পরিবহন পদ্ধতি নিয়ে বাংলাদেশ নেপাল মতৈক্য হয়েছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশ ও নেপালের মধ্যে ট্রানজিট পরিচালনা পদ্ধতিসংক্রান্ত চুক্তির খসড়া গতকাল বৃহস্পতিবার চূড়ান্ত হয়েছে। পরস্পরের মধ্যে পণ্য পরিবহনের পদ্ধতির ব্যাপারে দুই দেশ একমত হয়েছে। বাংলাদেশ-নেপালের বাণিজ্যসচিব পর্যায়ের দুই দিনের বৈঠক শেষে ‘অপারেটিং মডালিটিজ ফর দ্য ক্যারিজ অব ট্রানজিট’ শীর্ষক চুক্তিটি চূড়ান্ত করা হয়।বৈঠক শেষে বাণিজ্যসচিব মো. গোলাম হোসেন সাংবাদিকদের বলেন, ১৯৭৬ সালেই দুই দেশের মধ্যে ট্রানজিট চুক্তি সই হয়েছিল। কিন্তু রূপরেখা চূড়ান্ত না হওয়ায় চুক্তিটি শেষ পর্যন্ত কার্যকর হয়নি। এবারের বাণিজ্যসচিব পর্যায়ের দুই দিনের বৈঠকে এটি চূড়ান্ত হয়েছে। সচিব জানান, দুই দেশের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের অনুমোদনের পর চুক্তিটি খুব শিগগিরই কার্যকর হবে। আগামী বছরের ফেব্রুয়ারি কিংবা মার্চে কাঠমান্ডুতে বাণিজ্যসচিব পর্যায়ের চতুর্থ বৈঠকের আগে এটি সই হতে পারে।মংলা বন্দর থেকে বাংলাদেশের ভূখণ্ডের মধ্য দিয়ে নেপালে পণ্য পরিবহনের সড়ক পথটি হবে বাংলাবান্ধা-পঞ্চগড়-ঠাকুরগাঁও-সৈয়দপুর-রংপুর-বগুড়া-নাটোর-দাসুরিয়া-পাকশী-কুষ্টিয়া-ঝিনাইদহ-যশোর-খুলনা-মংলা— এই রুটে।সচিব মো. গোলাম হোসেন জানান, ১৯৭৬ সালের চুক্তি অনুযায়ী নেপাল থেকে পণ্য আনা-নেওয়ার ক্ষেত্রে কোনো ট্রানজিট ফি পাবে না বাংলাদেশ।এক প্রশ্নের উত্তরে সচিব বলেন, ‘নেপাল ও বাংলাদেশ উভয়ের ট্রাক পণ্য আনা-নেওয়ার কাজ করবে বলে কর্মকর্তারা সিদ্ধান্ত নিয়েছেন। ভারতের ভূখণ্ড ব্যবহার করে নেপালের ট্রাকের বাংলাদেশে প্রবেশে কোনো বাধা নেই। বাংলাদেশের ট্রাকও যাতে ভারতে প্রবেশ করতে পারে সে ব্যাপারে আমরা ভারতের সঙ্গে আলোচনা করছি।’নেপাল ট্রানজিটের ফি না দিলে বাংলাদেশের লাভটা কোথায়—এ প্রশ্নের উত্তরে নেপালের বাণিজ্যসচিব পুরুষোত্তম ওঝা বলেন, ‘বাংলাদেশ আমাদের ট্রানজিট দেওয়ার মাধ্যমে বন্দর ব্যবহার ও পণ্য পরিবহনের বিভিন্ন ফি থেকে আয় করবে।’ নেপালি সচিব জানান, দুই দেশের ২০০৫ সালের এক সিদ্ধান্ত অনুযায়ী মংলা ও চট্টগ্রাম বন্দর ব্যবহারের জন্য নেপালের সারচার্জ ৫০ ভাগ কমানো হয়েছে। নেপাল কেন মংলা বন্দরকে অগ্রাধিকার দিচ্ছে—জানতে চাইলে পুরুষোত্তম ওঝা বলেন, ‘ভৌগোলিক অবস্থানের কারণে মংলা বন্দর আমাদের জন্য আর্থিকভাবে লাভজনক বলে আমরা প্রথমে এটিকে বেছে নিচ্ছি। যদি আমাদের চাহিদা শুধু এ বন্দরটি মেটাতে না পারে, সে ক্ষেত্রে চট্টগ্রাম বন্দর ব্যবহারের কথা বিবেচনা করব।’মো. গোলাম হোসেন জানান, দুই দেশের মধ্যে সরাসরি বাস চলাচল, বাণিজ্যবৈষম্য কমাতে বাংলাদেশ থেকে নেপালের আমদানি বাড়ানো, শুল্ক হার কমানো—এসব বিষয় তাদের বৈঠকে প্রাধান্য পেয়েছে।