পরিবহন ধর্মঘটে সারা দেশে মানুষের দুর্ভোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সারা দেশে গতকাল মঙ্গলবার সকাল থেকে হঠাৎ করেই ধর্মঘট শুরু করেছেন পরিবহনশ্রমিকেরা। সকাল ছয়টা থেকে কর্মবিরতির নামে এ ধর্মঘট শুরু হয়। এতে নিত্যপ্রয়োজনীয় পণ্যসহ বিভিন্ন মালামাল ও যাত্রী পরিবহন বন্ধ রয়েছে। এতে দূরপাল্লার যাত্রীসহ স্থানীয় যাত্রীরাও দুর্ভোগে পড়েন।
ঢাকার সাভারে ট্রাক চাপা দিয়ে এক নারীকে হত্যার দায়ে সোমবার এক চালকের মৃত্যুদণ্ডাদেশ দেন আদালত। এর প্রতিবাদে গতকাল সকাল থেকে এ ধর্মঘট শুরু হয়। মানিকগঞ্জে সড়ক দুর্ঘটনায় চলচ্চিত্রকার তারেক মাসুদ ও সাংবাদিক মিশুক মুনীরসহ পাঁচজন নিহত হওয়ার ঘটনায় বাসচালক জামির হোসেনকে যাবজ্জীবন কারাদণ্ডাদেশ দেওয়ার প্রতিবাদে রোববার থেকে শুরু করে সোমবার সন্ধ্যা পর্যন্ত খুলনা বিভাগের ১০ জেলায় পরিবহন ধর্মঘট চালান শ্রমিকেরা। এর মধ্যেই গতকাল থেকে পরিবহনশ্রমিকেরা আবার নতুন কর্মসূচি শুরু করেছেন। নতুন করে আবার দুর্ভোগে পড়েছেন যাত্রীরা।
প্রথম আলোর নিজস্ব প্রতিবেদক ও প্রতিনিধিদের পাঠানো খবর:
ঢাকার সাভার বাসস্ট্যান্ডে এসে গতকাল যানবাহনের অভাবে আটকা পড়েন অনেকে। ঢাকা-আরিচা ও ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে বাস, মিনিবাস ও ট্রাক চলাচল বন্ধ ছিল। দু–একটি ব্যক্তিগত গাড়ি ও লেগুনা চলাচল করতে দেখা যায়। রাজধানীর গাবতলী বাস টার্মিনাল থেকে সকাল থেকে দূরপাল্লার কোনো বাস ছাড়েনি।
সকাল আটটা পর্যন্ত মানিকগঞ্জে ঢাকা-আরিচা মহাসড়কে দু-একটি বাস চলাচল করলেও নয়টার পর থেকে স্থানীয় ও দূরপাল্লার যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়।
ঢাকার সাভারে কাস্টমস কার্যালয়ে যেতে গতকাল সকাল নয়টায় মানিকগঞ্জ বাসস্ট্যান্ডে আসেন সদর উপজেলার নতুন বসতি গ্রামের মহসিন হোসেন ওরফে চন্দন (৩০)। কিন্তু বাসস্ট্যান্ডে এসে দেখতে পান বাস ও ট্রাকসহ দূরপাল্লার কোনো বাসই চলছে না। প্রায় দুই ঘণ্টা বাসের জন্য দাঁড়িয়ে থেকে কোনো বাস না পেয়ে বাড়ি চলে যান তিনি।
ঢাকা-নারায়ণগঞ্জ রুটে সকালে বাস চলাচল বন্ধ করে দেন পরিবহনশ্রমিকেরা। এতে দুর্ভোগে পড়েন যাত্রীরা। এ ছাড়া ঢাকা-চট্টগ্রাম ও ঢাকা-সিলেট মহাসড়কে বাস চলাচল বন্ধ হয়ে যায়।
সকালে নারায়ণগঞ্জ নগরীর বাস টার্মিনাল এলাকায় বিভিন্ন বাস দাঁড়িয়ে ছিল। নগরীর ১ নম্বর রেলগেট এলাকার বিভিন্ন বাস কাউন্টারগুলো তালাবদ্ধ ছিল।
বাসের জন্য অপেক্ষমাণ জ্যোৎস্না বেগম বলেন, তিনি তাঁর স্বামী ও ছয় বছরের মেয়েকে নিয়ে গ্রামের বাড়ি সিরাজগঞ্জে যাবেন। কিন্তু বাস কাউন্টারে এসে দেখেন ধর্মঘট। এখন কী করবেন তিনি বুঝতে পারছেন না।
এদিকে সকাল সাতটা থেকে বেলা তিনটা পর্যন্ত ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সোনারগাঁয়ের কাঁচপুর বাসস্ট্যান্ড, মদনপুর, মোগরাপাড়া চৌরাস্তা ও মেঘনাঘাট এলাকায় অবস্থান করে দেখা যায়, দূরপাল্লা ও স্বল্পপাল্লার যাত্রীবাহী বাস চলাচল না করায় ঢাকাগামী মানুষ, বিশেষ করে চাকরিজীবী ও শিক্ষার্থীরা দুর্ভোগে পড়েন। কিছুক্ষণ পর পর লোকাল কিছু বাস চলাচল করলেও যাত্রীরা জীবনের ঝুঁকি নিয়ে গাদাগাদি করে, আবার অনেকে বাসের ছাদে চড়ে চলাচল করেন। বাস না থাকায় অনেক যাত্রীকে অটোরিকশা, পিকআপে ও হেঁটে চলাচল করতে দেখা যায়।