পরিবহন ধর্মঘটে ভোগান্তি রাজধানীবাসীর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
পরিবহন ধর্মঘটের কারণে আজ শুক্রবার রাজধানীতে বাস চলছে না। তবে ব্যক্তিগত গাড়ি ও সিএনজিচালিত অটোরিকশা চলতে দেখা গেছে। রাজধানীর কারওয়ান বাজার এলাকার আজ সকালের চিত্র। ছবি : জামিউল ইসলাম।
পরিবহন ধর্মঘটের কারণে আজ শুক্রবার রাজধানীতে বাস চলছে না। তবে ব্যক্তিগত গাড়ি ও সিএনজিচালিত অটোরিকশা চলতে দেখা গেছে। রাজধানীর কারওয়ান বাজার এলাকার আজ সকালের চিত্র। ছবি : জামিউল ইসলাম।

পরিবহন ব্যবসায়ী খুন হওয়ার প্রতিবাদে মালিক সমিতির পালিত ধর্মঘটে সকাল থেকে রাজধানীবাসীকে পোহাতে হয়েছে চরম দুর্ভোগ। তবে এই ধর্মঘট সন্ধ্যা ছয়টা পর্যন্ত থাকার কথা থাকলেও তা কিছুটা শিথিল করে দুপুর ১২টা পর্যন্ত পালন করার সিদ্ধান্ত নেয় পরিবহন মালিক সমিতি। জুনিয়র স্কুল সার্টিফিকেট (জেএসসি) ও জুনিয়র দাখিল সার্টিফিকেট (জেডিসি) পরীক্ষার কথা বিবেচনা করে মালিক পক্ষ এ সিদ্ধান্ত নেয় বলে জানিয়েছেন সমিতির মহাসচিব খন্দকার এনায়েত উল্যাহ।
রাজধানীর মতিঝিলে সমবায় ব্যাংক ভবনে গতকাল সন্ধ্যায় আওয়ামী লীগের নেতা ও পরিবহন ব্যবসায়ী খায়রুল আলম মোল্লাকে ছুরিকাঘাতে হত্যা করে দুর্বৃত্তরা। তাঁর পরিবারের অভিযোগ, সায়েদাবাদ আন্তজেলা বাস টার্মিনালের টোল নিয়ন্ত্রণ নিয়ে বিরোধের জের ধরে তাঁকে হত্যা করা হয়েছে।
এর প্রতিবাদে গতকাল বাংলাদেশ সড়ক পরিবহন মালিক সমিতি এ ধর্মঘটের ডাক দেয়।
পরিবহন ধর্মঘটের কারণে সকাল থেকে রাজধানীর প্রধান সড়কগুলোতে বাস চলাচল প্রায় বন্ধ ছিল। দুপুর ১২টা পর্যন্ত হাতে গোনা কিছু বাস চলাচল করতে দেখা গেছে। ধর্মঘটের সুযোগে রিকশা, সিএনজিচালিত অটোরিকশা ও  ব্যক্তিগত গাড়ির দখলে ছিল রাজপথ। তবে গণপরিবহন মূলত বাস চলাচল না করায় দুর্ভোগে পড়ে অসংখ্য মানুষ। মোড়ে মোড়ে সাধারণ যাত্রীদের জটলা দেখা যায়। দু-একটি খালি বাস দেখলেই যাত্রীরা হুড়োহুড়ি করে উঠতে গেলেও বাসগুলো যাত্রী না নিয়েই চলে যায়। আবার যে কয়েকটি বাস চলাচল করেছে, সেগুলোতে ছিল উপচে পড়া ভিড়। আর এ সুযোগে অটোরিকশার চালকেরা হাঁকিয়েছেন চড়া ভাড়া। অনেক যাত্রী গন্তব্যে পৌঁছেছেন ট্রাকে করে। অনেককে আবার গন্তব্যের উদ্দেশে হেঁটে রওনা হতে দেখা গেছে।

মিরপুর-১১ নম্বর বাসস্ট্যান্ডে অপেক্ষারত আলামিন সকাল সাড়ে নয়টার দিকে জানান, ১০টার দিকে তাঁর টেক্সটাইল ইঞ্জিনিয়ারিংয়ের পরীক্ষা হওয়ার কথা।  তেজগাঁও কলেজে তাঁর সিট পড়েছে। তখনো পর্যন্ত তিনি কোনো পরিবহন পাননি। রিকশা ভাড়াও দ্বিগুণ চাচ্ছে।

রিকশাচালক শাহ আলম বলেন, ‘রিকশা নেমেছে প্রচুর। যাত্রী যেহেতু বেশি, তাই ভাড়া একটু বেশি তো চাইবোই।’

জুরাইন থেকে কারওয়ান বাজার এসেছেন রাসেল নামের একজন জানান, নয়টায় বাসা থেকে বের হয়ে রাস্তায় কোনো বাস না পেয়ে লেগুনায় চড়ে তিনি দয়াগঞ্জে আসেন। এরপর হেঁটে পল্টন মোড় পর্যন্ত আসতে হয় তাঁকে। সেখান থেকে পিকআপ ভ্যানে করে বাংলামোটর। এরপর আবার হেঁটে কারওয়ান বাজার।

মোহাম্মদপুর থেকে গুলশানের দিকে যাওয়া যাত্রী রোকন উদ্দিন জানান, হরতালে অফিসে কাজ হয়নি। তাই আজ তাঁদের গুলশানের অফিসে যেতে বলা হয়েছিল। সকালে বাস স্টপেজে গিয়ে জানতে পারেন পরিবহন ধর্মঘট। কিছু না পেয়ে সিএনজিচালিত অটোরিকশার ভাড়া জানতে চাইলে দাম হাঁকা হয় ৩০০ টাকা।

গাবতলী ও মহাখালী আন্তজেলা বাস টার্মিনালে খোঁজ নিয়ে জানা গেছে, দূরপাল্লার কোনো বাসই ছেড়ে যায়নি। তবে বিভিন্ন জেলা থেকে আসা বাস ওই টার্মিনালগুলোতে সকালে প্রবেশ করেছে।

এদিকে বিভিন্ন কাউন্টার থেকে জানানো হয়, যারা আজকের জন্য দূরপাল্লার অগ্রিম টিকিট কেটেছেন, তাঁদের ফোন করে টাকা ফেরত দেওয়া হচ্ছে।

বেলা সাড়ে ১১টার দিকে বাংলাদেশ সড়ক পরিবহন সমিতির মহাসচিব খন্দকার এনায়েত উল্যাহ প্রথম আলো ডটকমকে বলেন, জেএসসি ও জেডিসি পরীক্ষার্থীদের কথা বিবেচনা করেই ধর্মঘট ৬ ঘণ্টা শিথিল করে ১২টা পর্যন্ত করা হয়েছে।’