পরিবহন পুলের চার গাড়ি অনুমতি ছাড়া বিক্রির অভিযোগ
চট্টগ্রাম সিটি করপোরেশনের পরিবহন পুলের চারটি গাড়ি কর্তৃপক্ষের অনুমতি না নিয়ে বিক্রি করে দেওয়া হয়েছে বলে অভিযোগ উঠেছে। সিটি করপোরেশনের ১৭ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর এ কে এম জাফরুল ইসলাম সাধারণ সভায় এ অভিযোগ তোলেন।
গতকাল সোমবার করপোরেশনের মিলনায়তনে অনুষ্ঠিত এ সভায় সভাপতিত্ব করেন মেয়র মন্জুর আলম। এতে করপোরেশনের কাউন্সিলর ও ঊর্ধ্বতন কর্মকর্তারা অংশ নেন। ওয়ার্ড কাউন্সিলর এ কে এম জাফরুল ইসলাম প্রথম আলোকে বলেন, ‘করপোরেশনের চারটি গাড়ি দীর্ঘদিন ধরে পরিবহন পুলে নেই। এগুলো যান্ত্রিক শাখার কয়েকজন প্রকৌশলী পরস্পরের যোগসাজশে ওয়ার্কশপ মালিকদের কাছে বিক্রি করে দিয়েছেন বলে শুনেছি। ওয়ার্কশপ মালিকদের একজন আমার কাছে বিষয়টি স্বীকারও করেছেন।’
এ কে এম জাফরুল ইসলাম বিষয়টি তদন্তের জন্য মেয়রের হস্তক্ষেপ কামনা করেন বলে সভা সূত্র জানায়। তিনি করপোরেশনের আগামী সাধারণ সভায় গাড়িগুলোর প্রতিবেদন জমা দিতে অনুরোধ করেন।
করপোরেশনের যান্ত্রিক শাখার সহকারী প্রকৌশলী সুদীপ বসাক গাড়ি বিক্রির বিষয়টি অস্বীকার করে দাবি করেন, কাউন্সিলর মহোদয় যে গাড়িগুলো নিয়ে অভিযোগ তুলেছেন, তার মধ্যে দুটি গাড়ি করপোরেশনের দামপাড়া স্টেশনে এবং দুটি সংস্কারের জন্য ওয়ার্কশপে রাখা হয়েছে।
সুদীপ বসাক বলেন, ‘ব্যক্তিগতভাবে আক্রমণ করার জন্য কাউন্সিলর মহোদয়কে কেউ হয়তো ইন্ধন দিয়েছেন।’ করপোরেশনের যান্ত্রিক শাখার নির্বাহী প্রকৌশলী শামসুল হুদা ছিদ্দিকী বলেন, সাধারণ সভায় কাউন্সিলর মহোদয় পরিবহন পুলে গাড়ি না থাকার বিষয়টি উত্থাপন করেছেন।