পরিবহন ধর্মঘটে দুর্ভোগ যাত্রীদের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সড়কপথে পরিবহন ধর্মঘটের কারণে গতকাল সারা দেশেই দুর্ভোগের শিকার হয় সাধারণ মানুষ। এতে ট্রেনের ওপর বাড়তি চাপ পড়ে। প্রতিটি ট্রেনেই ছিল যাত্রীদের উপচে পড়া ভিড়। ট্রেনের অপেক্ষায় থাকা যাত্রীদের এই দৃশ্য বগুড়া রেলস্টেশন থেকে তোলা ষ ছবি: ফোকাস বাংলা
সড়কপথে পরিবহন ধর্মঘটের কারণে গতকাল সারা দেশেই দুর্ভোগের শিকার হয় সাধারণ মানুষ। এতে ট্রেনের ওপর বাড়তি চাপ পড়ে। প্রতিটি ট্রেনেই ছিল যাত্রীদের উপচে পড়া ভিড়। ট্রেনের অপেক্ষায় থাকা যাত্রীদের এই দৃশ্য বগুড়া রেলস্টেশন থেকে তোলা ষ ছবি: ফোকাস বাংলা

পরিবহন ধর্মঘটে গতকাল বৃহস্পতিবার রাজধানীসহ সারা দেশের যোগাযোগব্যবস্থা কার্যত অচল হয়ে পড়ে। বাইরে থেকে কোনো যানবাহন ঢাকায় ঢোকেনি। ঢাকা থেকেও দূরপাল্লার কোনো বাস ছেড়ে যায়নি। তবে রাজধানীতে গণপরিবহন চলতে দেখা গেলেও তা সংখ্যায় ছিল কম। এতে যাত্রীরা চরম দুর্ভোগের শিকার হন। শিক্ষার্থী ও অফিসগামীদের দুর্ভোগ পোহাতে হয়।
গতকাল সকাল ছয়টা থেকে আজ সকাল ছয়টা পর্যন্ত সারা দেশে ২৪ ঘণ্টার পরিবহন ধর্মঘটের ডাক দেয় বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশন। বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার বিশেষ সহকারী ও পরিবহন শ্রমিক নেতা শামসুর রহমান শিমুল বিশ্বাসের মুক্তিসহ বিভিন্ন দাবিতে এ পরিবহন ধর্মঘটের ডাক দেওয়া হয়। শিমুল বিশ্বাস সংগঠনটির কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক। পরিবহন শ্রমিক ফেডারেশনের সাধারণ সম্পাদক ওসমান আলী দাবি করেন, ২৪ ঘণ্টা ধর্মঘটের পরও তাঁদের দাবি মেনে নেওয়া না হলে শনিবার ফেডারেশনের বৈঠকে বৃহত্তর কর্মসূচি ঘোষণা করা হবে।
ধর্মঘট চলাকালে রাজধানীর গাবতলী, মহাখালী ও সায়েদাবাদ আন্তজেলা বাস টার্মিনাল ঘুরে দেখা গেছে, দূরপাল্লার কোনো বাস ছেড়ে যায়নি। গাবতলী এলাকায় গিয়ে দেখা যায়, সেখানে নেই চিরচেনা যানজট। সড়কের পাশে লাইন ধরে দাঁড়িয়ে আছে সারি সারি বাস। কয়েকটি টিকিট কাউন্টার ছিল তালাবদ্ধ। কয়েকটিতে কর্মীদের নিজেদের মধ্যে গল্পগুজবে ব্যস্ত থাকতে দেখা গেছে।

হানিফ পরিবহনের শ্যামলী কাউন্টারের টিকিট মাস্টার কবির হোসেন প্রথম আলোকে জানান, তাঁরা গতকাল দিন ও রাতের কোনো টিকিট বিক্রি করেননি।

তবে ধর্মঘটের মধ্যেও রাজধানীতে বেশ কিছু গণপরিবহন চলাচল করেছে। সায়েদাবাদ থেকে নারায়ণগঞ্জ, দাউদকান্দি ও মুন্সিগঞ্জ এবং মহাখালী থেকে গাজীপুরের দিকে ছোট ছোট কিছু মিনিবাস চলাচল করতে দেখা গেছে।

এ বিষয়ে জানতে চাইলে পরিবহন নেতা ওসমান আলী বলেন, ধর্মঘট পালনে কারও ওপর চাপ সৃষ্টি করা হচ্ছে না। শ্রমিক ফেডারেশনের অন্তর্ভুক্ত সংগঠনগুলো ধর্মঘট করছে। ঢাকার পরিবহন মালিকেরা নিজেদের উদ্যোগে গাড়ি চালাচ্ছেন।

চট্টগ্রাম কার্যত ছিল বিচ্ছিন্ন: পরিবহন ধর্মঘটের কারণে বন্দর নগর চট্টগ্রাম গতকাল কার্যত সারা দেশ থেকে বিচ্ছিন্ন ছিল। সকাল থেকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক, চট্টগ্রাম-কক্সবাজার এবং চট্টগ্রাম-রাঙামাটি ও খাগড়াছড়ি পথে দূরপাল্লার বাস চলেনি। ভোর থেকে দূরপাল্লার সব ধরনের বাস চলাচল বন্ধ থাকে। এতে কর্মজীবী মানুষেরা ভোগান্তিতে পড়ে। তবে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক দিয়ে চট্টগ্রাম বন্দরে আমদানি-রপ্তানি মালামাল পরিবহন স্বাভাবিক ছিল।

চট্টগ্রাম থেকে সারা দেশে ৫২ রুটে বাস চলাচল করে থাকে। এসবের বেশির ভাগ রুটেই বাস চলেনি। তবে চট্টগ্রাম নগরে গণপরিবহন চলেছে। রাউজান থেকে প্রতিদিন কর্মস্থলে কাজ করতে আসেন অমর দে। তিনি গতকাল তিনটি গাড়ি বদল করে কর্মস্থলে পৌঁছান। তিনি প্রথম আলোকে বলেন, ‘পরিবহন ধর্মঘটের কারণে আমি এক ঘণ্টা দেরিতে কর্মস্থলে পৌঁছি। স্বাভাবিকের চেয়ে আমার দ্বিগুণ ভাড়া গুনতে হয়েছে।’

বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশন পূর্বাঞ্চলের সভাপতি মৃণাল চৌধুরী প্রথম আলোকে বলেন, পরিবহন ধর্মঘটে চট্টগ্রাম থেকে দূরপাল্লার কোনো বাস চলাচল করেনি। তবে কিছু লোকাল বাস চলেছে।

আমাদের প্রতিনিধিদের পাঠানো খবর থেকে দেখা যায়, ঢাকা-চট্টগ্রামের মতো গতকাল দেশের অন্যান্য স্থানের চিত্রও ছিল প্রায় একই রকম। কোথাও দূরপাল্লার বাস চলেনি। তবে কোথাও কোথাও কিছু লোকাল বাস চলেছে।