পরিবহন ধর্মঘটে যাত্রীদের চরম দুর্ভোগ, অর্ধশতাধিক যান ভাঙচুর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজশাহী বিভাগের আট জেলায় আট দফা দাবি আদায়ের লক্ষ্যে তিন দিনের ধর্মঘট ডেকেছিল সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের রাজশাহী আঞ্চলিক কমিটি। গতকাল বুধবার ছিল ধর্মঘটের প্রথম দিন। ধর্মঘটের কারণে গতকাল উত্তরবঙ্গের আট জেলায় যান চলাচল করেনি। এতে অবর্ণনীয় দুর্ভোগের শিকার হয় সাধারণ মানুষ। এ সময় শ্রমিকেরা বিভিন্ন স্থানে অর্ধশতাধিক বাস-ট্রাক ভাঙচুরসহ কয়েকজন চালককে মারধর করেছেন।দাবিগুলো হলো: শ্রমিকদের নিয়োগপত্র প্রদান, বেতনভাতা বৃদ্ধি, চালক লাইসেন্স নবায়ন ও সহজ শর্তে নতুন লাইসেন্স প্রদান, সড়ক-মহাসড়কে নছিমন-করিমন এবং ভটভটি বন্ধ, হাইওয়ে পুলিশের চাঁদাবাজি বন্ধ, নিয়মবহির্ভূত শ্রমিক ইউনিয়নের নিবন্ধন বাতিল এবং ট্রাক ও কাভার্ড ভ্যানে অতিরিক্ত মালবোঝাই বন্ধ।এদিকে গতকাল সন্ধ্যায় যোগাযোগ মন্ত্রণালয়ে বৈঠক শেষে ধর্মঘট প্রত্যাহারের ঘোষণা দেন সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের রাজশাহী আঞ্চলিক কমিটির সাধারণ সম্পাদক কামাল হোসেন।আমাদের নিজস্ব প্রতিবেদক, আঞ্চলিক কার্যালয় ও প্রতিনিধিদের পাঠানো খবর:রাজশাহী: প্রত্যক্ষদর্শীরা জানায়, ধর্মঘট চলাকালে শহর থেকে কোনো বাস ছেড়ে যায়নি। তবে সকাল আটটার দিকে বাঘা থেকে ছেড়ে আসা বিআরটিসির একটি দোতলা বাস শহরের তালাইমারীর মোড়ে এসে পৌঁছালে শ্রমিক ইউনিয়নের কর্মচারীরা এতে হামলা চালান। ইটপাটকেল নিক্ষেপ করে বাসের সামনে কাচ কিছুটা ভেঙে ফেলেন। কিছুক্ষণ পর রাজশাহীর বাইরে থেকে অপর একটি বিআরসিটির বাস এলে পুলিশ সেটি ডিপোতে নিয়ে আসে। সকাল ১০টার দিকে মালামাল বোঝাই একটি ট্রাক তালাইমারীর একটি গ্যারেজে ঢোকার চেষ্টা করলে শ্রমিকেরা ট্রাকটি ঘেরাও করেন। এ সময় গ্যারেজের এক কর্মচারীকে শ্রমিকেরা মারধর করেন।শহরের এক বাসিন্দা ফেরদৌস আলম বলেন, সকালে রাজশাহী রেলগেটে এসে কোনো গাড়ি না পেয়ে বাধ্য হয়ে ২০ টাকার রাস্তা ৫০ টাকা দিয়ে ব্যাটারিচালিত অটোরিকশায় যান। বগুড়া: শহরে গতকাল বাস, মিনিবাস, ট্রাক, সিএনজিচালিত অটোরিকশাসহ কোনো ধরনের মোটরযান চলাচল করেনি। সংবাদপত্রবাহী যানবাহন চলাচলেও বাধা দেওয়া হয়েছে। ব্যাটারিচালিত অটোরিকশা মোটর শ্রমিক ইউনিয়নের বাইরে হলেও তাদেরও চলতে দেওয়া হয়নি। সকালে শ্রমিকেরা তাঁদের দাবি বাস্তবায়নে মিছিল সমাবেশ করে।সারিয়াকান্দির বাসযাত্রী আবদুল আজিজ জানান, বগুড়ায় তিনি রোগী নিয়ে এসেছিলেন। কিন্তু গাড়ি বন্ধ থাকায় তিনি আর বাড়ি ফিরতে পারছেন না।শেরপুর (বগুড়া) প্রতিনিধি জানান, ধর্মঘটে উপজেলার প্রায় ২০ কিলোমিটার এলাকাজুড়ে শত শত মালবাহী ও খালি ট্রাক আটকে পড়ে। এ ছাড়া ফুলবাড়ী ও দশমাইলের সবজিবাজারে গেলে দেখা যায়, ক্রেতা কম থাকায় সবজির দাম পড়ে গেছে। সিরাজগঞ্জ: সিরাজগঞ্জ বাস টার্মিনালসহ সব উপজেলা থেকে কোনো বাস, মিনিবাস, মাইক্রোবাস ও অটোরিকশা চলাচল করেনি। সকাল সাতটার দিকে শ্রমিকেরা বঙ্গবন্ধু সেতুুর পশ্চিম সংযোগ সড়কের মুলিবাড়ী নামক স্থানে সাতটি ট্রাক ও বাস এবং উল্লাপাড়া রেলক্রসিং এলাকায় একটি রিজার্ভ বাস ভাঙচুর করেন। এ ছাড়া দুটি বিআরটিসি বাস বাঘাবাড়ী ঘাটে পৌঁছালে শ্রমিকেরা বাস দুটি ভাঙচুরসহ চালককে মারধর করেন। পরে পুলিশ বাস দুটি ছেড়ে দেয়। শ্রমিকেরা শাহজাদপুর পারকোলা ব্রিজের কাছে দুটি ট্রাকের চালককে মারধর করেন ও তাঁদের ট্রাকের চাবি কেড়ে নেন। এদিকে সকাল থেকে সব ধরনের যানবাহন চলাচল বন্ধ থাকায় এসএসসি পরীক্ষার্থীরা সবচেয়ে বেশি বিপদে পড়ে। অনেক পরীক্ষার্থী ২০-৩০ মিনিট দেরিতে পরীক্ষাকেন্দ্রে উপস্থিত হয়।নাটোর: নাটোর থেকে আন্তজেলা ও দূরপাল্লার কোনো যানবাহন চলাচল করেনি। এতে বিপাকে পড়েন যাত্রীরা।জয়পুরহাট: সকাল থেকেই শ্রমিকেরা শহরের বাস টার্মিনাল এলাকার প্রধান রাস্তায় মোটরের টায়ার জ্বালিয়ে প্রতিবন্ধকতা সৃষ্টি করে স্কুটার, ব্যাটারিচালিত টমটম চলাচলে বাধা সৃষ্টি করেন। এতে যাত্রীরা ভোগান্তিতে পড়েন।কালাই (জয়পুরহাট) প্রতিনিধি জানান, সকাল থেকে বিকেল পর্যন্ত কালাইয়ে শ্রমিকেরা ২৫টি যানবাহন ভাঙচুর করেন।