পরিবহন ধর্মঘটে নৌমন্ত্রীর সম্পৃক্ততা নেই: স্বরাষ্ট্রমন্ত্রী
পরিবহন ধর্মঘটের সঙ্গে নৌমন্ত্রী শাজাহান খানের কোনো সম্পৃক্ততা ছিল না বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। তিনি বলেছেন, বরং নৌমন্ত্রী শ্রমিকদের সঙ্গে সভা করে ধর্মঘট প্রত্যাহার করেছেন।
রাজধানীতে নিজের নির্বাচনী এলাকার তেজগাঁও আদর্শ উচ্চবিদ্যালয়ের বার্ষিক পুরস্কার বিতরণী অনুষ্ঠানে গতকাল শুক্রবার এ কথা বলেন স্বরাষ্ট্রমন্ত্রী।
সড়ক দুর্ঘটনায় চালকদের শাস্তির ঘটনায় ক্ষুব্ধ পরিবহনশ্রমিক নেতারা সোমবার রাতে ঢাকায় নৌমন্ত্রী শাজাহান খানের বাসায় বৈঠক করেন। শাজাহান খান শ্রমিকদের শীর্ষ সংগঠন বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের কার্যকরী সভাপতি। ওই বৈঠকের পর শ্রমিকনেতারা সারা দেশে পরিবহন ধর্মঘটের কথা জানান। এরপর প্রায় দুই দিন ধর্মঘটে অচল ছিল দেশ। মঙ্গলবার রাতে এবং বুধবার সকালে ঢাকার গাবতলীতে শ্রমিকদের সঙ্গে পুলিশের সংঘর্ষ এবং ভাঙচুরের ঘটনাও ঘটে। এ ঘটনায় ছররা গুলিতে নিহত হন এক বাসশ্রমিক। এরপর ওই দিন দুপুরে ধর্মঘট প্রত্যাহার করা হয়।
ধর্মঘটের সঙ্গে নৌমন্ত্রী শাজাহান খানের সম্পৃক্ততা পেয়েছেন কি না জানতে চাইলে স্বরাষ্ট্রমন্ত্রী সাংবাদিকদের বলেন, ‘শাজাহান খান পরিবহনজগতের একজন নেতা। কাজেই তাঁর বাসায় যাঁরা এ ধরনের ঘটনা ঘটিয়েছেন কিংবা যাঁরা ধর্মঘট প্রত্যাহার করেছেন তাঁরা যেতেই পারেন এবং আমরা জানি তিনি এবং অন্য নেতারা মিলে ধর্মঘট যাতে না হয় সে জন্য মিটিং করেছেন, ধর্মঘট প্রত্যাহার করেছেন। এটাই আমি জানি।’
আসাদুজ্জামান খান সাংবাদিকদের আরও বলেন, ‘আপনারা বলছেন শ্রমিকদের খেপিয়ে দিয়ে একটা অরাজক পরিস্থিতির সৃষ্টি করা হয়েছে। আমি সেদিনও বলেছি অহেতুক অযৌক্তিকভাবে এ ধরনের ধর্মঘট। আদালতের রায় পছন্দ না হলে তারা উচ্চ আদালতে যেতে পারত। খামোখা মানুষের দুর্ভোগ সৃষ্টি করে ধর্মঘট ডাকা হয়েছে। এটা বাঞ্ছনীয় ছিল না। তারপরে তাদের নেতারা তাৎক্ষণিকভাবে পরের দিন দুপুরবেলায় ধর্মঘট প্রত্যাহার করেছে, সেটাও আমরা দেখেছি।’