পরিবহন ধর্মঘটে ভোগান্তি
সারা দেশে গতকাল মঙ্গলবার সকাল থেকে হঠাৎ করেই ধর্মঘট শুরু করেছেন পরিবহনশ্রমিকেরা। সকাল ছয়টা থেকে কর্মবিরতির নামে এ ধর্মঘট শুরু হয়। এতে নিত্যপ্রয়োজনীয় পণ্যসহ বিভিন্ন মালামাল ও যাত্রী পরিবহন বন্ধ রয়েছে। এতে দূরপাল্লার যাত্রীসহ স্থানীয় যাত্রীরাও দুর্ভোগে পড়েন।
ঢাকার সাভারে ট্রাক চাপা দিয়ে এক নারীকে হত্যার দায়ে সোমবার এক চালকের মৃত্যুদণ্ডাদেশ দেন আদালত। এর প্রতিবাদে গতকাল সকাল থেকে এ ধর্মঘট চালু হয়। মানিকগঞ্জে সড়ক দুর্ঘটনায় চলচ্চিত্রকার তারেক মাসুদ ও সাংবাদিক মিশুক মুনীরসহ পাঁচজন নিহত হওয়ার ঘটনায় বাসচালক জামির হোসেনকে যাবজ্জীবন কারাদণ্ডাদেশ দেওয়ার প্রতিবাদে রোববার থেকে শুরু করে সোমবার সন্ধ্যা পর্যন্ত খুলনা বিভাগের ১০ জেলায় পরিবহন ধর্মঘট চালান শ্রমিকেরা। এর মধ্যেই গতকাল থেকে পরিবহনশ্রমিকেরা আবার নতুন কর্মসূচি শুরু করেছেন। নতুন করে আবার দুর্ভোগে পড়েছেন যাত্রীরা।
প্রথম আলোর প্রতিনিধিদের পাঠানো খবর:
ঠাকুরগাঁও
সকাল থেকে জেলায় সব ধরনের যান চলাচল বন্ধ হয়ে যায়। ঠাকুরগাঁও থেকে ঢাকার কোনো বাস ছেড়ে যায়নি। অভ্যন্তরীণ রুটেও যান চলাচল বন্ধ আছে। ইজিবাইক, রিকশা, ভ্যান এমনকি হেঁটেই গন্তব্যস্থলের দিকে যাচ্ছে মানুষ।
আরশাদ আলী নামের একজন বলেন, ‘জরুরি প্রয়োজনে ঢাকা যাওয়ার জন্য সকালে বের হয়েছি। ঢাকার কাউন্টারে এসে দেখি, বাস বন্ধ। এখন যেতে পারছি না।’
দিনাজপুর
সকাল নয়টায় দিনাজপুর শহরের সুইহারী ও কলেজ মোড় এলাকায় গিয়ে দেখা যায়, শত শত পরিবহন শ্রমিক লাঠি ও রড নিয়ে যাত্রীবাহী বাস, মালবাহী ট্রাক আটকে দিচ্ছেন। ইজিবাইকে আসা যাত্রীদেরও নামিয়ে দেওয়া হচ্ছে। সুইহারী বাস টার্মিনাল ফুলবাড়ী বাসস্ট্যান্ড, জোড়া ব্রিজ বাসস্ট্যান্ড, বালুয়াডাঙ্গা বাসস্ট্যান্ডসহ বিভিন্ন জায়গায় পরিবহন শ্রমিকদের পিকেটিংয়ের কারণে সাধারণ মানুষকে দুর্ভোগের শিকার হতে হয়।
দিনাজপুর মোটর মালিক গ্রুপের সভাপতি ভবানী শংকর আগরওয়ালা বলেন, ধর্মঘটের কারণে দিনাজপুরের সব রুটের বাস; এমনকি দিনাজপুর থেকে ঢাকা, চট্টগ্রাম, সিলেট, ময়মনসিংহসহ অন্যান্য জেলায় চলাচলকারী কোনো বাস দিনাজপুর থেকে ছেড়ে যায়নি। অন্য জেলা থেকে দূরপাল্লার কোনো বাসও দিনাজপুরে আসেনি।
সিরাজগঞ্জ
সকাল থেকে সিরাজগঞ্জের কেন্দ্রীয় এম এ মতিন বাস টার্মিনাল হয়ে জেলার কোথাও যাত্রীবাহী বাস চলাচল করছে না। সিএনজিচালিত অটোরিকশাসহ সব ধরনের যান চলাচল বন্ধ আছে। নগরবাড়ি-বগুড়া মহাসড়কের উল্লাপাড়া রেলস্টেশন এলাকায় শ্রমিকেরা ট্রাক চলাচল বন্ধ করে দেন। এ সময় বিক্ষুব্ধ শ্রমিকেরা কয়েকটি ট্রাকও ভাঙচুর করেন। এ ছাড়া ঢাকা-বগুড়া, বনপাড়া-হাটিকুমরুল মহাসড়কে দু-একটি প্রাইভেটকার বা মাইক্রোবাস ছাড়া অন্য কোনো যান চলাচল করেনি।
বগুড়া
বগুড়ায় গতকাল ভোর থেকে লাঠি হাতে সড়ক-মহাসড়কে অবস্থান নেন পরিবহনশ্রমিকেরা। রোগী বহনকারী অ্যাম্বুলেন্স, সংবাদপত্রবাহী গাড়ি চলাচলেও বাধা দেন তাঁরা। ধর্মঘটি শ্রমিকদের বাধায় আটকা পড়ে সিলেট, চট্টগ্রাম ও ঢাকা থেকে ছেড়ে আসা উত্তরবঙ্গগামী কয়েক শ দূরপাল্লার বাস ও পণ্যবাহী ট্রাক। এতে চরম দুর্ভোগের মুখে পড়তে হয় যাত্রীদের। কোনো কোনো বাস থেকে যাত্রীদের নামিয়ে দেওয়া হয়। অনেকেই হেঁটে গন্তব্যের উদ্দেশে রওনা হন। রাস্তায় গাড়ি নিয়ে বের হয়ে ধর্মঘটি শ্রমিকদের মারধরের শিকার হন অনেক চালক।