পরিবহন ধর্মঘটে স্থবির উত্তরাঞ্চল, জনদুর্ভোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রাজশাহী বিভাগীয় পরিবহন মালিক-শ্রমিক ঐক্য পরিষদের ডাকে উত্তরের ১৬ জেলায় চলছে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘট৷ এতে দুর্ভোগে পড়েছেন সাধারণ যাত্রীরা৷ তাঁদের একমাত্র ভরসা ট্রেন৷ সান্তাহার থেকে দিনাজপুরগামী দোলনচাঁপা ট্রেনটি গতকাল বিকেল সোয়া চারটার দিকে বগুড়া স্টেশনে পৌঁছালে যাত্রীরা হুমড়ি খেয়ে পড়েন৷ কিন্তু ট্রেনে যেন িতল ধারণের ঠাঁই নেই, ছাদ-ইঞ্জিনেও ঝুলছেন যাত্রীরা৷ অনেকে িভড়তেই পারেননি ট্রেনের কাছে l সোয়েল রানা
রাজশাহী বিভাগীয় পরিবহন মালিক-শ্রমিক ঐক্য পরিষদের ডাকে উত্তরের ১৬ জেলায় চলছে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘট৷ এতে দুর্ভোগে পড়েছেন সাধারণ যাত্রীরা৷ তাঁদের একমাত্র ভরসা ট্রেন৷ সান্তাহার থেকে দিনাজপুরগামী দোলনচাঁপা ট্রেনটি গতকাল বিকেল সোয়া চারটার দিকে বগুড়া স্টেশনে পৌঁছালে যাত্রীরা হুমড়ি খেয়ে পড়েন৷ কিন্তু ট্রেনে যেন িতল ধারণের ঠাঁই নেই, ছাদ-ইঞ্জিনেও ঝুলছেন যাত্রীরা৷ অনেকে িভড়তেই পারেননি ট্রেনের কাছে l সোয়েল রানা

ছয় দফা দাবিতে রাজশাহী বিভাগে গতকাল রোববার সকাল থেকে শুরু হয়েছে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘট৷ এতে দুর্ভোগে পড়েছেন উত্তরের ১৬টি জেলার অভ্যন্তরীণ ও এসব জায়গা থেকে বাইরের জেলাগুলোতে চলাচলকারী অসংখ্য মানুষ৷ রাজধানী ঢাকার সঙ্গেও যানবাহন চলাচল বিচ্ছিন্ন হয়ে পড়ে এই জেলাগুলোর৷ স্থবির হয়ে পড়ে জনজীবন৷
গত শনিবার বিকেলে বগুড়ায় রাজশাহী বিভাগীয় পরিবহন মালিক-শ্রমিক ঐক্য পরিষদ এক যৌথ সভা থেকে এ ধর্মঘটের ডাক দেয়৷ তবে দাবি বাস্তবায়নে গতকাল পর্যন্ত প্রশাসনের তরফে সাড়া মেলেনি৷ ঢাকার বাইরে সংশ্লিষ্ট এলাকার প্রথম আলোর নিজস্ব প্রতিবেদক ও প্রতিনিধিদের পাঠানো খবর:
বগুড়া: ধর্মঘটের কারণে এ জেলার মহাস্থান মোকামে সবজিবোঝাই অর্ধশত ট্রাকসহ পথে পথে আটকা পড়ে কয়েক শ পণ্যবাহী যানবাহন৷
গাইবান্ধার জমির আলীসহ (৫০) ১৮ জন মাটিকাটা শ্রমিক সম্প্রতি কাজের সন্ধানে গিয়েছিলেন কুমিল্লায়৷ ফেরার পথে শনিবার রাত নয়টার দিকে কুমিল্লা থেকে গাইবান্ধাগামী একটি বাসে উঠেছিলেন তাঁরা৷ কিন্তু সিরাজগঞ্জের কড্ডার মোড়ে এসে সকালে ধর্মঘটি শ্রমিকদের বাধার মুখে পড়ে বাসটি৷ নামিয়ে দেওয়া হয় যাত্রীদের৷ ডালি-কোদাল মাথায় নিয়ে কয়েক ঘণ্টা হেঁটে ট্রেন ধরতে বেলা ১১টায় বগুড়া স্টেশনে পৌঁছান তাঁরা৷ কিন্তু সেখানেও ভোগান্তি৷ বিকেল পর্যন্ত ট্রেনের দেখা পাননি৷
নওগাঁ: আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি জানান, নওগাঁয় কোনো রেলওয়ে জংশন না থাকায় এ জেলার সব উপজেলা থেকে লোকজন গিয়েছিলেন বগুড়ার সান্তাহার স্টেশনে৷ কিন্তু ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করেও টিকিট না পেয়ে অনেককে ফিরে যেতে হয়৷ এ ছাড়া সকালে আন্তজেলা বাসস্ট্যান্ড ও ঢাকা বাসস্ট্যান্ডে গাড়ির অপেক্ষায় বসে থাকতে দেখা গেছে অসংখ্য যাত্রীকে৷
