পরিবহন ধর্মঘটে বিপদে কেশবপুরের মাছ ব্যবসায়ীরা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

খুলনা বিভাগের ১০ জেলায় আজ থেকে শুরু হওয়া পরিবহন ধর্মঘটে যশোরের কেশবপুরের পাইকারি মাছের বাজারের ব্যবসায়ীরা বিপদে পড়েছেন। ঢাকাসহ দেশের বিভিন্ন অঞ্চলে এখান থেকে প্রতিদিন যায় ৮ থেকে ১০ ট্রাক মাছ। আজ কোথাও যায়নি সেই মাছ। ফলে দাম পড়ে গেছে মাছের। লাখ লাখ টাকা লোকসান গুনছেন ব্যবসায়ীরা।

বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের খুলনা আঞ্চলিক কমিটির ডাকে আজ শুরু হয়েছে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘট। সেই ধর্মঘটের কারণে কেশবপুরের বিভিন্ন এলাকার ঘের থেকে আসা চিংড়ি ও নানা ধরনের মাছ আর অন্য কোথাও নিয়ে যাওয়া যাচ্ছে না। মাছের মধ্যে রয়েছে রুই, কাতলা, মৃগেল, তেলাপিয়া, জাপানি রুই।
কেশবপুর পাইকারি মাছ বাজারে গিয়ে জানা গেছে, বাজারে মাছের দাম মণপ্রতি চার হাজার টাকা পর্যন্ত কমে গেছে। বারইহাটি গ্রামের বিল্লাল হোসেন বলেন, বড় ট্যাংরা মাছ বিক্রি করতে এসে দেখেন প্রতি মণে মাছের দাম চার হাজার টাকা কমে গেছে। তিনি বলেন, ‘যে মাছ শনিবার ১৬ হাজার টাকা মণ দরে বিক্রি করেছি। সেই মাছ আজ বিক্রি করলাম ১২ হাজার টাকায়।’

পাইকারি ব্যবসায়ীরা জানান, রুই, মৃগেল, সিলভার, জাপানি পুঁটি প্রতি মণে দেড় থেকে দুই হাজার টাকা কমে গেছে। ব্যবসায়ী অলিমগীর হোসেন বলেন, ‘প্রতিদিন মাছ কিনে আমরা ঢাকা, চট্টগ্রাম, সিলেটে পাঠাই। আজ যে মাছ কিনেছি, তা কীভাবে পাঠাব। ধর্মঘট যদি অনির্দিষ্টকালের জন্য চলে, তাহলে আমাদের সব মাছ নষ্ট হয়ে যাবে।’

তবে পাইকারি বাজারে মাছ বিক্রেতাদের মধ্যে এই হাহাকার দেখা গেলেও কিছুটা স্বস্তি খুচরা বাজারে। সেখানে মাছের দাম কম হওয়া বিক্রিবাট্টা বেড়ে গেছে। এই বাজারের এক বিক্রেতা রফিকুল ইসলাম। তিনি বললেন, বড় ট্যাংরা আজ বাজারে ৩০০ থেকে ৩২০ টকা দরে বিক্রি হয়েছে। অন্য দিন এটা ৪০০ টাকার নিচে পাওয়া যায় না। আর দুই কেজির রুই মাছ ২৮০ টাকায় বিক্রি হচ্ছে। এটা সাড়ে ৩০০ টাকায় বিক্রি হতো।
আবদুল জব্বার বলেন, গলদা আজ বিক্রি হয়েছ ৬০০ টাকা কেজি। এমনিতে ৭০০ টাকার নিচে পাওয়া যায়নি।

মাছের বাজারে দুরবস্থার পাশাপাশি ধর্মঘটে জনদুর্ভোগও বেড়েছে ব্যাপকভাবে। আজ সপ্তাহের শুরুতে অফিসগামী লোকজন বাড়ি থেকে বেরিয়ে জানতে পারেন গাড়ি বন্ধ। তখন তাঁদের ভ্যান, মোটরসাইকেল যেতে হয়েছে। আবার অনেকে কোনো পরিবহন না পেয়ে দুর্ভোগে পড়েন। কেশবপুর ত্রিমোহিনী মোড় ও থানা মোড়ে সকালে যাত্রীরা ভিড় করেন। সকালে তিন চাকার পরিবহন মাহেন্দ্র ও ইজিবাইক বের হলে পরিবহনশ্রমিকেরা বাধা দেন। তাঁরা তাঁদের মারধর করেন। অগত্যা লোকজন ভ্যানে করে বের হয়েছেন।
মাগুরায় বাড়ি কাজলের। কেশবপুরের শ্রীরামপুর গ্রামে আত্মীয় বাড়িতে বেড়াতে এসেছিলেন। তাঁর মাকে নিয়ে কেশবপুর শহরের ত্রিমোহিনী মোড়ে এস দেখেন গাড়ি নেই। তখন তিনি দূরের পথে কীভাবে যাবেন, তা নিয়ে দুশ্চিন্তায় পড়েন। তিনি প্রথম আলোকে বলেন, ‘ঘর থেকে বের হয়ে জানতে পারলাম পরিবহন ধর্মঘটের কথা। এত দূর কীভাবে যাব তা বুঝতে পারছি না।’