পরিবহন ধর্মঘটের দ্বিতীয় দিনে দুর্ভোগে যাত্রীরা
মহাসড়কে নছিমন, করিমন, ভটভটি ও ব্যাটারিচালিত অটোরিকশা চলাচল বন্ধের দাবিতে পঞ্চগড়ে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘটের দ্বিতীয় দিনে গতকাল সোমবার যাত্রীরা চরম দুর্ভোগে পড়েন।
গত রোববার সকাল থেকে মালিক সমিতি অনির্দিষ্টকালের এই পরিবহন ধর্মঘটের ডাক দেওয়ার পর আন্তজেলা ও দূরপাল্লার সব ধরনের যান চলাচল বন্ধ আছে।
জেলা মোটর মালিক সমিতির সভাপতি ইকবাল কায়সার বলেন, মহাসড়কে নছিমন, করিমন, ভটভটি ও ব্যাটারিচালিত রিকশাভ্যান চলছে। এ বিষয়ে জেলা পর্যায়ের সরকারি কর্মকর্তাদের সঙ্গে একাধিকবার বসার পরও কোনো সমাধান পাওয়া যায়নি। ফলে বাধ্য হয়ে যৌথভাবে মালিক ও শ্রমিকপক্ষ এই কর্মসূচির ডাক দিয়েছে। মহাসড়কে এসব যান চলাচল বন্ধ না হওয়া পর্যন্ত পরিবহন ধর্মঘট চলবে বলে জানান তিনি।
এদিকে ধর্মঘটের কারণে যাত্রীরা দুর্ভোগে পড়ে। পঞ্চগড় সমাজসেবা অধিদপ্তরের উপপরিচালক শহিদুল হক ঠাকুরগাঁও থেকে এসে অফিস করেন। তিনি বলেন, আগে তিনি বাসে যাতায়াত করতেন। এখন ভেঙে ভেঙে আসতে হয়।
কলেজছাত্রী রূপালি বেগম বলে, যান চলাচল বন্ধ থাকায় তাকে রিকশা বা ভ্যানে কষ্ট করে আসতে হচ্ছে। এতে সময় বেশি লাগছে, খরচও বেশি হচ্ছে। পুলিশ সুপার গিয়াসউদ্দিন আহ্মদ বলেন, এই পরিবহন ধর্মঘট অযৌক্তিক। মহাসড়কে নিষিদ্ধ কোনো যান চলছে না। কেউ লুকিয়ে চালানোর চেষ্টা করলে জরিমানাসহ মামলা দেওয়া হচ্ছে।