য অপেক্ষা করতে দেখা গেছে।টেকনাফ-চট্টগ্রাম মহাসড়কে চলাচলকারী একাধিক যাত্রী জানান, সাধারণত শীত মৌসুম উপলক্ষে দেশি-বিদেশি পযর্টকের সমাগম বাড়ে। এতে অর্থ ও সময়ের দিক থেকে তাঁরা ক্ষতিগ্রস্ত হচ্ছেন। উদ্ভূত পরিস্থিতিতে গতকাল সন্ধ্যায় প্রশাসনের সঙ্গে মালিক-শ্রমিকদের বৈঠক হয়। বৈঠক শেষে মালিক-শ্রমিক সমন্বয় কমিটির যুগ্ম আহ্বায়ক মো. মুসা বলেন, ‘জেলা প্রশাসক দক্ষিণ চট্টগ্রামের বিভিন্ন রুটের সমস্যা সমাধানের আশ্বাস দিয়েছেন। এ ছাড়া বিভাগীয় কমিশনার আগামী ৩ জানুয়ারির মধ্যে কক্সবাজারের ডিসি ও আমাদের সঙ্গে বৈঠক করে কক্সবাজারকেন্দ্রিক পরিবহন সমস্যার সমাধান করবেন বলে আমাদের আশ্বাস দেওয়া হয়েছে। তাই আমরা ধর্মঘট ৩ জানুয়ারি পর্যন্ত স্থগিত করেছি। এখন থেকেই (সন্ধ্যা সাড়ে ছয়টা) যানবাহন চলাচল শুরু হবে।’বৈঠক সূত্রে জানা গেছে, প্রধানমন্ত্রী আজ বুধবার ভাটিয়ারীর মিলিটারি একাডেমিতে আসবেন। এ ছাড়া ২৭ ডিসেম্বর তাঁর পুনরায় চট্টগ্রাম সফরে আসার কথা রয়েছে। ধর্মঘট স্থগিতের বিষয়ে সে দিকও বিবেচনা করা হয়েছে। সমন্বয় কমিটির যুগ্ম আহ্বায়ক মো. মুসা জানান, কক্সবাজার বাস টার্মিনাল থেকে দূরপাল্লার গাড়ি সরিয়ে নেওয়া ও টার্মিনালের নিরাপত্তা নিশ্চিত করা, রাজনৈতিক চাঁদাবাজি বন্ধ করাসহ সাত দফা দাবিতে এই ধর্মঘটের ডাক দেওয়া হয়। অন্য দাবিগুলোর মধ্যে আছে: কক্সাবাজার টার্মিনাল সম্প্রসারণ ও আধুনিকায়ন, চট্টগ্রাম-পটিয়া রুটে সরকার নির্ধারিত ভাড়া আদায় নিশ্চিত করা, অনুমোদনহীন মহেন্দ্র-ভটভটি-টুকটুকি চলাচল বন্ধ করা ও পরিবহন শ্রমিক নেতাদের বিরুদ্ধে কক্সবাজার ও চকরিয়া থানায় করা দুটি মামলা প্রত্যাহার করা।সমন্বয় কমিটির ডাকা এ ধর্মঘটে বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশন, আরাকান সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়ন, কক্সবাজার আন্তজেলা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নসহ মালিক-শ্রমিকদের বিভিন্ন সংগঠনও সমর্থন জানিয়েছে।