রাজশাহী: বেলা একটা ৩০ মিনিট৷ রাজশাহী নগরের প্রবেশমুখ তালাইমারীতে একদল মোটর শ্রমিক লাঠি হাতে রাস্তা ঘিরে দাঁড়িয়ে রয়েছেন৷ এ সময় একটি মাইক্রোবাস বাইরে থেকে শহরে প্রবেশের চেষ্টা করলে তাঁরা গাড়িটি ঘিরে দাঁড়ান৷ কয়েকজন শ্রমিক গাড়ির সামনে শুয়ে পড়েন৷ অবশেষে গাড়িটি ফিরে যেতে বাধ্য হয়৷ রাজশাহী শহরের বিভিন্ন স্থানে এভাবেই শ্রমিকদের বাধার কারণে বাইরের কোনো যানবাহন গতকাল শহরে প্রবেশ করতে পারেনি৷ শহর থেকে বাইরেও যেতে পারেনি৷
বিকেলে ঢাকাগামী পদ্মা এক্সপ্রেস ট্রেন ছাড়ার সময় শহরের স্টেশনে গিয়ে দেখা যায়, প্ল্যাটফরমে গিজগিজ করছে মানুষ৷
সিরাজগঞ্জ: ধর্মঘটের কারণে বঙ্গবন্ধু সেতুর পশ্চিম সংযোগ সড়কের সয়দাবাদ এলাকায় সকালে আটকা পড়ে ঢাকা থেকে আসা শতাধিক বাস৷ পরিবহন শ্রমিকেরা এসব গাড়ি আটকে দেন৷ সিরাজগঞ্জ জেলা মোটর শ্রমিক ইউনিয়নের সভাপতি সুলতান মাহমুদ বলেন, দুপুর ১২টার পর মানবিক কারণে যাত্রীবাহী বাসগুলো ছেড়ে দেওয়া হয়েছে৷ তবে পরবর্তী সময় থেকে এভাবে আর ছাড়া হবে না৷
রায়গঞ্জ প্রতিনিধি জানান, ধর্মঘটে ভোগান্তিতে পড়েছে এ উপজেলার হাজারও মানুষ৷ সকালে উপজেলার ধানগড়া বাসস্ট্যান্ডে গিয়ে দেখা যায়, সিরাজগঞ্জগামী বাসগুলো ঠাঁয় দাঁড়িয়ে আছে৷
যাত্রীরা গন্তব্য স্থানে যাওয়ার জন্য এই বাসস্ট্যান্ডে এসে জানতে পারেন ধর্মঘটের কথা৷ সিরাজগঞ্জ শহরের একটি কলেজের শিক্ষক গৌরী পাল বলেন, বাসের সঙ্গে সিএনজিচালিত অটোরিকশার চলাচলও বন্ধ রয়েছে৷ তাই ভরসা, অবৈধ শ্যালো মেশিনচালিত সেই নছিমনই৷
উপজেলার চান্দাইকোনা বাসস্ট্যান্ডে গিয়েও একই ধরনের চিত্র দেখা যায়৷ যাত্রীবাহী বাসসহ কোনো যানবাহনই ছাড়ছে না৷
জয়পুরহাট: পরিবহন ধর্মঘটে জয়পুরহাটের জনজীবন স্থবির হয়ে পড়ে৷ জেলা শহরে বাইরে থেকে লোকজন আসতে না পারায় ব্যবসায়ীরা অলস সময় কাটাচ্ছেন৷ আন্তজেলা বাস, ট্রাক, স্কুটার, অটোরিকশা চলাচল না করায় দুর্ভোগে পড়েছে সাধারণ মানুষ৷
রংপুর: রংপুর বিভাগের জেলাগুলোর পরিবহন শ্রমিকেরা ধর্মঘটে সাড়া না দিলেও রাজশাহী বিভাগে ধর্মঘট চলতে থাকায় বগুড়ার ওপর দিয়ে ঢাকাগামীসহ দূরপাল্লার বাস চলাচল করছে না৷ এতে ভোগান্তিতে রয়েছেন এ পথের যাত্রীরা৷
যাত্রীদের অনেকেই বাস ধরতে রংপুরের কামারপাড়া এলাকায় ঢাকা বাসস্ট্যান্ডে এসে জানতে পারেন, বাস চলাচল বন্ধ৷ চাকরিজীবী আমিনুল ইসলাম বলেন, হঠাৎ বাস চলাচল বন্ধ হওয়ায় পরিবার নিয়ে ঢাকা যেতে পারছি না৷
আলোচনা নেই, ধর্মঘট চলবে: রাজশাহী বিভাগীয় সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের সভাপতি আবদুল লতিফ মণ্ডল বলেন, ছয় দফা দাবির বাস্তবায়ন না হওয়া পর্যন্ত ধর্মঘট চলবে৷ দাবি বাস্তবায়নের ব্যাপারে গতকাল পর্যন্ত প্রশাসনের কেউ তাঁদের সঙ্গে যোগাযোগ করেননি৷